ওমিক্রনই শেষ নয়!
ওমিক্রনই শেষ নয়,আসতে পারে আরও ভয়ংকর ভ্যারিয়েন্ট!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন, অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়োগ-প্রথম আলো
- ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল শাবি, ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের-মানবজমিন
- যে কারণে বিপুল ভোটে জয়ী আইভী-ইত্তেফাক
- কৃষকের ১০ হাজার তরমুজগাছ উপড়ে ফেললেন পাউবো প্রকৌশলী!-যুগান্তর
- গণপরিবহনে স্বাস্থ্যবিধির বালাই নেই-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ওমিক্রনই শেষ নয়, ভোল বদলে আসতে পারে আরও ভয়ংকর ভ্যারিয়েন্ট, আশঙ্কা বিজ্ঞানীদের-সংবাদ প্রতিদিন
- পিছিয়ে গেল পঞ্জাবের নির্বাচন, ১৪ বদলে ২০ ফেব্রুয়ারি ভোট, ঘোষণা কমিশনের--আনন্দবাজার পত্রিকা
- ভোটের মুখে বিজেপি থেকে বহিষ্কৃত উত্তরাখণ্ডের মন্ত্রী, আজই কংগ্রেসে ফেরার সম্ভাবনা-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
যে কারণে বিপুল ভোটে জয়ী আইভী, আর তৈমুর বললেন ইভিএমের কারচুপির জন্য হারতে হয়েছে- ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছেনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। আইভীর অনুসারীরা বলছেন, নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছ থেকে জোরালো ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাছাড়া সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য আইভীকে ভোট দিয়েছে। এ কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেছেন, সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন তিনি।
নির্বাচনে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ও স্লো ছিল। অনেক লোক ভোট দিতে পারেনি। ইভিএমের কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।
এদিকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র ও অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী, নারায়ণগঞ্জ সিটিতে তাদের বিপর্যয় ঘটেছে।ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএম-এ ভোট দেওয়া এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল, তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলছে।
ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন, অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়োগ-প্রথম আলো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার নিয়োগের জন্য আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইনের খসড়ায় অনুসন্ধান (সার্চ) কমিটির মাধ্যমে সিইসি ও কমিশনার নিয়োগের কথা বলা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল শাবি, ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন জানান, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মদতে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করেছে, তাই তার পদত্যাগ চাই। এছাড়া প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগও দাবি করেন।এদিকে রোববার পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মর্মান্তিক খবর: কৃষকের ১০ হাজার তরমুজগাছ উপড়ে ফেললেন পাউবো প্রকৌশলী!-যুগান্তরে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, পটুয়াখালীর কুয়াকাটায় দেলোয়ার খলিফা নামে এক কৃষকের ১০ হাজার তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী মনিরুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে।
রোববার দুপুরে কুয়াকাটা পৌরসভার পশ্চিম ধুলাসার গ্রামে ওই চাষির প্রায় ১৫ হাজার তরমুজগাছের মধ্যে ১০ হাজার গাছ উপড়ে ফেলা হয়।
কৃষক দেলোয়ার যুগান্তরকে জানান, গত কয়েক বছর ধরে তিনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে বিভিন্ন সবজি চাষ করে আসছে। এখানে বন বিভাগের ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনুমতি নিয়ে গত দুই মাস আগে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে তরমুজের চাষ শুরু করেন। শুরুতে বন বিভাগের স্থানীয় বিট অফিসার মোশাররফকে ১০ হাজার টাকাও দিয়েছেন। তারা প্রতিদিন সেখানে গিয়ে চাষের খোঁজখবরও নিতেন।
কৃষকের অভিযোগ, রোববার হঠাৎ কুয়াকাটা পাউবোর প্রকৌশলী মনির এবং তার সহযোগী সার্ভেয়ার হাসানসহ ৬-৭ জন এসে তার প্রায় ১০ হাজার গাছ একযোগে উপড়ে ফেলেন।
কৃষক দেলোয়ার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মুই হ্যাগো আতপাও ধইরা অনেক কানছি, কিন্তু হ্যারা আমার কোনো কতাই হোনে নাই। আমারে একটা মাস সময় দিলেই এই সর্বনাশটা মোর অইতে না। আমি এইয়ার বিচার চাই।’
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
পিছিয়ে গেল পঞ্জাবের নির্বাচন, ১৪ বদলে ২০ ফেব্রুয়ারি ভোট, ঘোষণা কমিশনের-আনন্দবাজার পত্রিকা
পঞ্জাবের বিধানসভা ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ফেব্রুয়ারি সে রাজ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।
১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী থাকায় একাধিক রাজনৈতিক দল কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। এই দাবি নিয়ে রবিবার একটি বৈঠকও বসে কমিশন। সেই বৈঠকের পরই কমিশন এই দিন পরিবর্তনের কথা জানিয়েছে।
এর আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি কমিশনকে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেন জানান। বিজেপি, বিএসপি-র প্রতিনিধিরাও কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এই দাবি মেনে কমিশন পঞ্জাবের নির্বাচন ২০ ফেব্রুয়ারি করে দিয়েছে। সেখানে এক দফাতেই নির্বাচন সম্পন্ন হবে।
বেনজির ক্ষোভের মুখে বিজেপি, রাজ্যের শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টার ট্রেন থেকে রাজপথে-আনন্দবাজার পত্রিকা
অতীতে কখনও এমন অস্বস্তিতে পড়তে হয়নি রাজ্য বিজেপি-কে। দলের সম্মানজনক পদ সাধারণ সম্পাদক (সংগঠন)-কে লক্ষ্য করে কুরুচিকর পোস্টার চোখে পড়েছিল শনিবারই। সেটা ছিল ট্রেনের কামরায়। এ বার কলকাতার রাজপথে।
এর আগে এই পদে থাকা অমলেন্দু চট্টোপাধ্যায় বা সুব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু কিছু ক্ষোভ-বিক্ষোভ তৈরি হলেও সেটা ছিল দলের অন্দরে। এ ভাবে রাস্তায় নেমে আসেনি। কিন্তু অমিতাভ চক্রবর্তীকে নিয়ে ক্ষোভ ক্রমশই যেন বাড়ছে। সোমবার উত্তর কলকাতায় সেন্ট্রাল এভিনিউয়ে একটি পোস্টার চোখে পড়েছে যেখানে অমিতাভর সঙ্গে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থার যোগাযোগের অভিযোগ উঠেছে। ওই পোস্টারে লেখা হয়েছে, 'পিকে-র টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হঠাও, বিজেপি বাঁচাও।
ভোটের মুখে বিজেপি থেকে বহিষ্কৃত উত্তরাখণ্ডের মন্ত্রী, আজই কংগ্রেসে ফেরার সম্ভাবনা-আজকাল
বিস্তারিত খবরে লেখা হয়েছে, উত্তরাখণ্ডে ভোটের কয়েক সপ্তাহ আগে রবিবার এক মন্ত্রীকে বহিষ্কার করল বিজেপি। জানা গিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে দলের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি রাজ্যপালকে চিঠি লিখে মন্ত্রিসভা থেকে তাঁকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে, দলবিরোধী কার্যকলাপের জন্যই হরক সিং রাওয়াতকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। সূত্রের খবর, পরিবারের একাধিক সদস্যদের প্রার্থী করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এছাড়াও গোপনে কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন। সেই কারণেই তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
ওমিক্রনই শেষ নয়, ভোল বদলে আসতে পারে আরও ভয়ংকর ভ্যারিয়েন্ট, আশঙ্কা বিজ্ঞানীদের-সংবাদ প্রতিদিন
গোটা পৃথিবীকে ত্রাসের মধ্যে ফেলে দেওয়া কোভিড থেকে কবে মুক্ত হবে মানব সভ্যতা? এই প্রশ্ন গত দুই বছরে বারবার উঠছে। বেশ কিছু বিশেষজ্ঞের মত, ওমিক্রনই সম্ভবত মহামারীর অন্তিম ভ্যারিয়েন্ট। এরপর ফের চিরচেনা মুক্ত বাতাসের পৃথিবীতে ফিরবে মানুষ। কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী সম্পূর্ণ অন্য কথা বললেন। তাঁদের মতে, দুঃস্বপ্নের দিন এখনও ফুরোয়নি, ভাইরাস আরও কিছু দিন তার খেল দেখাবে, এমনকী সার্স কোভিডের পরবর্তী স্ট্রেন হতে পারে আরও বেশি ভয়ংকর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭