আমেরিকার দোরগোড়ায় পরমাণু বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i72809-আমেরিকার_দোরগোড়ায়_পরমাণু_বোমারু_বিমান_পাঠিয়েছে_রাশিয়া
আমেরিকার অনেকটা দোরগোড়ায় দুটি টিইউ-১৬০ পরমাণু বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার সর্বপূবের চুকটোকা অঞ্চলের সামরিক ঘাঁটিতে বিমান দুটি পাঠানো হয়েছে। চুকটোকা থেকে বেরিং প্রণালী পার হলেই আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্য অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৯ ০৫:৫৮ Asia/Dhaka
  • টিইউ-১৬০ পরমাণু বোমারু বিমান
    টিইউ-১৬০ পরমাণু বোমারু বিমান

আমেরিকার অনেকটা দোরগোড়ায় দুটি টিইউ-১৬০ পরমাণু বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার সর্বপূবের চুকটোকা অঞ্চলের সামরিক ঘাঁটিতে বিমান দুটি পাঠানো হয়েছে। চুকটোকা থেকে বেরিং প্রণালী পার হলেই আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্য অবস্থিত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, সোভিয়েত আমলে নির্মিত বোমারু বিমান দুটি আট ঘণ্টায় ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুকটোকা অঞ্চলের সারাটোভ শহরের আনাদির ঘাঁটিতে পৌঁছায়। সেখানে সামরিক মহড়ায় অংশ নেবে বিমান দুটি। মহড়া চলবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত।

রুশ টিইউ-১৬০ বিমান

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অপারেশনাল এয়ারফিল্ডে সামরিক সরঞ্জাম স্থানান্তরের অংশ হিসেবে টিইউ-১৬০ বিমানের ফ্লাইট পরিচালনা করা হয়েছে। টিইউ-১৬০ কৌশলগত বোমারু বিমান হচ্ছে সুপারসনিক বিমান যা ১২টি স্বল্প পাল্লার পরমাণু বোমা বহন করতে এবং কোনো বিরতি ছাড়াই ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় রাশিয়া কয়েকবার এই বিমান ব্যবহার করেছে। সাম্প্রতিককালে রাশিয়া টিইউ-১৬০ বিমানের সংস্কার করেছে যার ফলে আগের চেয়ে এ বিমান এখন আরো বেশি কার্যকর ও ক্ষমতাধর হয়ে উঠেছে।#          

পার্সটুডে/এসআইবি/১৫