সিরিয়ায় সামরিক অভিযান থেকে বিরত থাকুন: তুরস্ককে ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i66611-সিরিয়ায়_সামরিক_অভিযান_থেকে_বিরত_থাকুন_তুরস্ককে_ইউরোপ
সিরিয়ায় একক কোনো সামরিক পদক্ষেপ নেয়া থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করার যে ঘোষণা আঙ্কারা দিয়েছে তা ব্রাসেলসে উদ্বেগ তৈরি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ০৪:০৫ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

সিরিয়ায় একক কোনো সামরিক পদক্ষেপ নেয়া থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করার যে ঘোষণা আঙ্কারা দিয়েছে তা ব্রাসেলসে উদ্বেগ তৈরি করেছে।

এ ধরনের একতরফা অভিযান সিরিয়ার পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মোগেরিনি শনিবার এক বিবৃতিতে বলেন, “সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের খবর উদ্বেগজনক।” এ ধরনের অভিযানে সিরিয়ায় মোতায়েন পশ্চিমা সন্ত্রাস বিরোধী জোটের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

মোগেরিনি বলেন, সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদের অবসান ঘটানোর জন্য পাশ্চাত্য যে চেষ্টা চালাচ্ছে তুরস্কের উচিত তাতে সহযোগিতা করা।

রজব তাইয়্যেব এরদোগান

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেন, তার দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অচিরেই সামরিক অভিযান শুরু করবে। ওয়াইপিজি’র প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে।  মার্কিন সরকার এরদোগানের ওই ঘোষণার নিন্দা জানানোর পর ইউরোপের পক্ষ থেকে সম্ভাব্য ওই অভিযান না চালানোর জন্য আহ্বান জানানো হলো। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬