পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
২১ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২১ জানুয়ারি (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি বন্ধ চান ডিসিরা: প্রথম আলো
- খাদ্য মজুতে মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রণালয়ের: ডেইলি স্টার
- সামান্য ভুলে বড় ইস্যু বানাবেন না, সংশোধন হবে : শিক্ষামন্ত্রী- কালেরকণ্ঠ
- 'মুলা ঝুলিয়ে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না': ইত্তেফাক
- মালয়েশিয়ার শ্রমবাজারে জটিলতা কাটেনি: এখনো কোটা ও সিন্ডিকেট খরচ: নয়াদিগন্ত
- বাংলাদেশ থেকে কাতারে দক্ষ কর্মী নেয়ার ইঙ্গিত: বাংলাদেশ প্রতিদিন
- রিজার্ভ চুরি: বাংলাদেশের পক্ষে সিদ্ধান্তের বিরুদ্ধে রিজল ব্যাংকের আপিল: দৈনিক বাংলা
কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- ম্যারাথন তল্লাশি অভিযানের পর হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডিধ আনন্দবাজার
- 'তাপসকে ঘুষ দিইনি বলে এই হাল’, ষড়যন্ত্রের অভিযোগে সরব নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল: সংবাদ প্রতিদিন
- শুরু হচ্ছে 'প্রলয়'! চিনের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী: জি ২৪ ঘণ্টা
- ফয়জানের রহস্যমৃত্যু: আইআইটির ডিরেক্টরকে হাইকোর্টের ভর্ৎসনা: পূবের কলম
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি বন্ধ চান ডিসিরা: প্রথম আলো
এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এখন মূল বেতনের পুরোটা সরকার থেকে পান। এর সঙ্গে সামান্য কিছু ভাতা দেওয়া হয় তাঁদের। তবে বেসরকারি হওয়ায় তাঁরা সরাসরি রাজনীতি করার সুযোগ পান। এই সুযোগ বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। তাই সরকারি কর্মচারী আচরণ বিধিমালার মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও সুনির্দিষ্ট বিধিমালা করার প্রস্তাব এসেছে ডিসিদের পক্ষ থেকে।
২৪ জানুয়ারি থেকে শুরু হবে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন)। সেখানে আলোচনার জন্য এ প্রস্তাব দিয়েছেন ডিসিরা।
খাদ্য মজুতে মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রণালয়ের: ডেইলি স্টার
মজুতদারির বিষয়ে আরও কঠোর হতে খাদ্য মজুতকারীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চেয়ে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 'খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২' এর খসড়া প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, 'গত পরশু আমরা সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছি। আগামী ১০ দিনের মধ্যে খসড়া চূড়ান্ত করা হবে।'
সামান্য ভুলে বড় ইস্যু বানাবেন না, সংশোধন হবে : শিক্ষামন্ত্রী- কালেরকণ্ঠ
নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে ভুল সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না। ভুল সংশোধন করা হবে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।
‘মুলা ঝুলিয়ে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না': ইত্তেফাক
মুলা ঝুলিয়ে সংখ্যালঘু সম্প্রদাকে আর কোনো রাজনৈতিক দলের বলির পাঁঠা কিংবা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট মিলনায়তনে আন্তর্জাতিক হিন্দু সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
হিন্দু পরিষদের মুখপাত্র সুমন কুমার রায় বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতির যদি বাস্তবায়ন না হয়, সংখ্যালঘু সম্প্রদায় জানে কীভাবে দাবি বাস্তবায়ন করতে হয়। সংখ্যালঘু সম্প্রদায় আজকে সজাগ। তাদের মুলা ঝুলিয়ে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না। সংখ্যালঘু সম্প্রদায় আর কোনো রাজনৈতিক দলের বলির পাঠা হিসেবে ব্যবহৃত হবে না।
মালয়েশিয়ার শ্রমবাজারে জটিলতা কাটেনি: এখনো কোটা ও সিন্ডিকেট খরচ: নয়াদিগন্ত
মালয়েশিয়ায় জনগণের নতুন সরকার গঠন হওয়ার পরও দাতো আমিন নুর গংদেরকে কোটা ও সিন্ডিকেট খরচের নামে প্রতি কর্মীর বিপরীতে দেড় লাখ টাকারও বেশি আন্ডারহ্যান্ডিংয়ের মাধ্যমে দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই সিন্ডিকেটের খরচ কোনো কারণে দিতে বিলম্ব হলে মালয়েশিয়ার এফডব্লিওসিএমএস সিস্টেম থেকে ওই এজেন্সির কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে দেশ থেকে শ্রমিক যাওয়ার সব প্রস্তুতি সম্পন্নের পরও যেতে বিলম্ব হচ্ছে।
বাংলাদেশ থেকে কাতারে দক্ষ কর্মী নেয়ার ইঙ্গিত: বাংলাদেশ প্রতিদিন
শ্রম বাজার সম্প্রসারণ ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ দূতাবাস, কাতারের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুহাম্মদ হাসান আল উবাইদলি’র সাথে বৈঠক করেন।
প্রথমে তিনি ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ সফলভাবে আয়োজনের জন্য কাতারের আমির ও কাতার সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি বিপুল সংখ্যক বাংলাদেশি দর্শকের বিশ্বকাপ উপভোগ ও স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করার ব্যাপারে অবহিত করলে, জবাবে উবাইদলি বিশ্বকাপে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান।
চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. রহমান শ্রম সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষত ৬ষ্ঠ জয়েন্ট কমিটির মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে কাতারের বিভিন্ন সেক্টরে দক্ষ ও পেশাদার জনশক্তি নিয়োগ করার বিষয় তুলে ধরেন। জবাবে আল উবাইদলি টুরিজম, মেডিকেল, হোটেল প্রভৃতি সেবামূলক খাতে বাংলাদেশ হতে নতুন জনবল নিয়োগে কাতার সরকার সহযোগিতা করবে মর্মে জানান। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার স্বার্থে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা অনুমোদনের অনুরোধ জানালে তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
রিজার্ভ চুরি: বাংলাদেশের পক্ষে সিদ্ধান্তের বিরুদ্ধে রিজল ব্যাংকের আপিল: দৈনিক বাংলা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা বাতিলে ফিলিপিন্সের রিজল ব্যাংকের যে আবেদন নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ব্যাংকটি। গত ১৩ জানুয়ারি রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) আবেদন খারিজ করে সমঝোতার আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ জন্য বিবাদীদের ২০ কার্যদিবস সময়ও দেয়া হয়।
ওই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ছিল রিজল ব্যাংক কর্তৃপক্ষের। শুক্রবার তাদের আপিল আবেদনের খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়া হয় রিজল ব্যাংকে।
ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় তিনটি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিলেও বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার আর পাওয়া যায়নি। তার তিন বছর পর ২০১৯ সালে ওই অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক। ওই মামলা খারিজে আবেদন করে আরসিবিসি।
গত বছরের এপ্রিলে নিউ ইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলাটি খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছিল, ওই মামলা বিচারের ‘পর্যাপ্ত এখতিয়ার’ ওই আদালতের নেই।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
ম্যারাথন তল্লাশি অভিযানের পর হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি: আনন্দবাজার
প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, কুন্তলকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে।
শিক্ষক নিয়োগ মামলার তদন্তে শুক্রবার সকালে সাড়ে ৭টা নাগাদ ইডির দু’টি দল কুন্তলের চিনার পার্ক এলাকার একটি আবাসনের জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। পরে ওই দু’টি ফ্ল্যাটের একটিতে জড়ো হন তদন্তকারীরা। সেখানেই তল্লাশি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ-পর্বের পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়।
‘তাপসকে ঘুষ দিইনি বলে এই হাল’, ষড়যন্ত্রের অভিযোগে সরব নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল: সংবাদ প্রতিদিন
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেপ্তারির পর বোমা ফাটালেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। নিজের গ্রেপ্তারির নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ঘুষ না দেওয়ায় এই হাল। যদিও কুন্তল ঘোষের অভিযোগকে বিশেষ পাত্তা দিতেই নারাজ তাপস।
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) বের করেন ইডি আধিকারিকরা। গন্তব্য সিজিও কমপ্লেক্স। ফ্ল্যাট থেকে বেরনোর পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ফোরক দাবি করেন কুন্তল। তিনি বলেন, “২০১৫ সাল থেকে তাপস মণ্ডলকে চিনি। আমার থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল তাপস। ঘুষের টাকা না দেওয়ায় এই হাল। পুরোটাই তাপস মণ্ডলের ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হয়েছে।” একথা বলে গাড়ি চড়ে ফ্ল্যাট চত্বর ছেড়ে বেরিয়ে যান কুন্তল ঘোষ। বেলা ১১টা ৫ নাগাদ বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল যুব নেতাকে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করা হয় তাঁর। ওই হাসপাতালে দাঁড়িয়েও গ্রেপ্তারির নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ সরব হন কুন্তল।
শুরু হচ্ছে 'প্রলয়'! চিনের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী: জি ২৪ ঘণ্টা
ভারতীয় বিমান বাহিনী উত্তর পূর্ব ভারতের সব মূল এয়ারবেসে প্রলয় অনুশীলন চালাবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আরও জানা গিয়েছে যে চিনের সঙ্গে চলতে থাকা অচলাবস্থার মধ্যেই উত্তর-পূর্বে সম্প্রতি স্থানান্তরিত ড্রোন স্কোয়াড্রন সহ উত্তর-পূর্বে তার সমস্ত প্রধান বিমান ঘাঁটিগুলিকে অন্তর্ভুক্ত করে এই অনুশীলন প্রলয় পরিচালনা করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা এই মহড়াটিও এমন একটি সময়ে শুরু হচ্ছে যখন ভারতীয় বিমান বাহিনী এই এলাকায় সক্রিয় S-400 এয়ার ডিফেন্স স্কোয়াড্রন মোতায়েন করেছে যা ৪০০ কিমি দূর থেকে শত্রুর যেকোনও বিমান বা ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে পারে।
আধিকারিকদের মতে, এই মহড়ায় রাফাল এবং এসইউ-৩০ যুদ্ধবিমান সহ বিমান বাহিনীর প্রধান যুদ্ধ সম্পদগুলি পরিবহন এবং অন্যান্য বিমানের সঙ্গে সক্রিয় করা হবে। আইএএফ সম্প্রতি সিকিম এবং শিলিগুড়ি করিডোর সেক্টরে প্রতিপক্ষের কার্যকলাপের উপর নজরদারির ক্ষমতা বাড়ানোর জন্য অন্যান্য ঘাঁটি থেকে উত্তর-পূর্বে ড্রোনের একটি স্কোয়াড্রন সরিয়ে এনেছে।
ফয়জানের রহস্যমৃত্যু: আইআইটির ডিরেক্টরকে হাইকোর্টের ভর্ৎসনা: পূবের কলম
অসমের কৃতী ছাত্র ফয়জান আহমেদের মৃত্যু-রহস্য উম্মোচন না হওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মাস্থার কাছে ভর্ৎসনার মুখে পড়তে হল আইআইটি খড়গপুরের ডিরেক্টরকে। অসম থেকে এক পরিবার এসেছে তাদের সন্তানের রহস্য মৃত্যুতে দায়ীদের শাস্তির বিচার চাইতে। আর এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিচারপতি মান্থার। বিচারপতি রাজশেখর মাহারের এজলাসে উঠে খড়গপুর আইআইটি শুক্রবার কলকাতা হাইকোর্টের কলেজে পড়ুয়া ফরজান আহমেদের রহস্যমৃত্যু মামলা। এ দিন ছাত্রমৃত্যুর ঘটনায় আইআইটির ডিরেক্টরকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। বিচারপতি মাস্থার এ দিন প্রশ্ন করেন, ছাত্রমৃত্যুর ঘটনায় আদৌ কোনও অনুভূতি আছে? নিজের সন্তান হলে কেমন মনে হত? এর পাশাপাশি বিচারপতি আরও জানান, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তার দায়বদ্ধতা ডিরেক্টরের উপর বর্তাবে।
আদালত সুত্রে প্রকাশ, গত ১৪ হস্টেল থেকে উদ্ধার হয়েছিল খড়গপুর তিওয়ারিকে। এ দিন আদালত জানায়, এরপর দু'য়ের পাতায় অক্টোবরে খড়গপুর আইআইটির অসমের বাসিন্দা ছাত্র ফয়জান আহমেদের ঝুলন্ত দেহ। প্রথমে আত্মহত্যা বলা হলেও পরে মৃত ছাত্রের পরিবার অভিযোগ করে, ফাইজানকে খুন করা হয়েছে। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মাহা তীব্র ভর্ৎসনা করলেন আইআইটির ডিরেক্টর বীরেন্দ্র তিওয়ারিকে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।