ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৯:১৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, এই প্রশ্নে বিতর্ক: প্রথম আলো
  • বেঁচে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই: সাহাবুদ্দিন- দৈনিক বাংলা
  • সামনে অবস্থা আরো খারাপ হতে পারে: জি এম কাদের- ইত্তেফাক
  • গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: যুগান্তর
  • মেডিকেলে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন: মাদরাসা শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি: নয়াদিগন্ত
  • যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ: মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • বাল্যবিবাহ: অসমে গ্রেফতার বেড়ে ৩.০১৫: পুলিশি অভিযান চলবে: হিমন্ত- পূবের কলম
  • 'বিজেপির লুকোনোর বা ভয় পাওয়ার কিছু নেই’, আদানি বিতর্কে মুখ খুললেন অমিত শাহ: আনন্দবাজার
  • যোগী রাজ্যে উচ্ছেদ অভিযানে পুড়ে মৃত মা ও মেয়ে, ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ: আজকাল
  • তিন মাসের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি জানুয়ারিতে: গণশক্তি

বিশ্লেষণের বিষয়

১. যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। মানবজমিনে প্রকাশিত এ খবরকে কীভাবে দেখছেন আপনি?

২. ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ চীন সফরে গেছেন এবং বলা হচ্ছে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আপনার পর্যবেক্ষণ কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, এই প্রশ্নে বিতর্ক: প্রথম আলো

রাষ্ট্রপতি পদ লাভজনক নাকি লাভজনক নয়—এখন নতুন করে এই বিতর্ক দেখা দিয়েছে। দেশের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ছিলেন। দুদক আইনে বলা আছে, দুদকের কোনো কমিশনার অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের যোগ্য হবেন না। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দুদক আইনের সূত্র ধরে রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, এই প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সংবিধান বিশেষজ্ঞরাও এই প্রশ্নে সবাই একমত হতে পারছেন না। তাঁদের কেউ কেউ মনে করেন, রাষ্ট্রপতি পদ অলাভজনক। তাঁদের বক্তব্য হচ্ছে, রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ এবং এটি লাভজনক পদ নয়। তবে ভিন্নমতও রয়েছে কারও কারও।

রাষ্ট্রপতির পদ লাভজনক অথবা লাভজনক নয়, এমন কিছু সংবিধানে স্পষ্ট করে বলা নেই। সে কারণেই বিষয়টি নিয়ে দেশে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। এখন সেই বিতর্কই নতুন করে আলোচনায় এসেছে।

বেঁচে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই: সাহাবুদ্দিন- দৈনিক বাংলা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মো. সাহাবুদ্দিন বলেছেন, বেঁচে থাকলে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

সোমবার কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে আল্লাহ যদি জীবন দেন সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশা।

একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেয়ার আহ্বান জানিয়ে গণমাধ্যমকে মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি সব সরকারবিরোধী দলকে আহ্বান জানাব- আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে অ্যাকোমোডেশন করতে, জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনো রকম অন্তরায় না থাকে, কোনো রকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয়।

সামনে অবস্থা আরো খারাপ হতে পারে: জি এম কাদের- ইত্তেফাক

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার গত বারের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। দেশে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সামনের দিকে আরো খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। তিনি গতকাল সোমবার তার বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: যুগান্তর

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে অ্যাডভোকেট একরামুল হক টুটুল এ রিট করেছেন। রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহিদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

মেডিকেলে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন: মাদরাসা শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি: নয়াদিগন্ত

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে আবেদন শুরু হয়। আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। এ দিকে গতকাল থেকে মেডিক্যালে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হলেও এতে টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়ছেন মাদসারা বোর্ডের শিক্ষার্থীরা। তারা চাহিদামতো সব তথ্য পূরণ করে সাবমিট দেয়ার পরও তা সঠিকভাবে সাবমিট হচ্ছে না। ভুল তথ্য বা আবেদন অযোগ্য বলে অনলাইনেই রিপ্লাই আসছে।

গতকাল দুপুর ১২টা থেকে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন শুরুর পর থেকেই মাদরাসা শিক্ষার্থীরা আবেদন না করতে পারার অভিযোগ করছেন। মাদরাসা শিক্ষার্থীদের অভিযোগ- সব প্রক্রিয়া সম্পন্ন করে যখন আবেদন সাবমিট করছেন তখন ‘ইউ আর নট এলিজেবল’ লেখা আসছে। তবে আবেদনের সব শর্ত পূরণ করেই তারা আবেদন করছেন।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ: মানবজমিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে আসছে গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। আগামী ২৯ ও ৩০শে মার্চ ভার্চুয়ালি ওই বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করা, দুর্নীতি দমন ও মানবাধিকার সমুন্নত রাখা—এ তিন লক্ষ্যে অঙ্গীকার পূরণের অগ্রগতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ বিষয়ে আসন্ন সম্মেলনে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো গণতন্ত্রের বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল। সে সম্মেলনে ১১০টি দেশের প্রায় সাড়ে সাতশ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সেই সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। তখন ঢাকার তরফে পরবর্তী সম্মেলন অর্থাৎ দ্বিতীয় সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল। 

কিন্তু, এবারও সেটা হয়নি। মার্কিন গণতন্ত্র শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, আমন্ত্রণ না পাওয়া নিয়ে বাংলাদেশ খুব একটা চিন্তিত নয়। গণতন্ত্রের সম্মেলনে আমন্ত্রণ জানালেই গণতন্ত্র  ভালো প্রমাণ হবে তা কিন্তু নয়- এমন মন্তব্য করে সচিব বলেন, কোন দেশকে কি বিবেচনায় আমন্ত্রণ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রই ভালো বলতে পারবে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বাল্যবিবাহ: অসমে গ্রেফতার বেড়ে ৩.০১৫: পুলিশি অভিযান চলবে: হিমন্ত- পূবের কলম

কান্না, আর্তনাদ, হাহাকার, বিক্ষোভ- কোনও কিছুতেই কোনও হেলদোল নেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার হিমন্ত ফের ঘোষণা করলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে তাঁদের এই অভিযান চলবে। মুখ্যমন্ত্রী বাল্যবিবাহকে 'সমাজের পাপ' বলে অভিহিত করে বলেন, এখনও পর্যন্ত ৩ হাজার ১৫ জনকে গেফতার করা হয়েছে। সমাজের এই পাপের বিরুদ্ধে পুলিশ অভিযান চলবে।'

এমনিতেই অঅফিযোগ উঠেছে, অসম পুলিশের এই অভিযানে ভূক্তভোগীদের বেশিরভাগই গরিব মুসলিম। তার উপর পরিবারগুলির প্রধান উপার্জনকারীদের গ্রেফতারিতে সংসারে অভাব আরও প্রবল আকার নিয়েছে। দিন আনা দিন খাওয়া পরিবারগুলির এখন কার্যত পথে বসার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে হিমন্তর এই 'হুংকারে' আরও আতঙ্ক তৈরি হয়েছে।

বিজেপির লুকোনোর বা ভয় পাওয়ার কিছু নেই, আদানি বিতর্কে মুখ খুললেন অমিত শাহ: আনন্দবাজার

আদানি বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘‘বিজেপির কিছু লুকোনোর নেই আর ভয় পাওয়ারও কিছু নেই’’, মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যই করলেন শাহ। এই বিতর্কে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। তার জবাব দিতে গিয়েই এই মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপি করে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ উঠেছে। আমেরিকার লগ্নি গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ‘সুসম্পর্ক’কে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস-সহ বিরোধীরা। আদানির সঙ্গে মোদীর সম্পর্ক কী? এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

যোগী রাজ্যে উচ্ছেদ অভিযানে পুড়ে মৃত মা ও মেয়ে, ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ: আজকাল

কানপুরের দেহাত জেলার এক গ্রামে পুলিশের উচ্ছেদ অভিযানে পুড়ে মৃত মা ও মেয়ে। অভিযোগ উঠল এমনই। মৃতাদের পরিবারের দাবি, তাঁদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দাবি করেছে, ওই দুই মহিলা নিজেরাই গায়ে আগুন লাগিয়েছেন। এটা ঘটনা, সরকারি জমি থেকে বাসিন্দাদের উচ্ছেদ করার সময় মা ও মেয়ের মৃত্যু ঘটে।

প্রসঙ্গত সোমবার বিনা নোটিসেই বুলডোজার নিয়ে ‘গ্রাম সমাজের’ জমিতে উচ্ছেদ অভিযান শুরু করেন সরকারি আধিকারিকরা। এলাকার ঝুপড়িগুলিতে আগুন ধরিয়ে দেয় পুলিশ, অভিযোগ স্থানীয়দের। সেই সময়েই পুড়ে মারা যান প্রমীলা দীক্ষিত (‌৪৫)‌ ও তাঁর কন্যা নেহা (‌২০)‌। প্রাণে বেঁচে যান প্রমীলার পুত্র শিভম। অগ্নিদগ্ধ হন প্রমীলার স্বামী। তাঁর ছেলে অভিযোগ করেছেন, ‘ঘরের মধ্যে থাকা সত্ত্বেও আগুন ধরিয়ে দেয় পুলিশ। জেলাশাসকের সামনে ঘটনাটি ঘটলেও তিনি কোনও প্রতিবাদ করেননি।’ এসপি মূর্তি জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে ওই দুই মহিলা নিজেদের ঘরে আটকে নিজেরাই আগুন ধরিয়ে দেন। তাঁদের মৃত্যু হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যদি এই মৃত্যুর সঙ্গে পুলিশ জড়িত থাকে, তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে।

তিন মাসের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি জানুয়ারিতে: গণশক্তি

খুচরো বাজারে জানুয়ারিতে ফের লাফিয়ে বাড়ল মূল্য সূচক। সোমবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে তিন মাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার জানুয়ারিতে।

কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৭২ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে খুচরো মূল্যবৃদ্ধির লক্ষমাত্রা বেঁধে রাখা হয়েছিল ৬ শতাংশে। কিন্তু কেন্দ্রীয় রিপোর্ট থেকেই স্পষ্ট, গত তিন মাসের মধ্যে প্রথমবার আরবিআই’র নির্দিষ্ট করা লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার। শেষবার মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়েছিল ২০২২ সালের অক্টোবর মাসে। প্রতিদিন সকালে উঠে খুচরো বাজার থেকেই কেনাকাটা করেন কোটি কোটি ভারতীয়। সেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে চলার ফলে সাধারণ মানুষের পকেটে আরও টান পড়তে চলেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।