কথাবার্তা
বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসেবে প্রথম পছন্দ মমতাই, বলছে সমীক্ষা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক
- শাহজালাল বিশ্ববিদ্যালয় ১১ জন হাসপাতালে, অনশন ভাঙেননি কেউই-প্রথম আলো
- তাদের সমালোচনার কোনো মূল্য নেই আমাদের কাছে- মানবজমিন
- চালের দাম কমছে না যেসব কারণে- কালের কণ্ঠ
- বহিষ্কার অব্যাহতি নিয়ে বিএনপিতে অস্থিরতা- যুগান্তর
ভারতের শিরোনাম:
- বক্তৃতায় ‘বেটি বচাও...’ স্লোগান বলতে গিয়ে মুখ ফস্কে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-আনন্দবাজার পত্রিকা
- দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসাবে প্রথম পছন্দ মমতাই, বলছে সমীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন
- আইএএস ক্যাডার আইনে কেন্দ্রের বিরোধিতায় মমতার পাশে BJP ও NDA শাসিত রাজ্যও–আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক
আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাহিদ মালেক জানান, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, প্রতিদিন আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। ১১ দফা দেবার পরেও সাধারণ মানুষেরা কেউ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। স্কুলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ থাকবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ১১ জন হাসপাতালে, অনশন ভাঙেননি কেউই-প্রথম আলো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা ১১ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো তাঁরা অনশন ভাঙেননি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুর থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
বহিষ্কার অব্যাহতি নিয়ে বিএনপিতে অস্থিরতা-যুগান্তর
নেতাকর্মীদের বহিষ্কার, পদ থেকে অব্যাহতি ও স্বেচ্ছায় পদত্যাগের ঘটনায় টালমাটাল বিএনপি। অনেকটা নিজেদের আগুনে পুড়ছে দলটি। পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের ছাঁটাই করা হচ্ছে দল থেকে। এ নিয়ে বিএনপির নীতিনির্ধারকদের মধ্যেও সৃষ্টি হয়েছে অসন্তোষ। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তৃণমূলে নেতিবাচক প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। তবে নেতাদের অনেকে এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে তারা মনে করছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের একটা সুযোগ দেওয়া উচিত ছিল।
চালের দাম কমছে না যেসব কারণে-কালের কণ্ঠ
মাঠ থেকে শতভাগ আমন ধান উঠে গেছে। চালের সরকারি মজুদও যথেষ্ট। তার পরও বাজারে কমছে না চালের দাম। উল্টো মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েই চলেছে। খুচরায় এই দাম ক্রেতাসাধারণের নাভিশ্বাস তুলেছে। বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়ে এবং কথা বলে যে চিত্র পাওয়া গেছে তাতে দেখা যায়, মোটামুটি ছয় কারণে কমছে না চালের দাম। সরকার ধানের চেয়ে চাল বেশি কেনায় মিলাররা দাম বাড়িয়েছেন। ব্রান্ড কম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করছে। মিলাররা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
তাদের সমালোচনার কোনো মূল্য নেই আমাদের কাছে-মানবজমিন
শান্তিরক্ষা মিশনে র্যাব কর্মকর্তাদের নিষিদ্ধ করতে হিউম্যান রাইটস ওয়াচসহ ১২ আন্তর্জাতিক সংগঠনের দাবি ‘মূল্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মানবজমিনের সঙ্গে আলাপে বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য, বিবৃতি বা ঘোষণার কোনো মূল্য নেই আমাদের কাছে। কারণ হিসেবে তিনি সংস্থাটির সঙ্গে সরকারের তরফে দফায় দফায় যোগাযোগ এবং বৈঠক সত্ত্বেও প্রতিশ্রুতি রক্ষা না করাকে দায়ী করেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসাবে প্রথম পছন্দ মমতাই, বলছে সমীক্ষা-সংবাদ প্রতিদিন
কংগ্রেস যতই মানতে না চাক, দেশে বিজেপি বিরোধী মুখ হিসাবে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ই। তৃণমূলের এই দাবি এবার প্রতিষ্ঠিত হল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের করা সমীক্ষাতেও।যাতে বলা হচ্ছে, এই মুহূর্তে বিরোধী জোটের নেতা হিসাবে দেশবাসীর প্রথম পছন্দ মমতাই। দু’নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের রাহুল গান্ধী অনেকটাই পিছনে।সদ্যই ইন্ডিয়া টুডে’ তাঁদের মুড অফ দ্য নেশন সমীক্ষা প্রকাশ করেছে। যাতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে নরেন্দ্র মোদি উঠে এলেও তাঁর জনপ্রিয়তা আগের তুলনায় বেশ খানিকটা কমেছে।
বক্তৃতায় ‘বেটি বচাও...’ স্লোগান বলতে গিয়ে মুখ ফস্কে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-আনন্দবাজার পত্রিকা
স্রেফ উচ্চারণ বিভ্রাট। আর তাতেই কটাক্ষের বন্যা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চারণ বিভ্রাটে ‘বেটি পড়াও’ শুনে মনে হচ্ছে ‘বেটি পটাও’। ব্যাস, তাতেই মিমের বন্যা। কটাক্ষের ছড়াছড়ি। টুইটারে যা রীতিমতো ‘ট্রেন্ডিং’ও থেকেছে।
দিন কয়েক আগেই আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রান্তিতে নাজেহাল হয়েছিলেন মোদী। এ বারে তাঁরই স্বপ্নের প্রকল্প ‘বেটি বচাও, বেটি পড়াও হয়ে গেল ‘বেটি পটাও’!
আপনিই কি উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর-মুখ?’ জল্পনা প্রিয়ঙ্কার উত্তরে-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর নিজের কথাতেই ছড়াল জল্পনা। কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে একটি ইস্তাহার প্রকাশের কর্মসূচি ছিল শুক্রবার। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? তার উত্তরে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আপনি কি অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন?’’ প্রিয়ঙ্কার এই কথাতেই জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে তা হলে তিনিই কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ?
আইএএস ক্যাডার আইনে কেন্দ্রের বিরোধিতায় মমতার পাশে BJP ও NDA শাসিত রাজ্যও-আজকাল
আইএএস (ক্যাডার) রুল সংশোধনীর বিরোধিতা করে দু’বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আইন সংবিধানের কাঠামোর পরিপন্থী বলে মন্তব্য করেছিলেন তিনি। এর আগে কেরল ও মহারাষ্ট্র মমতার সুরে সুর মিলিয়েছিল। এবার মমতার পাশে দাঁড়াচ্ছে বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির একাংশ। সূত্রের খবর, এই নয়া প্রস্তাবিত আইনের বিরোধিতা করে একাধিক রাজ্য কেন্দ্রের আইএএস নিয়ন্ত্রক ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে চিঠি পাঠিয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে এনডিএ শাসিত ওড়িশা, বিহার, মেঘালয় ও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১