আমেরিকার হুঁশিয়ারির জবাবে আল্টিমেটাম দিল তুরস্ক
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার পরিকল্পনা বাতিল না করলে তুরস্কের ন্যাটো সদস্যপদ ঝুঁকির মুখে পড়বে বলে ওয়াশিংটন যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তার কঠোর জবাব দিয়েছে আঙ্কারা।
তুর্কি সরকার বলেছে, আমেরিকাকে বরং তুরস্ক অথবা সন্ত্রাসবাদের মধ্য থেকে যেকোনো একটিকে মিত্র হিসেবে বেছে নিতে হবে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই তার মার্কিন সমকক্ষ মাইক পেন্সের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে এই আল্টিমেটাম দেন।
পেন্স বুধবার ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বলেন, তুরস্ককে এস-৪০০ অথবা ন্যাটোর সদস্যপদের মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে হবে।
পেন্সের ওই বক্তব্য প্রকাশিত হওয়ার পরপরই তুর্কি ভাইস প্রেসিডেন্ট ওকতাই এক টুইটার বার্তায় বলেন, কাউকে যদি বেছে নিতে হয় তবে সে আমেরিকা; তুরস্ক নয়। তিনি বলেন, আমেরিকা কি তুরস্কের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় নাকি সন্ত্রাসীদের সঙ্গে জোট বেধে ন্যাটো জোটের নিরাপত্তা বিপন্ন করতে চায়?
ওকতাই দৃশ্যত সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় কুর্দি বিদ্রোহীদের প্রতি ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে ওই বক্তব্য দেন। আঙ্কারা ওই কুর্দি গোষ্ঠীকে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র অঙ্গ সংগঠন বলে মনে করে। কিন্তু মার্কিন সরকার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার লক্ষ্যে এক সময় কুর্দি সশস্ত্র গোষ্ঠীটিকে সমর্থন দেয়া শুরু করেছিল যা এখনো অব্যাহত রয়েছে।
২০১৬ সাল থেকে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে অনুপ্রবেশ করে কুর্দি ওই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দু’বার সামরিক অভিযান চালিয়েছে। আঙ্কারা সতর্ক করে দিয়ে বলেছে, কুর্দি বিদ্রোহীরা ফোরাত নদীর পূর্ব তীর ত্যাগ না করলে সিরিয়ার ভেতর তৃতীয় অভিযান চালানো হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৪