লক্ষ্য আফগান যুদ্ধ অবসান: তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু
-
দোহায় তালেবান প্রতিনিধিদল
দীর্ঘদিনের আফগান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়ার তিন মাস পর নতুন করে আলোচনা শুরু হলো।
আমেরিকার একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় গতকাল (শনিবার) তালেবানের সঙ্গে আলোচনা শুরু করে ওয়াশিংটন। ওই সূত্র জানিয়েছে, আলোচনার মূল বিষয় থাকবে আফগানিস্তানে সহিংসতা কমানো এবং আন্তঃআফগান সংলাপ ও যুদ্ধবিরতি।
এর আগে গত বুধবার আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি জালমায় খালিলজাদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে আলোচনা করেন এবং গত ২৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে আফগানিস্তানে মার্কিন সেনাদের সঙ্গে যে আলোচনা করেছেন সে বিষয়ে অবহিত করেন।
দীর্ঘদিনের আলোচনা শেষে গত সেপ্টেম্বর মাসে আমেরিকা ও তালেবান একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছিল যার অধীনে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। ওই চুক্তি সই করলে দুই দশকের আফগান যুদ্ধের অবসান হতো বলে মনে করা হয়। এতে আফগান সরকার এবং তালেবানের মধ্যে সরাসরি আলোচনারও পথ খুলে যেত বলে আশা করা হচ্ছিল। তালেবান আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকার করে না।#
পার্সটুডে/এসআইবি/৮