রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চায় আসিয়ান
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান বলেছে, তারা মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তবে রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি বলে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসিয়ানের শীর্ষ সম্মেলনের সমাপনী বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আজ সেখান থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর এক প্রতিবেদনে বলেছে, তালিকাভুক্ত দেড়শ রোহিঙ্গা শরণার্থীর কেউই নিজ দেশে ফিরে যেতে চান না।
এবারের আসিয়ান সম্মেলনে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্তকরণ এবং চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে ফেলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।
সিঙ্গাপুরে আসিয়ানের ৩৩তম শীর্ষ সম্মেলন আজ শেষ হয়েছে। আসিয়ানের দশটি সদস্য দেশ হচ্ছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ব্রুনেই, মিয়ানমার, কম্বোডিয়া, লাউস, ভিয়েতনাম ও থাইল্যান্ড।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫