ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১২:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত-কূটনীতি নাকি ন্যায়বিচার নিষেধাজ্ঞা সামলাবে-প্রথম আলো
  • গুমের তালিকার অনেকে মরেছে ভূমধ্যসাগরে: পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • কেমন হলো সার্চ কমিটি-মানবজমিন
  • পাহাড়ে আতঙ্ক, সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান-ইত্তেফাক
  • এটি সার্চ কমিটি নয়, ‘আওয়ামী খাস কমিটি’: রিজভী-যুগান্তর
  • ‘সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া ঢাকায় কোনো স্থাপনা নয়’-কালের কণ্ঠ
  • দেশে কেউ না খেয়ে থাকে না, ঘরহীনও থাকবে না : কৃষিমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • জমি-গাড়ি কিছুই নেই, আছে রাইফেল, রিভলভার! হলফনামায় জানালেন যোগী-আনন্দবাজার পত্রিকা
  • লতা মঙ্গেশকর চিরকাল বেঁচে থাকবেন, শোকপ্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার-আজকাল 
  • হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক! বিজেপি সরকারের নিষেধাজ্ঞায় বিক্ষোভ রাজ্যজুড়ে– সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. এবার বোধহয় মাহবুব তালকুদারের মতো কাউকেও পাওয়া যাবে না। ফেইসবুক পোস্টে এই হাতশা প্রকাশ করেছেন ড. আসিফ নজরুল এবং মানবজমিন তা তুলে ধরেছে। আপনার পর্যবেক্ষণ কী?

২. ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে আমেরিকা। এই পদক্ষেপকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

এটি সার্চ কমিটি নয়, ‘আওয়ামী খাস কমিটি’: রিজভী-যুগান্তর

সার্চ কমিটি গঠনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বলেছিলাম— আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। সেই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিবকোট পরা লোকদের বের করে আনবে।  নবগঠিত এই সার্চ কমিটি সেই অনুমানেরই  নিরেট বাস্তবতা। এটাকে সার্চ কমিটি না বলে বরং ‘আওয়ামী খাস কমিটি’ বলাটাই যুক্তিযুক্ত মনে করি। 

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সার্চ কমিটি ভুপেন হাজারিকার সেই গানের মতো ‘মোরা যাত্রী একই তরণীর’। এরা একই ঝাঁকের কৈ। এরা আওয়ামী লীগের কে কোন পজিশনে ছিলেন এবং আছেন তা নিয়ে দেশের সচেতন জনগণের মধ্যে চলছে যে আলোচনা চলছে, তা এখন ‘টক অব দ্য কান্ট্রি’ তে পরিণত হয়েছে। 

তিনি বলেন, পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার দ্বারা আরেকটি নীলনকশার ভোটডাকাতির নির্বাচন কমিশন গঠন করতে নিখাদ আওয়ামী লীগের চেতনার মানুষদের অনুসন্ধান করাই এ সার্চ কমিটির অভীষ্ট লক্ষ্য।

সাংবাদিক কামাল আহমেদ তার মতামত কলামের শিরোনাম করেছেন, কূটনীতি নাকি ন্যায়বিচার নিষেধাজ্ঞা সামলাবে। তিনি লিখেছেন, র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাড়ার আর সম্ভাবনা নেই বলে ঘোষণা থেকে ধারণা মেলে যে সরকার কূটনৈতিক কার্যক্রম জোরদার করায় কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সাংবাদিকদের কাছে কথাগুলো বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইঙ্গিত মিলছে, সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে যেসব পদক্ষেপের কথা ঘোষণা করেছে, তার সবই মূলত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে। যার মানে দাঁড়াচ্ছে, সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেবলই আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার হিসেবে বিবেচনা করছে, অভিযোগের সত্য-মিথ্যা যাচাই বা মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করছে না। এই কৌশল কতটা যৌক্তিক ও বাস্তবসম্মত?

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকারের বিষয় দেখাশোনার জন্য একজন মহাপরিচালকের নেতৃত্বে একটি বিশেষ সেল করা হয়েছে বলেও সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। প্রশ্ন হচ্ছে, অভিযোগগুলোর স্বাধীন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত ও বিচার না হলে ওই সেল কী ব্যাখ্যা হাজির করবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠা কি থেমে যাবে? গুমের শিকার পরিবারগুলোর কাছে এত দিন পর নতুন করে তথ্য চাইতে গেলে হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠাই কি স্বাভাবিক নয়?

দেশে কেউ না খেয়ে থাকে না, ঘরহীনও থাকবে না : কৃষিমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। এখন প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, যাতে করে কেউ ঘরহীন, গৃহহীন না থাকে। ফলে, এ দেশে কেউ ঘরহীন থাকবে না।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক! বিজেপি সরকারের নিষেধাজ্ঞায় বিক্ষোভ রাজ্যজুড়ে-সংবাদ প্রতিদিন

হিজাব (Hijab) বিতর্কে সরগরম হয়ে উঠেছে কর্ণাটক (Karnataka)। অনেক দিন ধরেই এই বিতর্ক চলছিল। কিন্তু তা নতুন মাত্রা পেল শনিবার। সেরাজ্যের BJP সরকার জানিয়ে দিয়েছে, যে সব পোশাক সমতা , অখণ্ডতা ও আইন-শৃঙ্খলার পরিপন্থী। তা পরা যাবে না। স্বাভাবিক ভাবেই এই নির্দেশ ঘিরে নতুন করে চড়েছে বিতর্কের পারদ।

প্রশ্ন উঠছে, কোনও রাজ্যের প্রশাসন এমন নির্দেশ কি দিতে পারে? এপ্রসঙ্গে কর্ণাটক সরকারের দাবি, সংবিধানে যে রাজনৈতিক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে দেশের সব নাগরিককে, এই নির্দেশে তা ক্ষুণ্ণ হচ্ছে না।

পোশাক নিয়ে কর্ণাটকের এই বিতর্ক অবশ্য আজকের নয়। কর্ণাটক শিক্ষা আইন, ১৯৮৩-র ১৩৩ (২) ধারা অনুযায়ী, সমস্ত পড়ুয়াকেই কলেজ কমিটির বেছে দেওযা পোশাক পরেই কলেজে আসতে হবে। কিন্তু বছরের গোড়া থেকেই নতুন করে মাথাচাড়া দিয়েছিল এই বিতর্ক। সেই সময় উদুপি ও চিক্কামাগালুর কলেজের কিছু পড়ুয়া হিজাব পরা শুরু করলে শুরু হয় বিক্ষোভ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্ণাটক সরকারের সমালোচনা করে বলেন, দেশের মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছে এই সমালোচনা। অন্য দিকে গেরুয়া শিবিরের বক্তব্য ছিল, এই নিষেধাজ্ঞায় কোনও ভুল নেই।এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তাঁদের হিজাব পরেই ক্লাস করার অনুমতি দিতে হবে। সব মিলিয়ে উত্তপ্ত দক্ষিণের রাজ্যটি।

জমি-গাড়ি কিছুই নেই, আছে রাইফেল, রিভলভার! হলফনামায় জানালেন যোগী-আনন্দবাজার পত্রিকা

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর নগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন যোগী। জানাতে হয়েছে তাঁর মোট বিষয় সম্পত্তির পরিমাণও।আগামী ৩ মার্চ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট যোগীর কেন্দ্রে। নির্বাচনী হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য দেড় কোটি টাকার কিছু বেশি। যোগীর দেওয়া হিসেব অনুযায়ী আর্থিক অঙ্কটি যথাযথ ভাবে ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকার।

তবে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের আগ্নোয়াস্ত্র আছে যোগীর। এর মধ্যে একটি রিভলভারের দাম ১ লক্ষ টাকা। আছে ৮০ হাজার টাকা দামের একটি রাইফেলও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।