জুন ২৭, ২০২২ ১২:০৪ Asia/Dhaka
  • পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু-অর্ধেক সময়ে গন্তব্যে, উচ্ছ্বসিত যাত্রীরা

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারক-কালের কণ্ঠ

  • চীনকে মোকাবেলায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জি-৭ নেতাদের-মানবজমিন
  • পদ্মা সেতুর নাটবল্টু খুলতে সরঞ্জাম ব্যবহৃত হয়েছে: সিআইডি- প্রথম আলো
  • পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু-অর্ধেক সময়ে গন্তব্যে, উচ্ছ্বসিত যাত্রীরা-যুগান্তর
  • পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক

  • উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে : প্রধানমন্ত্রী’-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • চাপ বাড়ল উদ্ধব শিবিরের, সঞ্জয় রাউতকে ইডির সমন, মঙ্গলবার হাজিরার নির্দেশ-আনন্দবাজার
  • মহারাষ্ট্রে নাটকীয় মোড়, সঞ্জয় রাউতকে তলব ইডির -দৈনিক আজকাল
  • চাষিদের থেকে ধান না কিনলে FIR, কিষান মান্ডির বেনিয়ম নিয়ে ফের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

পদ্মা সেতুর নাটবল্টু খুলতে সরঞ্জাম ব্যবহৃত হয়েছে: সিআইডি- প্রথম আলো

পদ্মা সেতুর নাটবল্টু খোলার ঘটনায় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার সিআইডির এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কর্মকর্তারা। আজ মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাটবল্টু হাত দিয়ে খোলা যাবে না।’

রেজাউল মাসুদ বলেন, এতে বোঝা যায় নাটবল্টু হাতে দিয়ে খোলা হয়নি, নাটবল্টু খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। কি ধরনের সরঞ্জামা দিয়ে নাটবল্টু খোলা হয়েছে, সে প্রশ্নের উত্তর দিতে পারেননি সিআইডির এ কর্মকর্তা।

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারক-কালের কণ্ঠ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত জানিয়ে ফের ভার্সুয়াল কোর্টে ফেরার ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ সোমবার (২৭ জুন) সকালে আদালতের কার্যক্রম শুরু হলে বিচার বিভাগের প্রধান এসব কথা বলেন।  

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বর্তমানে আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। কোর্ট পরিচালনা করা কষ্টকর হয়ে যাচ্ছে। পরিস্থিতি খারাপ হলে মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।  প্রধান বিচারপতি এতে আইনজীবীদের সহযোগিতা চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা থাকবে।

পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু-অর্ধেক সময়ে গন্তব্যে, উচ্ছ্বসিত যাত্রীরা-যুগান্তর

পদ্মা সেতুতে গাড়ি চালুর প্রথম দিনেই সুফল পেয়েছেন এ পথের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারীরা। এদিন ফেরির তুলনায় প্রায় অর্ধেক সময়ে গন্তব্যে পৌঁছেছেন। প্রথমবার পদ্মা সেতুতে ওঠা ও কম সময়ে গন্তব্যে পৌঁছানো-এ দুই আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা।

তাদের কয়েকজন জানান, বরিশাল থেকে ঢাকা পৌঁছতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে। সেতু চালুর আগে ফেরি পার হয়ে এ পথ আসতে লাগত ৬-৭ ঘণ্টা। অপরদিকে খুলনা থেকে ঢাকায় আসতে সাড়ে তিন-চার ঘণ্টায় এসেছে বাস। আগে এ পথে লাগত ৭-৮ ঘণ্টা।

একইভাবে অন্যান্য গন্তব্যের যাত্রীরাও কম সময়ে গন্তব্যে গেছেন। এদিকে সেতুতে প্রথমবার উঠে আবেগ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন অসংখ্য যাত্রী। অনেকেই সেতুর মাঝখানে গাড়ি থামিয়ে তাদের এ উচ্ছ্বাস প্রকাশ করেন।

পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক

পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ।এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।  বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।  

২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন ভোর থেকে ২৭ জুন ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯শ’ টাকা।একই সময়ে জাজিরা-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ’ টাকা।

চীনকে মোকাবেলায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জি-৭ নেতাদের-মানবজমিন

চীনের বেল্ট এন্ড রোড প্রকল্পকে মোকাবেলা করতে ৬০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছেন জি-৭ নেতারা। আগামি পাঁচ বছর ধরে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করা হবে। জোটটির নেতারা আশা করছেন, এই বিশাল বিনিয়োগের মাধ্যমে চীনের মাল্টি-ট্রিলিয়ন ডলারের বেল্ট এন্ড রোড বা বিআরআইকে মোকাবেলা করা যাবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, জি-৭ নেতারা নতুন এই উদ্যোগটির নামকরণও করেছেন। ‘পার্টনারশিপ ফর গোবাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইনভেস্টমেন্ট’ নামের এই উদ্যোগটি রোববার বৈঠক শেষে ঘোষণা করা হয়। এ বছর দক্ষিণ জার্মানিতে অনুষ্ঠিত হলো জি-৭ এর বার্ষিক সম্মেলন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে সাহায্য প্রয়োজন। এ কারণে মহামারির মতো বিষয়গুলো তারা ভয়াবহভাবে অনুভব করে এবং সেখান থেকে বেড়িয়ে আসতে তাদের কঠিন সময় পাড়ি দিতে হয়। এটি আমাদের জন্য শুধু মানবিক উদ্বেগই নয়, এটি অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগও।

উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে : প্রধানমন্ত্রী’-দৈনিক নয়াদিগন্ত 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে। কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে।

তিনি বলেন, ‘আমরা রেল যোগাযোগ পুনরুজ্জীবিত ও নতুন নতুন রেলপথ স্থাপন এবং সেতু নির্মাণের পাশাপাশি ড্রেজিংয়ের মাধ্যমে নদীগুলো খনন করছি। উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে এবং বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে।’

আজ সোমবার সকালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কতৃর্ক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্ত হন।

চাপ বাড়ল উদ্ধব শিবিরের, সঞ্জয় রাউতকে ইডির সমন, মঙ্গলবার হাজিরার নির্দেশ-আনন্দবাজার

যত সময় এগোচ্ছে, মহারাষ্ট্রের রাজনীতি ততই নাটকীয় মোড় নিচ্ছে। উদ্ধব সরকারের সঙ্কটের মধ্যেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

মঙ্গলবার মুম্বইয়ে ইডি দফতরে সঞ্জয় রাউতকে তলব করা হয়েছে বলে খবর। আর্থিক তছরুপের মামলায় শিবসেনার ওই নেতাকে ডাকা হয়েছে। ইডি, সিবিআইয়ের চাপেই শিবসেনার ঘরে বিদ্রোহের আঁচ দেখা গিয়েছে বলে দাবি করেছে উদ্ধব-বাহিনী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপেই একনাথ শিন্ডে-সহ বিক্ষুব্ধরা বিদ্রোহ ঘোষণা করেছেন বলে দাবি করা হয়েছে। এই আবহে রাউতকে তলব নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।

অন্য দিকে, উদ্ধব বাহিনী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে সুপ্রিম কোর্টে পিটিশনে দাবি করেছেন শিন্ডেরা। বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠানো হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন শিন্ডেরা।

অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় তিন দিনে জমা পড়ল ৫৬,৯৬০ আবেদন!  -দৈনিক আজকাল

অগ্নিপথ প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত শুক্রবার।

রবিবারের মধ্যেই, অর্থাৎ তিন দিনে সেই প্রকল্পে ভারতীয় বায়ুসেনার দপ্তরে জমা পড়ল ৫৬ হাজার ৯৬০টি আবেদন। বায়ুসেনার তরফে টুইট করে লেখা হয়েছে, ’৫৬,৯৬০! অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যতের অগ্নিবীরদের তরফে এতগুলো আবেদন পাওয়া গেছে।’ এই টুইট আইএএফ করেছিল রবিবার। গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে কেন্দ্র। তাতে বলা হয়, সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিদের চার বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে। চার বছর পর তাদের ২৫ শতাংশকে পাকাপাকি ভাবে সেনায় চাকরিতে বহাল করা হবে। এই ঘোষণায় বিক্ষোভ শুরু হতেই বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ করে দেয় কেন্দ্র। কিন্তু তাতেও লাভ হয়নি। 

অগ্নিপথ প্রকল্প নিয়ে টানা তিন-চারদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন এলাকা। একের পর এক রাজ্যে, শহরে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ জনতা। হয়েছে পথ অবরোধ, জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি সম্পত্তি। এমনকী আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ট্রেনেও। কার্যত সবথেকে বেশি লোকসান হয়েছে ভারতীয় রেলেরই। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এখন বিক্ষোভ বন্ধ এবং দেখা গেল অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় ঢুকতে ইচ্ছুক অনেকেই।    

চাষিদের থেকে ধান না কিনলে FIR, কিষান মান্ডির বেনিয়ম নিয়ে ফের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

বেনিয়ম নিয়ে কিষান মান্ডিগুলিকে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। এবার থেকে ধান না কিনে চাষিদের ফিরিয়ে দিলে বা সময়মতো কাজ না হলে, FIR করার নির্দেশ দিলেন তিনি। বর্ধমানের নবাবহাটের গোদার মাঠের প্রশাসনিক কর্মসূচি থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 

এদিন মাটি উৎসবের সূচনা মঞ্চ থেকে একাধিক প্রকল্পের খাতে কৃষকদের ব্যাংক অ্য়াকাউন্টে সর্বমোট ২ হাজার ৩০০ কোটি টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মনে করিয়ে দিলেন, কৃষকদের স্বার্থে সবসময় সক্রিয় রাজ্য সরকার। তাঁদের হিতে লাগাতার কাজ করছে নবান্ন। কিন্তু কৃষকদের স্বার্থ বিঘ্নিত হলে রাজ্য যে কড়া পদক্ষেপ করবে, অভিযুক্তদের ছেড়ে কথা বলবে না রাজ্য, তা কার্যত স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

পার্সটুডে/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।