কোরিয়ার কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির লজ্জাকর বিদায়
-
৮০ বছর পর লজ্জায় এভাবে মুখ ঢাকতে হলো জার্মান খেলোয়াড়দের
রাশিয়া বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে লজ্জাজনকভাবে বিদায় নিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ৮০ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরুতে পারল না জার্মানরা। এর আগে ১৯৩৮ সালে ফ্রান্স বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল দেশটি।
কাজান এরেনায় শুরুতেই দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণে ত্রাস ছড়ায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জার্মানি। প্রথম সুযোগ পায় ৬ মিনিটে। দারুণ এক শট নেন মার্কো রেউস। তবে তা বারের পাশ দিয়ে চলে যায়। ১৪ মিনিটে টনি ক্রুসের দারুণ এক ক্রসে অসাধারণ হেড নেন স্যামি খেদিরা। কিন্তু বল চলে যায় পোস্ট ঘেঁষে।
কাউন্টার অ্যাটাকে ১৯ মিনিটে প্রথম সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। ফ্রি কিক থেকে দুর্দান্ত শট নেন জাং উ ইয়ং। প্রথম দফায় তা রুখতে পারেননি গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার, হাত থেকে ফসকে যায় বল। তা থেকে ফিরতি শট নেন সন হিউং মিন। এবার লুফে নেন স্পাইডারম্যান। পরক্ষণেই কর্নার কিক থেকে ভেসে আসা বলে বজ্রগতির শট নেন সন হিউং। তবে তা গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। তবে গোলমুখ খুলতে পারেনি কেউ। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে পড়ে জার্মানি। ঘন ঘন আক্রমণে উঠেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ পায় দক্ষিণ কোরিয়ায়ও। তবে বেশিরভাগ সুযোগ পেয়েছেন জার্মানরা। কিন্তু ভালো ফিনিশারের অভাবে গোল পাননি তারা। পাল্টা আক্রমণে বেশ ক’টি সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। তবে একই সমস্যার কারণে ৯০ মিনিট পর্যন্ত গোল পাননি কোরিয়ানরাও। এতে খেলা গোলশূন্য ড্রতে শেষ হবে বলে মনে হচ্ছিল। তবে নাটকের তখনো ঢের বাকি ছিল। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জার্মানির জালে বল জড়ান কিম ইয়ং গুন। এতে রাশিয়া বিশ্বকাপ থেকে মেসুত ওজিলদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। পরক্ষণেই ঠিকানায় বল পাঠিয়ে তাদের সলিলসমাধি ঘটান সন হিউং–মিন।
অবশ্য এবারের আসরে জার্মানির শুরুটা হয়েছিল মেক্সিকোর কাছে ১-০ গোলে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে সুইডেনকে হারালেও এদিন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পেরে ওঠেনি। তাই তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে তৃতীয় হয়েই আসর থেকে বিদায় নিল তারা। তবে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এই জয়টা নিঃসন্দেহে তাদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা।
এদিকে, একই গ্রুপের অন্য খেলায় মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে সুইডেন। গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোল নিশ্চিত হয়েছে মেক্সিকোরও। দু'দলই ৬ পয়েন্ট করে সংগ্রহ করতে পারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সুইডেন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭