এপ্রিল ২০, ২০২২ ১২:১০ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নিউমার্কেটে দোকান খুলছে- প্রথম আলো
  • ২০ মার্কেট বন্ধ, দিনে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা-কালের কণ্ঠ
  • পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে’–ইত্তেফাক
  • নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানিয়েছে বিএনপি: জার্মান রাষ্ট্রদূত-মানবজমিন
  • বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা: অর্থমন্ত্রী–যুগান্তর
  • প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে যেতো: দাবি জেলেনস্কির-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • সক্ষমতা হারিয়ে বিএনপি অন্যদের দলে টানার চেষ্টা করছে : ওবায়দুল কাদের-এনটিভিবিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • অস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে ভারত, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের-আনন্দবাজার
  • রাজ্যে বন্‌ধ উঠে গেছে, নিশ্চিন্তে বিনিয়োগ করুন’‌, শিল্পপতিদের বাংলায় আহ্বান মমতার  -আজকাল
  • ‘বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা’, বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

নিউমার্কেটে দোকান খুলছে- প্রথম আলো

রাজধানীর নিউমার্কেটের দোকান আজ বুধবার খুলছে। নিউমার্কেট দোকান সমিতির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা জানান।

সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকান সমিতি আজ সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্তিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্তের কথা জানালো দোকান মালিক সমিতি। দোকান মালিক সমিতির ঘোষণার পরই অনেক দোকান খুলতে দেখা গেছে।সংবাদ সম্মেলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়েছিলেন তারা কেউ ব্যবসায়ী নন।

বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা: অর্থমন্ত্রী–যুগান্তর

আসন্ন ২০২২-’২৩ অর্থবছরের বাজেট আগামী ৯ জুন জাতীয় সংসদে  উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে সেটি  তুলে ধরে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, আগামী বাজেটে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়ানো হবে কিনা।

জবাবে মন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্ট বা ভোগান্তি যাতে করে না বাড়ে এবং তাদের ওপরে যেন বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি। আশা করছি এগুলো কমবেশি বিবেচনায় নেব।

নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানিয়েছে বিএনপি: জার্মান রাষ্ট্রদূত-মানবজমিন

বিএনপি নির্বাচনে কেন অংশ নিতে চায় না জার্মান কূটনীতিকদের কাছে তার ব্যাখ্যা দিয়েছে। এমনটাই দাবি করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রোস্টার। বুধবার কূটনৈতিক সংবাদদাতা সমিতি- ডিকাবের ফ্লাগশিপ প্রোগ্রাম ডিকাব টকে জার্মান রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। গত ১৭ই মার্চ বিএনপি’র সঙ্গে জার্মান কূটনীতিকদের একটি বৈঠক নিয়েও কথা বলেন তিনি। বলেন, ‘বিএনপি’র মন্তব্যে আমি অখুশি।’বিএনপি’র কোন মন্তব্যে তিনি অখুশি? জানতে চাইলে রাষ্ট্রদূত আচিন ট্রোস্টার বলেন, বৈঠক শেষে আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। কেউ আমাকে উদ্ধৃত করে কিছু বলুক এটা আমি পছন্দ করি না। আমি আমার নিজের কথা নিজেই বলতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে উদ্ধৃত করে আপনারা যেকোনও কিছু লিখতে পারেন।কিন্তু অন্য কেউ এটি করতে পারে না।’

পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে’–ইত্তেফাক

নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে বলে জানিয়েছেন ডিএমপি নিউ মার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ। বুধবার (২০ এপ্রিল) নিউ মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করছে। শাহেন শাহ মাহমুদ বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন। আগামীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।

প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে যেতো: দাবি জেলেনস্কির-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতো বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যদি আমাদের প্রয়োজনীয় সব অস্ত্রের অনুমতি থাকতো, যেগুলো আমাদের অংশীদারদের কাছে রয়েছে এবং যা রাশিয়ার ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল। তাহলে আমরা ইতিমধ্যেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম।’ তিনি বলেন, ‘এটি অন্যায়। কারণ, তার দেশ এখনো এর অংশীদাররা বছরের পর বছর ধরে কোথায় কী সঞ্চয় করেছে, তা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছে।’

সক্ষমতা হারিয়ে বিএনপি অন্যদের দলে টানার চেষ্টা করছে : ওবায়দুল কাদের-এনটিভিবিডি অনলাইন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।’ আজ বুধবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাপ্রকাশ করেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ দেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপি’র এ ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।’বিএনপিই এখন গভীর সংকটে আছে, বাংলাদেশ কোনো সংকটে নেই’, বিএনপির মহাসচিবের উদ্দেশে এ কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।’

অস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে ভারত, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের-আনন্দবাজার

আমদানি নয়, উৎপাদন। প্রধানমন্ত্রী হওয়ার কয়েক বছর পরেই অস্ত্র ও সামরিক সরঞ্জামের সংস্থানে ভারতের পুরনো নীতি বদলে দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে, সামরিক ক্ষেত্রে মোদীর ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার স্লোগান প্রত্যাশারও বেশি সাফল্য পেয়েছে।প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বুধবার বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বাজেট বরাদ্দের মোট ৬৪ শতাংশ অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে গিয়ে ব্যয় হয়েছে ৬৫.৫ শতাংশ। ওই অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বরাদ্দের ৯৯.৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে কাটছাঁট করতে কয়েক বছর আগেই সক্রিয় হয়েছিল মোদী সরকার। বিদেশ থেকে অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নিয়েও নতুন করে পর্যালোচনা শুরু হয়।

রাজ্যে বন্‌ধ উঠে গেছে, নিশ্চিন্তে বিনিয়োগ করুন’‌, শিল্পপতিদের বাংলায় আহ্বান মমতার  -আজকাল

ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন তিনি বলেন, ‘‌বাংলার সরকার ক্রমশ এগোচ্ছে। বাংলায় নতুন সূর্যোদয় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য, যারা কোভিড পরিস্থিতি কাটিয়ে ফের শিল্প এবং বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে পেরেছে। এরাজ্যে শিল্পের জন‍্য পর্যাপ্ত জমি রয়েছে, উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে, দক্ষ কর্মী রয়েছে। শিল্পের জন্য বাংলা এখন আদর্শ জায়গা। আমরা এমএসএমই, ১০০ দিনের কাজ, ই-‌টেন্ডারে প্রথম। এখন এরাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সংখ্যা ২০০-‌এর বেশি। দেশের থেকে বাংলার জিডিপির হারও অনেকটা ওপরে। এখানে এখন আর কোনও বন্‌ধ-ধর্মঘট হয় না। কোনও কর্মদিবস নষ্ট হচ্ছে না।’

‘বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা’, বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল-সংবাদ প্রতিদিন

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS) মঞ্চে রাজ্যের শিল্প-পরিবেশের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar)। এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (WB CM Mamata Banerjee) প্রশংসায় ভরিয়ে দেন তিনি। বললেন, “আন্তর্জাতিক বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা।” তবে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (PM Narendra Modi) উল্লেখ করলেন রাজ্যপাল। তুলে ধরলেন মোদির ‘লুক ইস্ট’ নীতির (Look East Policy) কথাও।

বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে এবং শিল্পের পরিবেশ দেখতে সম্মেলনে অংশ নিয়েছে দেশের প্রথম সারির শিল্পদ্যোগীরা। বিদেশ থেকেও প্রতিনিধিরা এসেছেন। এমন মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশের প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বলেন, “আজ রাজ্য যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। বাংলা জ্ঞানের পীঠস্থান। দেশকে পথ দেখায়।”

পার্সটুডে/বাবুল আখতার /২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।