পাইলটের ঘাতকদের ফাঁসি দিন: তুরস্ককে রাশিয়া
সিরিয়ার আকাশসীমা থেকে গত নভেম্বর মাসে ভূপাতিত হওয়া রাশিয়ার একটি বোমারু বিমানের পাইলট হত্যার সঙ্গে জড়িতদের সবাইকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড দিতে তুরস্কের কাছে দাবি জানিয়েছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (শুক্রবার) নতুন করে এ দাবি জানিয়েছেন। রুশ পাইলট হত্যার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন আলপারসালান সেলিককে তুর্কি কর্তৃপক্ষ সমস্ত দায় থেকে অব্যাহতি দেয়ার পর জাকারোভা এ দাবি জানালেন। সেলিকের বিরুদ্ধে কোনো অভিযোগ না আনায় গভীর উদ্বোগ প্রকাশ করেন তিনি। এর আগে তুরস্কের একটি রেস্টুরেন্ট থেকে সেলিক ও তার ১৩ সঙ্গীকে রুশ পাইলট হত্যার অভিযোগে আটক করা হয়।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে জাকারোভা বলেন, “রুশ পাইলট লেফটেন্যান্ট কর্নেল ওলেগ পেশকভের হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে তুর্কি সরকারকে।” তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষের বর্তমান অবস্থান অত্যন্ত চিন্তার বিষয় এবং এর ফলে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।
গত বছরের ২৪ নভেম্বর রাশিয়ার একটি সুখোই এসইউ-২৪ বোমারু বিমানকে ভূপাতিত করে তুরস্কের সামরিক বাহিনী। বিমানের একজন পাইলট জীবনে বাঁচলেও আরেকজনকে তুরস্কের উগ্র জাতীয়তাবাদীরা হত্যা করে। এ নিয়ে তখন রাশিয়া ও তুরস্কের মধ্যে যুদ্ধাবস্থা দেখা দিয়েছিল এবং জবাবে প্রাথমিকভাবে আংকারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।#
সিরাজুল ইসলাম/১৩