ল্যাবরেটরিতে করোনাভাইরাস তৈরির মার্কিন অভিযোগ নাকচ করল চীন
https://parstoday.ir/bn/news/world-i79139-ল্যাবরেটরিতে_করোনাভাইরাস_তৈরির_মার্কিন_অভিযোগ_নাকচ_করল_চীন
চীন গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস তৈরি করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাইক পম্পেও এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই বলেছেন, চীনের উহান শহরের একটি গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ তৈরি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২০ ০৮:০৬ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান

চীন গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস তৈরি করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাইক পম্পেও এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই বলেছেন, চীনের উহান শহরের একটি গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ তৈরি করা হয়েছে।

এ সম্পর্কে গতকাল বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, মার্কিন অভিযোগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও কয়েকবার বলেছে যে, ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরির কোনো প্রমাণ নেই। এছাড়া, বিশ্বের বহু প্রখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ মার্কিন এই কথিত দাবির ভিত্তি নেই বলে বিশ্বাস করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঝাও লিজিয়ান বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপারে চীনের অবস্থান সবসময় সুস্পষ্ট এবং সেটি হচ্ছে- চীন মনে করে করোনাভাইরাসের বিষয়টি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক বিষয় এবং এটি বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণার মাধ্যমে নির্ধারিত হতে হবে।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উহানের ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরি হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আমেরিকা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের সময় বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে কী নিয়ে আলোচনা করেছি তা আমি বলব না। সে বিষয়টি এখানে আলোচনা করা ঠিক হবে না।”#

পার্সটুডে/এসআইবি/১৭