বাশার আসাদকে পুতিনের বার্তা: ‘সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত থাকবে’
https://parstoday.ir/bn/news/world-i72146-বাশার_আসাদকে_পুতিনের_বার্তা_সিরিয়ার_প্রতি_সমর্থন_অব্যাহত_থাকবে’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় মস্কোর পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল (রোববার) দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ সমর্থন জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৯ ০২:৫২ Asia/Dhaka
  • বাশার আসাদ- ভ্লাদিমির পুতিন
    বাশার আসাদ- ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় মস্কোর পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল (রোববার) দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ সমর্থন জানান।

প্রেসিডেন্ট পুতিন তার বার্তায় বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। পুতিন বলেন, উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে এবং দামেস্ক-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় এ নিশ্চয়তা দেন যে, দু’দেশের যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন হবে এবং সেদেশের জনগণ আবার সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী (ফাইল ছবি)

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে পাশ্চাত্যের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সহিংসতা শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ায় দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। প্রায় সাত বছরের যুদ্ধের পর সিরিয়ার সেনাবাহিনী ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। তবে এখনো সিরিয়ার কোনো কোনো এলাকা জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২২