ভারতের বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপের আহ্বান জানাল পাক সংসদীয় প্যানেল
https://parstoday.ir/bn/news/world-i8101-ভারতের_বিরুদ্ধে_কঠোর’_পদক্ষেপের_আহ্বান_জানাল_পাক_সংসদীয়_প্যানেল
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ভারতের বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির একটি সংসদীয় প্যানেল। পাকিস্তানের বিভিন্ন অংশ ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’এর কথিত উত্তেজনা উস্কে দেয়ার বিরুদ্ধে কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে কঠোর এ পদক্ষেপের আহ্বান জানানো হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ০৭:৫২ Asia/Dhaka
  • ভারতের বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপের আহ্বান জানাল পাক সংসদীয় প্যানেল

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ভারতের বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির একটি সংসদীয় প্যানেল। পাকিস্তানের বিভিন্ন অংশ ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’এর কথিত উত্তেজনা উস্কে দেয়ার বিরুদ্ধে কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে কঠোর এ পদক্ষেপের আহ্বান জানানো হয়।

এ আহ্বান জানিয়েছেন পাক সিনেটের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধান সিনেটের রেহমান মালিক। নওয়াজের কাছে লেখা একটি চিঠিতে এ আহ্বান জানান তিনি। চিঠিতে বেলুচিস্তান, উপজাতীয় এলাকাসহ পাকিস্তানের অন্যান্য স্থানে ‘র’এর কথিত আগ্রাসন, হস্তক্ষেপ এবং নিরীহ মানুষ হত্যার বিষয়গুলো তুলে ধরা হয়।

এ ছাড়া ভারতের পাকিস্তান বিরোধী কথিত তৎপরতা বিশ্ব সমাজের কাছে তুলে ধরতে একটি কমিটি গঠনের পরামর্শ নওয়াজকে দেয়া হয়েছে চিঠিতে। বলা হয়েছে, এ কমিটি গঠনে পাকিস্তানে আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া পাকিস্তান বিরোধী ভারতীয় কথিত তৎপরতা আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিজে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার পরামর্শ দেন রেহমান মালিক।#

মূসা রেজা/৩০