ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির স্বপ্ন টিকিয়ে রাখল শ্রীলঙ্কা
https://parstoday.ir/bn/news/world-i71649-ওয়েস্ট_ইন্ডিজকে_হারিয়ে_সেমির_স্বপ্ন_টিকিয়ে_রাখল_শ্রীলঙ্কা
ক্রিকেট বিশ্বকাপের ৩৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। চলতি আসরে ৮ ম্যাচ খেলা শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে উঠে গেল টেবিলের ছয়ে। আর সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক জয়ে উইন্ডিজের অবস্থান নয় নম্বরে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০১, ২০১৯ ২০:৪৮ Asia/Dhaka
  • গেইল আউট হওয়ার পর মালিঙ্গার মুখে হাসি
    গেইল আউট হওয়ার পর মালিঙ্গার মুখে হাসি

ক্রিকেট বিশ্বকাপের ৩৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। চলতি আসরে ৮ ম্যাচ খেলা শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে উঠে গেল টেবিলের ছয়ে। আর সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক জয়ে উইন্ডিজের অবস্থান নয় নম্বরে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে লঙ্কানরা। জবাবে, ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে ক্যারিবীয়ানরা।

উইন্ডিজ ওপেনার সুনীল অ্যামব্রিস ৫, তিন নম্বরে নামা শাই হোপ ৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ক্রিস গেইল ৪৮ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ৩৫ রান। শিমরন হেটমায়ার ২৯ রান করে সাজঘরে ফেরেন। দলপতি জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২৬ রান। কার্লোস ব্রাথওয়েট (৮) খুব বেশিদূর যেতে পারেননি।

১৯৯ রানের মাথায় টপঅর্ডারের ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়ানরা। সেখান থেকে দলকে টানতে থাকেন নিকোলাস পুরান এবং ফ্যাবিয়ান অ্যালেন। এই জুটিতে আসে ৮৩ রান। অ্যালেন ফেরেন ক্যারিবীয়ানদের তৃতীয় রানআউট হয়ে। তার আগে ৩২ বলে সাতটি চার আর একটি ছক্কায় করেন ৫১ রান। ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথমবার বোলিংয়ে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজের প্রথম বলেই বিদায় করেন সেঞ্চুরিয়ান পুরানকে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ১০৩ বলে ১১৮ রান। তার ইনিংসে ছিল ১১টি চার আর চারটি ছক্কার মার। ওশানে থমাস, শেল্ডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েলরা জেতাতে পারেননি দলকে।

লাসিথ মালিঙ্গা ১০ ওভারে ৫৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। কাসুন রাজিথা, জেফরি ভান্ডারসে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস একটি করে উইকেট পান।

শ্রীলঙ্কার জন্য বিপজ্জনক হয়ে পড়া পুরানকে বিদায় করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের উল্লাস   

এর আগে, ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল পেরেরা ও অধিনায়ক দিমুথ কারুনারাত্নের দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় দলটি। ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে ৯৩ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। এরপর অবশ্য দ্রুত দুই ওপেনারকে হারিয়ে ম্যাচে ফেরে ক্যারিবিয়ানরা। ৫১ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন কুশল পেরেরা। কারুনারাত্নের ব্যাট থেকে আসে ৩২ রান।

তৃতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে দলের হাল ধরেন আভিস্কা ফের্নান্ডো। গড়েন ৮৫ রানের আরও একটি দারুণ জুটি। ফ্যাবিয়েন অ্যালেনের দুর্দান্ত এক ক্যাচে মেন্ডিস ফিরলে ভাঙে এ জুটি। ব্যক্তিগত ৩৯ রানে বিদায় নেন মেন্ডিস। এরপর উইকেট আসেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। চতুর্থ উইকেটে ৫৮ রান যোগ করেন ফের্নান্ডোর সঙ্গে।

এ জুটি ভাঙার পর থিরিমান্নেকে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েছেন ফের্নান্ডো। স্কোর বোর্ডে ৬৭ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৮ রান করে শ্রীলঙ্কা। ৩৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন থিরিমান্নে।

প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন লঙ্কান ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো

তবে শ্রীলঙ্কার ইনিংসের মূল ভিত্তি গড়েছেন ১৯ বছর বয়সী আভিস্কা ফের্নান্ডো। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। রানের গতি সচল রেখে শুরু থেকেই দারুণ ব্যাট করে দলের পক্ষে সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ১০৩ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন এ তরুণ।

উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। ফ্যাবিয়েন অ্যালেন, শেল্ডন কটরেল এবং ওশানে থমাস একটি করে উইকেট পান।

১০৩ বলে ১০৪ রানের দারুণ একটি ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন লঙ্কান ডানহাতি ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো।

সেমি-ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয় পেতে হবে শ্রীলঙ্কাকে। পাশাপাশি ইংল্যান্ড ও পাকিস্তানকে হারতে হবে নিজেদের শেষ ম্যাচ। তবে ইংলিশদের হারতে হবে বড় ব্যবধানে। সঙ্গে ভারতের বিপক্ষে হারতে হবে বাংলাদেশকেও।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১