ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি  আশরাফুর রহমান। ৮ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাড়ছে লাশের সারি, এখনো ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ: প্রথম আলো
  • ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ৩ লাখ প্রাণহানির শঙ্কা: নয়াদিগন্ত
  • রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হলো শেখ হাসিনাকে: ডেইলি স্টার
  • ঢাবিতে ছাত্র অধিকারের সম্মেলন : ছাত্রলীগের বাধা-নারী উত্ত্যক্তের অভিযোগ: ইনকিলাব
  • এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৫.৯৫: সমকাল
  • এবং ধর্ষণের সালিশের জরিমানার টাকা মাতব্বরদের মধ্যে ভাগ-বাটোয়ারা, ধর্ষিতার আত্মহত্যা: মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • মোদিকে নিয়ে লোকসভায় রাহুলের মন্তব্য মানহানিকর, দাবি তুলে স্পিকারের দ্বারস্থ বিজেপি: সংবাদ প্রতিদিন
  • মালদা-মুর্শিদাবাদে জমি দখল: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলার শুনানি ২০ ফেব্রুয়ারি: পূবের কলম
  • 'ইনডাইরেক্ট' বিজেপি; আগরতলাতেও বোঝালেন মমতা: গণশক্তি
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক! বাড়ি, গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা: আনন্দবাজার

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাড়ছে লাশের সারি, এখনো ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ: প্রথম আলো

বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে তুরস্কে ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের খবরাখবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। প্রথম আলো লিখেছে, গত সোমবারের ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও সিরিয়ার পশ্চিমাঞ্চলের হাজার হাজার ভবন ধসে পড়েছে। এগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে। এখনো যাঁরা জীবিত আছেন, তাঁদের উদ্ধারে জোর চেষ্টা চলছে। তবে বৈরী আবহাওয়া ও ভূমিকম্পে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা সব জায়গায় যেতে পারছেন না। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৯৪ জনের। আর সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৯৩২ জন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ৩ লাখ প্রাণহানির শঙ্কা: নয়াদিগন্ত

রিখটার স্কেলে যদি সাত মাত্রার ভূমিকম্প হয়, ওই ধাক্কা সামলাতে পারবে না ঢাকা। ধসে পড়বে কয়েক হাজার ভবন, মৃত্যু হবে অন্তত দুই থেকে তিন লাখ মানুষের। এমনটাই মনে করছেন ভূমিকম্প বিশ্লেষকরা।

২০১৬ সালের ৪ জানুয়ারি ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। ওই আতঙ্কেই মারা যায় ছয়জন। গত ১৫ বছরে ছোট-বড় ভূমিকম্পে ১৪১ বার কেঁপে ওঠে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আলামত। আবার বড় ভূমিকম্পের শত বছরের মধ্যে আরেকটি বড় ভূমিকম্প হয়। সে দিক থেকেও আগামী কয়েক বছরের মধ্যে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, ‘গত দুই-তিন বছরে দেশে ভূমিকম্প অনেক বেড়েছে। আবার এক শ’ বছরের মধ্যে আমাদের এখানে তেমন বড় ভূমিকম্প হয়নি। এটা আতঙ্কের বিষয়। তার মানে, ছোট এসব কম্পন শক্তি সঞ্চয় করছে। ফলে সামনে বড় ভূমিকম্পের শঙ্কা আছে। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এর চেয়ে ছোট, অর্থাৎ রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলেও শুধু ভবন ধস নয়, ঢাকার অপরিকল্পিত বিদ্যুৎ সঞ্চালন ও গ্যাসলাইন এ নগরকে একটি অগ্নিকূপে পরিণত করতে পারে। কয়েক হাজার ভবন ধসে পড়বে। মৃত্যু হতে পারে আড়াই থেকে তিন লাখ মানুষের। কারণ, আমাদের ভবনগুলো এখনো নিরাপদভাবে তৈরি হচ্ছে না।

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হলো শেখ হাসিনাকে: ডেইলি স্টার

রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'সংসদীয় দলের বৈঠকে দলের পক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা অর্পণের প্রস্তাব করা হয়েছে। সেটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এখন ঐক্যের প্রতীক শেখ হাসিনা সব জল্পনা কল্পনার অবসান ঘটাবেন।'

ঢাবিতে ছাত্র অধিকারের সম্মেলন: ছাত্রলীগের বাধা-নারী উত্ত্যক্তের অভিযোগ: ইনকিলাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে ছাত্রলীগের বাধা, হেনস্তা ও নারী নেত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র অধিকারের পূর্বঘোষিত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগ। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু করলে সেখানেও বাধা পেয়ে উপাচার্যের বাসভবনের সামনে সম্মেলন ও ভোটগ্রহণ সম্পন্ন করে ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের অভিযোগ, সম্মেলনে অতিথিদের বক্তব্য চলাকালে ‘ভুয়া’, ‘ভুয়া’সহ নানা স্লোগান দিতে থাকে ছাত্রলীগের একাংশ। সম্মেলন বানচাল করতে পুরোটা সময় তারা বিদ্বেষ ও উসকানিমূলক স্লোগান দেয় এবং এক নারী নেত্রীর বক্তব্য চলাকালে ‘নতুন নাকি’, ‘সুন্দরী মেয়ে এখানে কি করে’সহ নানাভাবে খারাপ ভাষায় কথা বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৫.৯৫: সমকাল

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন।

ধর্ষণের সালিশের জরিমানার টাকা মাতব্বরদের মধ্যে ভাগ-বাটোয়ারা, ধর্ষিতার আত্মহত্যা: মানবজমিন

বিয়ের কথা বলে স্বামী পরিত্যক্তা এক নারীকে মাসের পর মাস ধর্ষণ করে আলফাজ নামে এক যুবক। বিয়েতে রাজি না হওয়ায় ওই যুবকের  বিরুদ্ধে মামলা করতে প্রস্তুতি নেন ওই নারী। এতে বাধা হয়ে দাঁড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা ও কয়েকজন গ্রাম্য মাতব্বর। এক ইউপি সদস্যের চেম্বারে শালিসের মাধ্যমে সাব্যস্ত হয় ধর্ষিতাকে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার। ক্ষতিপূরণের টাকা ঠিকই নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে ভাগ বসায় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাসহ কয়েক মাতব্বর। ক্ষতিপূরণের টাকা ও ধর্ষণের বিচার না পাওয়ায় মনের দুঃখে ঘটনার সঙ্গে জড়িত আলফাজের বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেন ওই নারী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ী গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

মোদিকে নিয়ে লোকসভায় রাহুলের মন্তব্য মানহানিকর, দাবি তুলে স্পিকারের দ্বারস্থ বিজেপি: সংবাদ প্রতিদিন

আদানি ইস্যুতে লোকসভায় প্রধানমন্ত্রী মোদিকে মঙ্গলবার কাঠগড়ায় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর এই আক্রমণকে ঘিরে শোরগোল সৃষ্টি হয় সংসদে। এবার তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়ে স্পিকারের দ্বারস্থ হল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, রাহুল যা বলেছেন তা ‘অবমাননাকর এবং অশালীন’।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তাঁর দাবি, রাহুল কক্ষকে বিভ্রান্ত করেছেন এবং কোনও প্রমাণ ছাড়াই মোদিকে (PM Modi) ‘পুঁজিবাদী’ বলে তোপ দেগেছেন।

মালদা-মুর্শিদাবাদে জমি দখল: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলার শুনানি ২০ ফেব্রুয়ারি: পূবের কলম

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আদানি গোষ্ঠীর জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার শুনানি চলে। বাংলা সীমান্তবর্তী ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠাবে আদানি গোষ্ঠী। সেই কারণে মুর্শিদাবাদের ফরাক্কার উপর দিয়ে যাবে হাইটেনশন তার। এর জন্য কেটে ফেলা হয়েছে মালদা-মুর্শিদাবাদের অনেক পুরনো বড় বড় আম ও লিচু বাগান। এর ফলে ফল চাষিরা পড়েছেন সমস্যায়। তাদের রুজি-রোজগারে পড়েছে কোপ। এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এ দিন আদালত এই মামলার দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছে। এ দিন শুনানি পর্বে প্রধান বিচারপতি মামলাকারীর কাছে জানতে চান, “এত বছর কেন আবেদন করেননি তিনি।' বহু মানুষ সমস্যায় রয়েছেন জানিয়ে দ্রুত মামলাটি শুনানির আবেদন করেন মামলাকারীর আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

‘ইনডাইরেক্ট’ বিজেপি; আগরতলাতেও বোঝালেন মমতা: গণশক্তি

‘‘আমি দীর্ঘদিন আগেই বুঝেছিলাম সিপিআই(এম)’র বি টিম হল কংগ্রেস। তাই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল বানিয়েছিলাম।’’

মঙ্গলবার আগরতলার রোড শো তে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন মমতা ব্যানার্জি। একইসঙ্গে এমন এক সময়ের সঙ্গে নিজের যোগসূত্র ফের একবার জোরালো ভাবে প্রমাণ করলেন, যখন প্রথমবারের জন্য বাংলায় পায়ের তলার মাটি খুঁজে পেয়েছিল বিজেপি। 

মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলায় রোড শো এবং সভা করেন মমতা ব্যানার্জি এবং তাঁর সাংসদ ভাইপো অভিষেক ব্যানার্জি। তাঁদের দুজনের কয়েক ঘন্টার সফরের পুরোটাই ছিল তীব্র সিপিআই(এম) এবং কংগ্রেস বিরোধীতায় ভরা। অমিত শাহ’র সুরে সুর মিলিয়ে বাম-গণতান্ত্রিক জোটকে খুল্লমখুল্লা নিশান করলেন তাঁরা দুজনে। দাবি করলেন, বিজেপির প্রকৃত বিরোধী তৃণমূল। এদিন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ভাষণ শুনলে মনে হতেই পারে, সেরাজ্যে বিজেপি নয়, বরং ক্ষমতায় রয়েছে বাম কংগ্রেস জোট। আর মমতা এবং অভিষেক প্রধান বিরোধী শক্তি বিজেপির হয়ে প্রচারে নেমেছেন। 

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক! বাড়ি, গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা: আনন্দবাজার

আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হচ্ছে ৬.৫ শতাংশ। এই নিয়ে টানা ছ’বার রেপো রেট বাড়াল শীর্ষব্যাঙ্ক। আরবিআইয়ে ‘মনিটরি পলিসি কমিটি’র (এমপিসি) বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ৬ সদস্যের কমিটির ৪ জন সদস্য রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দেন। তার পরেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর এমপিসি এই প্রথম বৈঠকে বসল।

রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। সাধারণত, রেপো রেট বাড়লে তার সরাসরি প্রভাব এসে পড়ে ঋণ শোধের প্রক্রিয়ায়। ঠিক এই কারণেই রেপো রেট বৃদ্ধি পেলে বাড়ি কিংবা গাড়ি কেনার ইএমআই বেড়ে যেতে পারে। যদিও বাড়তি ইএমআইয়ের বোঝা কতটা মানুষের ঘাড়ে চাপবে, তা স্থির করেন আরবিআইয়ের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।