এবার করোনা মোকাবেলার সরঞ্জাম নিয়ে ভেনিজুয়েলায় নামল ইরানি বিমান
https://parstoday.ir/bn/news/world-i80553-এবার_করোনা_মোকাবেলার_সরঞ্জাম_নিয়ে_ভেনিজুয়েলায়_নামল_ইরানি_বিমান
পাঁচটি তেল ট্যাংকারে করে জ্বালানি পাঠানোর পর এবার বিমানযোগে করোনাভাইরাস মোকাবেলার নানা সরঞ্জাম ভেনিজুয়েলায় পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০২০ ১২:১০ Asia/Dhaka

পাঁচটি তেল ট্যাংকারে করে জ্বালানি পাঠানোর পর এবার বিমানযোগে করোনাভাইরাস মোকাবেলার নানা সরঞ্জাম ভেনিজুয়েলায় পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরানের একটি বিমান ভেনিজুয়েলার  রাজধানী কারাকাসের সিমন বলিভার বিমান বন্দরে অবতরণ করেছে। এই বিমানে করে নেওয়া হয়েছে করোনা শনাক্তকরণ কিটসহ তা মোকাবেলার বিভিন্ন সরঞ্জাম।মানবিক সাহায্য বহনকারী এই বিমানকে স্বাগত জানাতে দেশটির পরিকল্পনামন্ত্রী রিকার্ডো মানান্দেজ নিজে বিমানবন্দরে হাজির হয়েছিলেন। 

ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় ভেনিজুয়েলাকে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে করোনা মোকাবেলায় দেশটির সামর্থ্য বেড়েছে বলে তিনি জানান।

ইরান মার্কিন হুমকি উপেক্ষা করে সম্প্রতি পাঁচটি জাহাজে করে পেট্রোলসহ বিভিন্ন তেলজাত পণ্য ভেনিজুয়েলায় পাঠিয়েছে। এতে প্রায় ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল পণ্য ছিল। তেলসমৃদ্ধ দেশ হলেও ভেনিজুয়েলা বর্তমানে নানা সংকটের কারণে প্রচণ্ড রকমের জ্বালানির অভাবে ভুগছে।

এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পক্ষ থেকে পাঁচটি জাহাজে পেট্রোলসহ বিভিন্ন ধরণের জ্বালানি পাঠানো ভেনিজুয়েলার জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এজন্য আমেরিকা বিশেষভাবে ক্ষুব্ধ হলেও ভেনিজুয়েলার সরকার ও জনগণ ইরানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইরানের পক্ষ থেকে তেলবাহী ট্যাংকার পাঠানোর পর আমেরিকা এসব ট্যাংকার আটক করার হুমকি দিয়েছিল। ইরান এবং ভেনিজুয়েলা পাল্টা হুমকি দেয়ার পর আমেরিকা পিছু হটে। তেল ট্যাংকারগুলো জ্বালানি খালাস (আনলোড) করার পর এখন ইরানের পথে রয়েছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।