ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৩:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • জানালেন অর্থমন্ত্রী-সর্বজনীন পেনশন এক বছরের মধ্যে-প্রথম আলো

  • আফগানিস্তানে ২,৫০০ টন গম পাঠালো ভারত, সহযোগিতার হাত বাড়াল পাকিস্তান-মানবজমিন
  • ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছিরের কারাদণ্ড-ইত্তেফাক
  • মার্চ থেকে বিমানের সব সেবা অনলাইনে: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • ইউক্রেন থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে রুশ সেনা-কালের কণ্ঠ
  • সহ্যের সীমা ছাড়িয়ে গেলে পরিণতি ভালো হবে না: নুর -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দাউদের সঙ্গে যোগসাজশ! মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তার করল ED-সংবাদ প্রতিদিন
  • আনিস-কাণ্ডে পুলিশের দু’জন গ্রেফতার হয়েছেন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা-আনন্দবাজার পত্রিকা
  • সিবিআই তদন্ত চাইলে গোটা পরিবারকে খুন করা হবে’‌, হুমকি ফোনের অভিযোগ তুললেন আনিসের দাদা -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

জানালেন অর্থমন্ত্রী-সর্বজনীন পেনশন এক বছরের মধ্যে-প্রথম আলো

১৮ থেকে ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্যও এ সুবিধা রাখা হবে। শুরুর দিকে এ ব্যবস্থা ঐচ্ছিক রাখা হলেও পরবর্তী সময়ে এটাকে বাধ্যতামূলক করা হবে। পেনশন ব্যবস্থার আওতায় গঠিত তহবিলে যাঁরা যে পরিমাণ চাঁদা দেবেন, ওই তহবিলে একই পরিমাণ চাঁদা সরকারও দেবে।

আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, পেনশন ব্যবস্থার আওতায় গঠিত তহবিলে যাঁরা যে পরিমাণ চাঁদা দেবেন, ওই তহবিলে একই পরিমাণ চাঁদা সরকারও দেবে। এটি ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। পেনশন তহবিল বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে এই কর্তৃপক্ষ। বিনিয়োগ থেকে যে মুনাফা আসবে, তা–ও পেনশনধারীদের মধ্যে বিতরণ করা হবে। নতুন এ ব্যবস্থাটি চালুর আগে আইন ও বিধি প্রণয়ন এবং আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে।

এ ব্যবস্থা কবে থেকে চালু হবে, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সেটা করা সম্ভব। তার আগে আইন প্রণয়ন ও বিধি প্রণয়ন এবং আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। অর্থমন্ত্রী জানান,বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের কার্যক্রম যেভাবে চালায়, সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে।

প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে এবং কত টাকা করে পেনশন পাওয়া যাবে-এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়গুলো এখনো একটি প্রক্রিয়ার মধ্যে আছে। কর্তৃপক্ষ এগুলো ঠিক করবে। বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের কার্যক্রম যেভাবে চালায়, সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে। শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার ব্যাপারে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছিলেন, সেটারই বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

আফগানিস্তানে ২,৫০০ টন গম পাঠালো ভারত, সহযোগিতার হাত বাড়াল পাকিস্তান-মানবজমিন

দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার একটি বিরল দৃষ্টান্ত সামনে এল। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার, পাকিস্তানের ভূখণ্ডের ওপর দিয়ে আফগানিস্তানের জন্য ২,৫০০ টন গম সরবরাহ করেছে ভারত। অমৃতসরে আয়োজিত এক অনুষ্ঠানে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর বিশ্ব পারাজুলি চালান বহনকারী ৫০টি ট্রাকের প্রথম কনভয়কে পতাকা উড়িয়ে রওনা করেন। পাকিস্তানের মাটি হয়ে আফগানিস্তানের জনগণের কাছে ৫০ হাজার টন গম পাঠানোর জন্য ট্রানজিট সুবিধা চেয়ে ভারত ৭ অক্টোবর ইসলামাবাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল।

ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছিরের কারাদণ্ড-ইত্তেফাক

অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানের তিন বছর ও দুদকের তৎকালীন পরিচালক খন্দকার এনামুল বাছিরের আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।

এর আগে, গত ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় চার্জশিটভুক্ত ১৭ সাক্ষির মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে গত ৩ জানুয়ারি আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মিজানুর রহমান এবং এনামুল বাছির। ওইদিন তারা লিখিত বক্তব্য জমা দেবেন বলে আদালতকে জানান। এজন্য তারা সময়ও চান। আদালত ১২ জানুয়ারি আসামিদের লিখিত বক্তব্য জমা দেওয়ার তারিখ ধার্য করেন। ওইদিন ডিআইজি মিজান ৬ পৃষ্ঠা এবং এনামুল বাছির ১২ পৃষ্ঠার লিখিত বক্তব্য আদালতে জমা দেন।

মার্চ থেকে বিমানের সব সেবা অনলাইনে: প্রধানমন্ত্রী-যুগান্তর

মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিমানে কার্গো সার্ভিস চালুরও নির্দেশ দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ২০২২ সালের মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পেসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে টিকিটিং, রিজারভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক-ইন সব কিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশে এ ব্যবস্থা রয়েছে। আমরা এ ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম।  

সরকারপ্রধান বলেন, বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক। কারণ বিমান বাংলাদেশের যাত্রী ও পরিচয় নিয়ে বিভিন্ন দেশে যাত্রা করে। তাই আমাদের সংস্কৃতির সঙ্গে মিল রেখে এর আরও উন্নতি করতে হবে।

ইউক্রেন থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে রুশ সেনা-কালের কণ্ঠ

রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যে স্যাটেলাইট ছবিতে দেশটির সীমান্তের কাছাকাছি অঞ্চলে রুশ সামরিক বাহিনীর নতুন মোতায়েন সৈন্য দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে বেলগোরোদের দক্ষিণ-পশ্চিমের গ্রামীণ এলাকায় বেশ কিছু নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার পার্লামেন্ট গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনী মোতায়েন করার অনুমতি দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ‘ম্যাক্সার’-এর সংগৃহীত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ বেলারুশ এবং ইউক্রেনীয় সীমান্তের কাছে পশ্চিম রাশিয়ার একাধিক স্থানে বাড়তি রসদ এবং সরবরাহের স্থাপনা ও সৈন্য চলাচল দেখা যায়।

ইউক্রেন সীমান্তে নতুন কার্যকলাপের মধ্যে দক্ষিণ বেলারুশের মোজিরের কাছে একটি ছোট বিমানঘাঁটিতে ১০০টিরও বেশি যান এবং বেশি কিছুসংখ্যক সেনা তাঁবু দেখা যায়। ওই বিমানঘাঁটি ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।

সহ্যের সীমা ছাড়িয়ে গেলে পরিণতি ভালো হবে না: নুর -বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে হুঁশিয়ারি দিয়ে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না।’

২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নুরু এ হুঁশিয়ারি দেন। হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচির।

শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে নুর বলেন, ‘দেশের রাজনীতি থেকে প্রশাসন সব জায়গায় তারা দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সারা দেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, যাতে মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে আমরা বলে দিতে চাই, তোমরা যেভাবে আমাদের ভাইদের রক্তাক্ত করছ, বোনদের লাঞ্ছিত করছ; সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না।’

আনিস-কাণ্ডে পুলিশের দু’জন গ্রেফতার হয়েছেন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা-আনন্দবাজার পত্রিকা

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবারই আনিস-মৃত্যুর তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। বার দুয়েক মৃতের পরিবারের সঙ্গেও দেখা করেছেন সিট-সদস্যেরা। আনিস-হত্যায় পুলিশের দু’জন গ্রেফতার হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয় বার পুলিশ গিয়েছিল ময়নাতদন্তের জন্য। কিন্তু তা করতে দেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে দু’জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আইন আইনের মতো চলবে।’’

এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি তদন্তে হস্তক্ষেপ করতে চাই না। যে হেতু পুলিশের নামে অভিযোগ উঠেছে, তাই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁতে অভিযুক্ত পুলিশকর্মীরা তদন্তে হস্তক্ষেপ করতে না পারেন।’’

সিবিআই তদন্ত চাইলে গোটা পরিবারকে খুন করা হবে’‌, হুমকি ফোনের অভিযোগ তুললেন আনিসের দাদা -আজকাল

খুনের হুমকি দিয়ে ফোন করার অভিযোগ তুললেন মৃত ছাত্রনেতা আনিস খানের দাদা। সিবিআই তদন্ত থেকে সরে না আসলে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার একাধিকবার আনিসের বাড়িতে যান সিটের প্রতিনিধিরা। বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁদের। তবে আনিসের বাবা বারবারই জানান, সিটের উপর তাঁদের আস্থা নেই। সিবিআই তদন্তের দাবি করেন। রাতে আনিসের মোবাইল নিজেদের হেফাজতে চেয়ে নোটিস দেন তদন্তকারীরা। নোটিস নেওয়ার আগে ১০ মিনিট সময় চায় পরিবার। নিজেদের মধ্যে আলোচনার পর মোবাইল পুলিশের হাতে তুলে দিতে রাজি হননি তাঁরা। নোটিসে স্বাক্ষরও করেননি পরিবারের সদস্যরা। এরপর রাতে আনিসের পরিজনেরা ঘুমিয়ে পড়েন। আনিসের দাদার দাবি, রাত ১.০৪ নাগাদ অচেনা নম্বর থেকে একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে খুনের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। আনিসের দাদার দাবি অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলে, সিবিআই তদন্ত করলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলা হবে। অডিওটি ভাইরালও হয়ে যায় নিমেষে। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি Aajkaal.in‌। হুমকি ফোন পাওয়ায় তাঁদের পরিবার যথেষ্ট আতঙ্কিত বলে জানিয়েছেন আনিসের দাদা সাবির খান। আনিস-হত্যায় পুলিশের দু’জন গ্রেফতার হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয় বার পুলিশ গিয়েছিল ময়নাতদন্তের জন্য। কিন্তু তা করতে দেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে দু’জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’’

দাউদের সঙ্গে যোগসাজশ! মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তার করল ED-সংবাদ প্রতিদিন

শেষ পর্যন্ত দাউদ যোগে মহারাষ্ট্রে মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তার করল ED। বুধবার সকালেই এনসিপি (NCP) নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের (Nawab Malik) বাড়িতে হানা দিয়েছিল ইডি। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বই দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুপুরে দাউদ যোগ তথা অর্থপাচারের অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

সম্প্রতি দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim) বাগে আনতে নতুন করে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। ক’দিন আগেই অর্থপাচারের অভিযোগে মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠদের একাধিক ডেরায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় জানা গিয়েছিল, মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। এরপরই আজ সকাল ৬টা নাগাদ নবাব মালিকের বাড়িতে হানা দেয় ইডি। সেখানে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদের পর মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ইডির মুম্বই অফিসে। সূত্রের খবর, ইডির অফিসে গোয়েন্দারা টানা সাত ঘণ্টা জেরা করেন নবাবকে। তিনি বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।