গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল ধনখড়কে সরান, সরাসরি রাষ্ট্রপতিকে বললেন সুদীপ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩১ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সিনহা হত্যা মামলা প্রদীপ-লিয়াকতের ফাঁসি-মানবজমিন
- ওসি প্রদীপ গং আত্মস্বীকৃত শিক্ষিত খুনি’-ইত্তেফাক
- এজলাসে মলিন মুখে নিশ্চুপ ওসি প্রদীপ–যুগান্তর
- বৈঠকের পর অর্থমন্ত্রী সুযোগ না দিলে টাকা হুন্ডি হবে- প্রথম আলো
- বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে: ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- গণতন্ত্রের স্বার্থে সরান ধনখড়কে, সেন্ট্রাল হলে সরাসরি রাষ্ট্রপতিকে বললেন সুদীপ-আনন্দবাজার
- BJP-র প্রার্থী তালিকা প্রকাশ, অসন্তোষে জ্বালানো হল মোদির কুশপুতুল-আজকাল
- পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে চাপ তৃণমূলের, লোকসভায় নোটিস সৌগত রায়ের-সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
সিনহা হত্যা মামলা-প্রদীপ-লিয়াকতের ফাঁসি-মানবজমিন
বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আজ এ রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায়ের পর্যবেক্ষণে এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে আখ্যায়িত করেছেন বিচারক। এটি একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন আদালত। সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।
এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসিসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গণে অব্স্থান নেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা। এদিকে বিচারক যখন রায় পড়ছিলেন তখন এজলাসে মলিন মুখে নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাবেক ওসি প্রদীপকে । এদিকে রায়কে ঘিরে কক্সবাজার জেলা আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আদালতের ফটকসহ সব দিকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
ওসি প্রদীপ গং আত্মস্বীকৃত শিক্ষিত খুনি’-ইত্তেফাক
ওসি প্রদীপ গংকে শিক্ষিত ও আত্মস্বীকৃত খুনি বলে দাবী করে মেজর সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাবেক সরকারি কৌঁশলী মোহাম্মদ জাহাঙ্গীর। সোমবার (৩১ জানুয়ারি) আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই দাবি করেন তিনি।
এদিকে, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসিসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত চত্বরে মানববন্ধন করছেন নির্যাতিত পরিবারবর্গ।
রাজনৈতিক বিশ্লেষক মারুক মল্লিকের মতামত কলাম ছাপা হয়েছে প্রথম আলোতে। শিরোনামটি এরকম- মার্কিন নিষেধাজ্ঞাকে হালকাভাবে নিয়ে যে ভুল করছে সরকার। তিনি লিখেছেন, গুম ও বিচারবহির্ভূত হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সরকারের মন্ত্রী-এমপিরা কিছু হালকা কথাবার্তা ও বিএনপির ওপর লবিংয়ের দায় চাপিয়ে পার করতে চাইছেন। তাঁদের আচরণ খুব বেশি বুদ্ধিদীপ্ত ও জুতসই মনে হচ্ছে না। প্রথমত, তাঁরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা কথা বলেছেন। এখন বিএনপির বিরুদ্ধে লবিংয়ের অভিযোগ এনে নানা ধরনের হাবিজাবি কথা বলে মাঠ গরমের চেষ্টা করছেন। এ ধরনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া কেমন হবে তা মনে হয় মন্ত্রী-এমপিরা অনুধাবন করতে পারছেন না। নিষেধাজ্ঞার গুরুত্ব ও গভীরতাকে বুঝতে না পারার ব্যর্থতা তাঁদের রাজনৈতিক অপরিপক্বতার বহিঃপ্রকাশ।
তিনি তার মতামতে আরও লিখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি মনে করেন, তাঁদের মুচলেকা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র নজরদারি করছে না, তবে তা মহা ভুল হিসেবে বিবেচিত হবে। তাঁরা যদি ভেবে থাকেন, এসব মুচলেকা নিয়ে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের কাছে সরকার জমা দেবে এবং নিজেদের সাফসুতরো হিসেবে প্রমাণ করবে, তাহলে সেটা সরকারের জন্য খুবই বোকামি হবে। এতে বরং বিপদ আরও বাড়বে; কমবে না কিছুতেই।বিএনপির লবি নিয়োগের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২০০৪ ও ২০০৫ সালে আওয়ামী লীগের লবি নিয়োগে অর্থের উৎস নিয়েও তথ্য প্রকাশ করা দরকার ছিল। বিএনপিকে প্রশ্ন করার আগে আওয়ামী লীগের নিজেদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী লীগ ও বিএনপি, উভয় দলেরই লবি নিয়োগের তথ্য প্রকাশ্যে আসা প্রয়োজন।শুধু আওয়ামী লীগ বা বিএনপি নয়, যে কেউ বিদেশে লবি নিয়োগের অধিকার রাখেন। বৈধভাবে অর্থ পাঠিয়েও লবি নিয়োগে সমস্যা থাকার কথা না।
বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে: ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন আওয়ামী লীগ নয়,বিএনপিই এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি মুখোশ পড়া গণতন্ত্রের ফেরিওয়ালা।
বৈঠকের পর অর্থমন্ত্রী সুযোগ না দিলে টাকা হুন্ডি হবে-প্রথম আলো
ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ না দিলে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ চলে যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা যদি বন্ধ করে রাখি, তাহলে পিছিয়ে থাকব। অনেকেই সৃজনশীল ধারণা নিয়ে বিদেশে বিনিয়োগের চেষ্টা করছেন। এটা অন্যায় কিছু না। যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে অর্থ চলে যাবে। তার চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়াই ভালো।’গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
গণতন্ত্রের স্বার্থে সরান ধনখড়কে, সেন্ট্রাল হলে সরাসরি রাষ্ট্রপতিকে বললেন সুদীপ-আনন্দবাজার পত্রিকা
রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে সংঘাত পৌঁছল দিল্লির দরবারে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড় সম্পর্কে নালিশ জানালেন সুদীপ।রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে সংঘাত পৌঁছল দিল্লির দরবারে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড় সম্পর্কে নালিশ জানালেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার।সুদীপ আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, রাষ্ট্রপতি সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিন ভাষণ দিতে এসেছিলেন। সেই সময়ে সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন তিনিও। সেই সুযোগেই সরাসরি কোবিন্দকে দলের দীর্ঘদিনের দাবির কথা বলে দেন সুদীপ। দেখা যায়, ভাষণ শেষে লোকসভা সাংসদের বসার প্রথম সারির আসনের দিকে এগিয়ে আসেন কোবিন্দ। প্রধানমন্ত্রী-সহ বিভিন্ন দলের লোকসভার নেতারা বসেন যেখানে। সেখানেই আসন সুদীপের। রাষ্ট্রপতিকে প্রতি নমস্কার জানানোর সময়ে নিজের মাস্কটি খোলেন সুদীপ। সেই সময়ে কোবিন্দ সুদীপকে বলেন, ‘‘আপনাকে আজ বেশ হাসি হাসি মুখে দেখা যাচ্ছে।’’ এর পরেই কোনও ভনিতা না করে কাজের কথাটি বলে দেন সুদীপ। বলেন,‘‘কিন্তু স্যার, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরান। না হলে, সংসদীয় গণতন্ত্রের বিপদ হচ্ছে।’’ সেই সময়ে কোবিন্দের পাশেই ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
BJP-র প্রার্থী তালিকা প্রকাশ, অসন্তোষে জ্বালানো হল মোদির কুশপুতুল-আজকাল
রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তার পরেই আগুন জ্বলল মণিপুরে। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ এতটাই বাড়ল, যে প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল পোড়ানো হল। দিকে দিকে জ্বলল বিজেপি–র পার্টি অফিস। রাস্তায় বিক্ষোভ দেখালেন কর্মীরা।
বাংলায় যেমনটা হয়েছিল, এবার তেমনটাই হল মণিপুরে। আদি এবং নব্যর দ্বন্দ্ব চরমে উঠল। অন্য দল ছেড়ে যাঁরা বিজেপি–তে যোগ দিয়েছেন, তাঁদেরই বেশি মর্যাদা দেওয়া হয়েছে। এই অভিযোগই উঠল বাংলার মতো মণিপুর বিজেপি–তেও। সে রাজ্যের বিজেপি কর্মীদের অভিযোগ, কংগ্রেস ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন এমন ১০ জন নেতাকে টিকিট দেওয়া হয়েছে। অথচ যাঁরা মাটি কামড়ে খেটেছেন, তাঁদের টিকিট দেওয়া হয়নি।
পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে চাপ তৃণমূলের, লোকসভায় নোটিস সৌগত রায়ের-আজকাল
সম্প্রতি নয়া মোড় নিয়েছে পেগাসাস (Pegasus) বিতর্ক। ‘নিউ ইয়র্ক টাইমসে’ প্রকাশিত একটি রিপোর্টের উল্লেখ করে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী (Rahul Gandi)। এবার এই ইস্যুতে নতুন করে মোদি সরকারকে আক্রমণ শানাল তৃণমূল (TMC)। লোকসভার স্পিকারকে পেগাসাস ইস্যুতে নোটিস দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। ঘটনায় ফের অস্বস্তিতে বিজেপি। পেগাসাস নিয়ে শুরু থেকেই কেন্দ্রকে তোপ দেগেছে তৃণমূল। সংসদের বাদল অধিবেশনে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় তারা। সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১