রাখাইনে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহতের দাবি
-
মিয়ানমারের পুলিশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত নয় পুলিশ সদস্য নিহত হয়েছে। মিয়ানমারের পুলিশ প্রশাসন আজ (রোববার) একথা জানিয়েছে।
জাতিগত ও ধর্মীয় সংঘাতে বিপর্যস্ত রাখাইনের রাজধানী সিত্তের উত্তরে যোয়েতায়োকে গ্রামে গতকাল এই হামলা হয়। এক শীর্ষ পর্যায়েরা পুলিশ কর্মকর্তা বলেন, “হামলায় আমাদের নয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন এবং নিখোঁজ রয়েছেন একজন।” তবে এদের কারোরই নাম বলতে পারেন নি তিনি। কোনো গোষ্ঠী এই হামলা দায়িত্ব স্বীকার করে নি।
২০১৭ সালের আগস্টে এ ধরনের এক হামলার অভিযোগ তুলে সেখানকার মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের নির্মূল অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। নৃশংস ওই অভিযানে হাজারো রোহিঙ্গাকে যেমন হত্যা করা হয়, তেমনি শত শত কিশোরী-গৃহবধূকে ধর্ষণ করা হয়। এই বর্বরোচিত অভিযানের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এই অভিযান চালানোয় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তোলেন জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা।#
পার্সটুডে/এসআইবি/১০