করোনাভাইরাসে আক্রান্ত চীনের সব অঞ্চল, মৃত্যু বেড়ে ১৭০
https://parstoday.ir/bn/news/world-i77056-করোনাভাইরাসে_আক্রান্ত_চীনের_সব_অঞ্চল_মৃত্যু_বেড়ে_১৭০
চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একদিনেই ১৩২ থেকে বেড়ে ১৭০-এ দাঁড়িয়েছে। নতুন করে দুই হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, ইতোমধ্যেই করোনাভাইরাস চীনের সর্বত্র ছড়িয়ে পড়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ০৮:২৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস আক্রান্তদের পাশে চীনের স্বাস্থ্যকমীরা
    করোনাভাইরাস আক্রান্তদের পাশে চীনের স্বাস্থ্যকমীরা

চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একদিনেই ১৩২ থেকে বেড়ে ১৭০-এ দাঁড়িয়েছে। নতুন করে দুই হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, ইতোমধ্যেই করোনাভাইরাস চীনের সর্বত্র ছড়িয়ে পড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী- কেবল চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৭১ জনে। আক্রান্তদের মধ্যে সাড়ে চার হাজার মানুষই হুবেই প্রদেশের। ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৯ জায়গায় অন্তত ৯১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

উদ্ভুত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হেলথ ইমার্জেন্সি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেছেন, পুরো বিশ্বের এখন সতর্ক হওয়া দরকার, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হওয়া দরকার।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চীনে বসন্ত উৎসবে সরকারি ছুটি বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগে ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকলেও এখন তা বাড়িয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহানের অধিবাসীদের শহর না ছাড়তে বলা হয়েছে। এছাড়াও, চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের ১৫ শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের আতঙ্কে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ, ভারত, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশ। এসব দেশের বিমানবন্দরে চীন থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ইতোমধ্যে চীন থেকে নিজেদের নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।