জানুয়ারি ২৫, ২০২২ ১৩:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী-সমস্যা থাকলে র‍্যাবকে নতুন করে ট্রেনিং দিন-প্রথম আলো
  • ‘র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২ মানবাধিকার সংস্থার চিঠিতে শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে না’-মানবজমিন
  • দেশে তিন কোটি ৭০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত- কালের কণ্ঠ
  • ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বিশ্বে ১৩তম বাংলাদেশ-ইত্তেফাক
  • এ উদ্যোগকে বিএনপির স্বাগত জানানো দরকার ছিল: কাদের- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • রাজ্যে বিজেপি-কে দুর্বল করার চেষ্টা দলেরই একাংশের, আগেই দিল্লিকে জানিয়েছি: জয়প্রকাশ-আনন্দবাজার পত্রিকা
  • ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক দলগুলির! নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘বাংলায় আইনের শাসন নেই’-রাজ্যপাল–আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী-সমস্যা থাকলে র‍্যাবকে নতুন করে ট্রেনিং দিন-প্রথম আলো। এ খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, সেটা যুক্তরাষ্ট্র শিখিয়েছে। কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা থাকলে যুক্তরাষ্ট্র র‍্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিতে পারে। এ বিষয়ে প্রথম আলোতে এ কে এম জাকারিয়া মতামত কলামে লিখেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায় র‍্যাবের না সরকারের?

র‍্যাব

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এক মাসের বেশি সময় চলে গেছে। এর মধ্যে পানি অনেক দূর গড়িয়েছে। শুরুতে সরকার যে অবস্থান নিয়ে এর বিরোধিতা শুরু করেছিল, এখন আর সেখানে আছে বলে মনে হয় না। এ সময়ে মন্ত্রীদের মুখে আমরা নানা কথা শুনেছি। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর মুখেই স্বাভাবিকভাবে বেশি কথা শোনা গেছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও বন্ধুরাষ্ট্রের তরফে যখন নিষেধাজ্ঞা এসেছে, তখন সাংবাদিকেরাও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে যেখানে পাচ্ছেন, সেখানেই প্রশ্ন করছেন। তিনিও ডানে-বাঁয়ে ব্যাটিংয়ের চেষ্টা করে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীর সর্ব সাম্প্রতিক (গত শুক্রবার) বক্তব্যে কিছু নতুন তথ্য পাওয়া গেল। ‘র‌্যাব তৈরি করেছে আমেরিকানরা আর ব্রিটিশরা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, র‍্যাব সৃষ্টি কোন সময় হয়েছিল, এটা সবাই জানে। যারা র‍্যাব সৃষ্টি করেছে, তারাই র‍্যাবকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।

‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বিশ্বে ১৩তম বাংলাদেশ-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিশ্বের ১৮০টি রাষ্ট্রের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বিশ্বে ১৩তম ও দক্ষিণ এশিয়ায় ২য় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এই তথ্য উঠে এসেছে। 

২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বছর বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসতে থাকে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্ষেত্রে ৮টি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে।

করোনায় মৃত্যুর সঠিক সংখ্যা কখনো জানা যাবে না-প্রথম আলো

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬ লাখ ১১ হাজার ৫৪০। সংখ্যাটি অফিশিয়াল। এটি প্রতিটি দেশের সরকার কর্তৃক ঘোষিত সংখ্যার বৈশ্বিক যোগফল। তবে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের ধারণা, করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা ‘অনেক বেশি’।

করোনাভাইরাস

এই ‘অনেক বেশি’ নিয়ে কাজ করা গবেষণার জন্য জটিল চ্যালেঞ্জ। সরকারগুলো যে সংখ্যা দিচ্ছে, তা যে প্রকৃত সংখ্যা নয়, এর একাধিক প্রমাণ এখন বিজ্ঞানী, গবেষক ও সাংবাদিকদের হাতে আছে। কিছু ক্ষেত্রে এটাও ঠিক, সরকার জেনেবুঝে মিথ্যা বা ভুল তথ্য দিচ্ছে না। পদ্ধতিগত কারণে মৃত্যুর পরিসংখ্যানে ত্রুটি থেকে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এ উদ্যোগকে বিএনপির স্বাগত জানানো দরকার ছিল: কাদের-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ইসি গঠনে আইন প্রণয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে, বিএনপির সেটিকে স্বাগত জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন। আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার। সরকারের এ উদ্যোগকে বিএনপির স্বাগত জানানোর প্রয়োজন ছিল, আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছ। ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে তারা কেন এই আইন করতে পারলেন না?

শাবির দুই সাবেক শিক্ষার্থীকে আটকের অভিযোগ করেছেন তাদের স্বজনরা।খবরটি মানবজমিনে পরিবেশিত হয়েছে। দৈনিকটি এ সম্পর্কিত খবরে লিখেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অনশনস্থলে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার সবকটি মোবাইল ব্যাংকিং নম্বর সোমবার দুপুরের পর থেকে কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতের রাজনীতির নানা খবর ভিন্ন ভিন্ন শিরোনামে পরিবেশিত হয়েছে সংবাদ প্রতিদিনে। ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক দলগুলির! নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের এটি একটি শিরোনাম। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  হেভিওয়েট নেতা আরপিএনসিং। অপর এক খবরে লেখা হয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ ধনকড়ের রাজ্যপালের কাছে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী, উপেক্ষা কেন?’,

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও রাজ্যপাল ধনখড়

 এ সম্পর্কিত খবরে দৈনিক আজকাল লিখেছে, রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে  বলেছেন ‘বাংলায় আইনের শাসন নেই। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর। বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই। গণতন্ত্রে ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলায় বিপদের মুখে গণতন্ত্র। ভোট-পরবর্তী হিংসার তারই প্রমাণ। এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। রাজ্য সরকারি আধিকারিকরা সাংবিধানিক মর্যাদা ভুলে গিয়েছে। রাজভবন কী করতে পারে তা জানা নেই তাঁদের। সরকারি অফিসারদের বিরোধীদের সঙ্গে শাসকদল খারাপ ব্যবহার করছে।’

রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়‌। তিনি বলেন, ‘উনি সৌজন্য ভাঙলেন। আমরা যা চিঠিতে লিখেছি প্রত্যেকটা বর্ণ সত্য। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল পাশ করা হয়নি। ভোট-পরবর্তী হিংসা মামলা আদালতে বিচারাধীন তিনি কেন এই বিষয়ে মুখ খুললেন তা বলতে পারব না।’

প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল যা বললেন তা এক অন্য মাত্রা নিল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২৫