কথাবার্তা
'একটা বড় অস্ত্রের চালান ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- বড় জোট করে এক দফা দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত বিএনপির-প্রথম আলো
- ইতালিতে অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের ২৭৩ জনই বাংলাদেশি!-মানবজমিন
- বিশ্বজুড়ে করোনা: একদিনে ১০ হাজার মৃত্যু, শনাক্ত ৩৫ লাখ-ইত্তেফাক
- ওমিক্রনের পর করোনার আরও একটি ভয়ংকর ধরন হানা দিতে পারে-যুগান্তর
- বিশেষজ্ঞ মতামত সংসদে একচ্ছত্র আধিপত্য ছিল সরকারি দলের-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- সাংগঠনিক নির্বাচনের আগে মমতা-অভিষেক বৈঠক, জোরকদমে নামছে তৃণমূল-সংবাদ প্রতিদিন
- আড়ি পাততে পেগাসাস কিনেছিল কেন্দ্র, ২০১৭-য় মোদীর ইজরায়েল সফরে সই হয় চুক্তি: রিপোর্ট-আনন্দবাজার পত্রিকা
- দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, তবে আশঙ্কা বাড়িয়ে মৃত্যু ৮৭১ জনের-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বড় জোট করে এক দফা দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত বিএনপির-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, একটি বড় জোট গঠন করে শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য এক দফা দাবিতে আন্দোলনে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় গতকাল শুক্রবার রাতে এ সিদ্ধান্ত হয়। বিএনপি ২০–দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট—নামের দুটি জোট আছে। এই দুই জোটকে সঙ্গে রেখে কোন ফর্মে বৃহত্তর জোট হবে, তা এখনো ঠিক হয়নি বলে জানান বিএনপির আরেক নেতা।
ইতালিতে অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের ২৭৩ জনই বাংলাদেশি!-মানবজমিন
রোমের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। এর মধ্যে ৭ বাংলাদেশি ঠাণ্ডাজনিত রোগে নৌকাতেই মারা গেছেন। অসাধু মানবপাচারকারী চক্র তাদের ওই বিপদসংকুল পথে নিয়ে গেছে বলে জানিয়েছে মিশন। ওই দুষ্ট চক্র থেকে সাবধান থাকতে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। দূতাবাসের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ শে জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।এ বিষয়ে পরবর্তী প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দূতাবাস ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যােগাযােগ রক্ষা করে চলছে বলেও জানানো হয়।ইতালির কাতানিয়া ও পালেরমােতে নিযুক্ত বাংলাদেশের অনারারী কনসালগণের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান এবং যথােপযুক্ত করণীয় নির্ধারণের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
একটা বড় অস্ত্রের চালান ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে-মানবজমিন
আমাদের এই সময়টা বাংলাদেশের জন্য ক্রুসাল একটা সময়। গতকাল এবং আজকে এই সময়ের মধ্যে একটা বড় অস্ত্রের চালান ভারতের উদ্দেশ্যে খালাস হয়েছে। আমাদের চট্টগ্রাম বন্দরে। এবং এটি ধরেই নেয়া হচ্ছে সেভেন সিস্টারের উদ্দেশ্যে। ঘোষণাটা সেই ১০ ট্রাক অস্ত্রের মতো একটি বিষয়। এবং এটা নিয়ে কোয়াইট একটা ডিপ্লোমেসি বিষয়। এখন এই যে বাস্তবতা...। গত ২৬শে জানুয়ারি ফেসবুক পেজে প্রচারিত এক টকশোতে এ মন্তব্য করেন শিক্ষাবিদ ও গবেষক নাজমুল আহসান কলিমউল্লাহ।ফেস দ্য পিপল নামে ওই টকশোতে এ পর্যায়ে সঞ্চালক জানতে চান গতকাল বলতে মানে আজ ২৬শে (জানুয়ারি) তারিখ, গত ২৫শে জানুয়ারি ২০২২ সালের কথা বলছেন। তখন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মাথা নাড়িয়ে অর্থাৎ হ্যাঁ সূচক হিসেবে বলেন, ২৫ তারিখ (জানুয়ারি) বিকালে থেকে আজকের মধ্যে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) আইনকে অনন্য মাইলফলক বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল বলেন, বাংলাদেশের ইতিহাসে গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
জেএসডি সভাপতি আসম আবদুর রব বলেছেন, ‘নির্বাচন কমিশন আইন’ ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন একটা কৌশল মাত্র।নির্বাচন কমিশন আইনের প্রতিক্রিয়ায় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।আসম রব বলেন, এ আইন সাংবিধানিক চেতনার প্রতিনিধিত্ব করে না। আইন প্রণয়ন করলে বা সংবিধানে নির্দেশনা থাকলেই 'গণতন্ত্র' ও 'ভোটাধিকার' সুরক্ষিত হয় না।এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন আইন ক্ষমতায় টিকিয়ে রাখার অতীতের কলঙ্কিত সার্চ কমিটিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে মাত্র, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনাও সৃষ্টি করেনি।
আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, গণ অধিকার পরিষদ বলেছে ইসি গঠনের আইনে জনমতের প্রতিফলন ঘটবে না।
করোনা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে আতঙ্ক। ইত্তেফাকের খবর-বিশ্বজুড়ে করোনায় একদিনে ১০ হাজার মৃত্যু, শনাক্ত ৩৫ লাখ হয়েছে। এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে,ওমিক্রনের পর করোনার আরও একটি ভয়ংকর ধরন হানা দিতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন চীনের বিজ্ঞানীরা। নতুন এ রূপের নাম নিওকোভ। উহানে এক গবেষণায় এ রূপের সন্ধান মিলেছে। চীনের বিজ্ঞানীদের দাবি, ভয়ংকর এ ভাইরাসে সংক্রমিত প্রতি তিনজনে একজনের মৃত্যু হতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এ ভাইরাস মানুষের জন্য ঠিক কতটা হুমকি, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
আর মানবজমিনের খবরশনাক্তের হারে রেকর্ড, বাড়তে পারে আরও দুই সপ্তাহ। এখবরে লেখা হয়েছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মরণব্যাধি এই ভাইরাসটি। দেশে গতকাল সর্বোচ্চ শনাক্তের হারের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আরও দুই সপ্তাহ করোনার ঊর্ধ্বমুখী আচরণ দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে এবার যোগ হয়েছে সাউথ আফ্রিকান নতুন ধরন ওমিক্রন। এটা ডেল্টার চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি ছড়াচ্ছে। সংক্রমণের দাবানল ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামগঞ্জেও। দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের হারের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
সেপ্টেম্বরেই নতুন সভাপতি পাচ্ছে কংগ্রেস, নির্বাচন প্রক্রিয়ায় বাড়তি গুরুত্ব প্রিয়াঙ্কাকে-সংবাদ প্রতিদিন
পূর্ণাঙ্গ অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস (Congress)। ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে দলের সভাপতি ও কার্যকরী সমিতির নির্বাচন। তার আগে আগামী ৩১ মার্চের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। তারপর ধাপে ধাপে বুথ, ব্লক, জেলা, প্রদেশ কমিটি নির্বাচন। সবশেষে সভাপতি ও কার্যকরী সমিতির নির্বাচন হবে। শুক্রবার দিল্লিতে সাংগঠনিক বৈঠকে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধিদের এই সিদ্ধান্তের কথা জানান কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটির প্রধান মধুসূদন মিস্ত্রি ও সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (KC Venugopal)। তাৎপর্যপূর্ণভাবে সদস্য সংগ্রহ থেকে শুরু করে দলের নির্বাচন প্রক্রিয়া সবেতেই প্রাধান্য দেওয়া হচ্ছে দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা গান্ধী পরিবারের কনিষ্ঠতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে (Priyanka Gandhi)।
গত বছর ২৬ অক্টোবর বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি ও দায়িত্বে থাকা সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা (Rahul Gandhi)। সেখানে জোর দেওয়া হয়েছিল সদস্য সংগ্রহ অভিযানের উপর। বলা হয়েছিল নতুন ভোটার, তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য পিছিয়ে থাকা গোষ্ঠী, আর্থিকভাবে পিছিয়ে থাকা গোষ্ঠী, দলিত, নিপীড়তদের আরও বেশি করে সংগঠনের সঙ্গে যুক্ত করতে। সেসময় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন প্রিয়াঙ্কা। বলেন, দয়া করে নিজেদের গুরুত্ব বাড়াতে ভুয়ো সদস্য করাবেন না। তিন-চার লাখ ভুয়ো নামের থেকে ৫০ হাজার আসল নাম অনেক ভাল। এতে যেমন দল কতটা জলে আছে তা বোঝা যাবে, তেমনই কোন বুথে কজন প্রকৃত কংগ্রেসী আছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সেই মতোই সদস্য সংগ্রহ অভিযানে নতুন পদ্ধতি আনতে চলেছে কংগ্রেস। এবারের সদস্য সংগ্ৰহে ডিজিটাল পদ্ধতিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যের নাম এন্ট্রি করার সময় দিতে হবে তাঁর ভোটার কার্ডের নম্বর। একসঙ্গেই দিতে হবে মোবাইল নম্বর। সেখানে আসবে ওটিপি। সেটি দেওয়ার পরই মেম্বারশিপ প্রক্রিয়া সম্পন্ন হবে। একটি মোবাইল থেকে একজন সদস্যকেই নথিভুক্ত করানো যাবে। এর জন্য তৈরি হচ্ছে আস্ত একটি অ্যাপ।
কংগ্রেসের এই সিদ্ধান্তের পিছনে নতুন সমীকরণের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হঠাৎ প্রিয়াঙ্কার প্রস্তাবে কেন এত জোর দেওয়া হচ্ছে? তাহলে কি নতুন সভাপতি হিসেবে সোনিয়া (Sonia Gandhi) বা রাহুলের পরিবর্তে তাঁকে দেখা যেতে পারে? উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁর নির্দেশেই চলছে কংগ্রেস।
আড়ি পাততে পেগাসাস কিনেছিল কেন্দ্র, ২০১৭-য় মোদীর ইজরায়েল সফরে সই হয় চুক্তি: রিপোর্ট-আনন্দবাজার পত্রিকা
সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জবাব এড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। এ বার আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে দাবি করা হল, ২০১৭ সালে ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার স্পাইঅয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত।‘দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ড’স মোস্ট পাওয়ারফুল সাইবারওয়েপন’ শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালের জুলাইয়ে মোদীর সফরের সময়ই ইজরায়েল থেকে প্রতিরক্ষা ও গোয়েন্দা নজরদারি সরঞ্জাম কিনতে ২০০ কোটি ডলারের (প্রায় ১৫,০০০ কোটি টাকার) দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছিল। ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেই ‘প্রতিরক্ষা চুক্তির’ তালিকায় অন্যতম ছিল ফোনে আড়ি পাতার স্পাইঅয়্যার পেগাসাস। এই পেগাসাস ব্যবহার করেই কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী নেতানেত্রীদের ফোনে আড়ি পাতা হয়েছিল বলে অভিযোগ ওঠে ২০২০ সালে।পেগাসাস-কাণ্ডে বিরোধীদের মূল প্রশ্ন ছিল, নরেন্দ্র মোদী সরকার কি ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার পেগাসাস স্পাইঅয়্যার কিনেছে, না কি কেনেনি? গত বছর কেন্দ্রীয় সরকার পেগাসাস নিয়ে সংসদে বিবৃতি দিলেও এ প্রশ্নের উত্তর দেয়নি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯