আগস্ট ২৯, ২০২৩ ১২:৩৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ২৯ আগস্ট (মঙ্গলবার) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দেব।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • কখনও পদের জন্য রাজনীতি করিনি: শেখ হাসিনা-দৈনিক সমকাল

  • ড. ইউনূসকে ‘হয়রানির’ বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ’- ইত্তেফাক
  • নির্বাচন নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা ড. কামালের- প্রথম আলো
  • ড. ইউনূসকে নিয়ে আন্তর্জাতিক বিবৃতিতে বিচলিত নয় সরকার’- দৈনিক কালেরকণ্ঠ
  • অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরানো শুরু- যুগান্তর
  • ৭০ শতাংশ মানুষ মনে করে অর্থনীতি ভুল দিকে চলছে, ৪৮ শতাংশ মানুষ মনে করে রাজনীতি ভুল পথে চলছে- মানবজমিন
  • জাতির সূর্য সন্তান ড. ইউনুস : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • শেষে চাঁদও কিনা হিন্দু রাষ্ট্র: সংবাদ প্রতিদিন
  • পুরুলিয়ায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, আট কোটি টাকার গয়না সহ নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা– আনন্দবাজার
  • দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি নওশাদের: পূবের কলম 

শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তুারিত

নির্বাচন নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা ড. কামালের- প্রথম আলো

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। নির্বাচন নিয়ে ড. কামালের পক্ষে ছয়টি প্রস্তাব দিয়েছে গণফোরাম।

ড. কামাল হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে চেষ্টা করতে হবে, যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়।’আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণফোরামের এক আলোচনা সভায় ড. কামাল হোসেন এ আশঙ্কা প্রকাশ করেন।

‘গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আসুন ঐক্যবদ্ধ হই’ স্লোগানে দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা করে গণফোরাম।  সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. কামাল হোসেন।

বক্তারা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে মামলা দিয়ে হয়রানির নিন্দা জানান।

ড. কামাল অসুস্থ থাকায় খুব সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, ‘৩০ বছর ধরে আমরা এই সংগঠন চালিয়ে আসছি। আজকে জনগণের ঐক্য সবচেয়ে বড় প্রয়োজন। আমার একটাই আবেদন, আজকে আমরা জাতীয় ঐক্যের জন্য সবাই একত্রে কাজ করি। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

ড. ইউনূসকে ‘হয়রানির’ বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ’- ইত্তেফাক

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। সেই সঙ্গে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক ‌‘হয়রানির’ বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৮ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। ব্রিফিংয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্প্রতি বিচারিক ‘হয়রানির’ লক্ষ্যবস্তু করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ১০০ নোবেল বিজয়ীসহ ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি লেখা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা (বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন) দেখতে চাই এবং আমি মনে করি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়। আর আমি প্রফেসর ইউনূসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখা হবে। আমি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সম্পর্কে জানি না।

জাতির সূর্য সন্তান ড. ইউনুস : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস হলেন এই জাতির একজন সূর্য সন্তান। উনাকে যারা ছোট করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও উনার সমান উচ্চতায় যেতে পারবেন না।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শত বছর পরেও এই জাতির মানুষ ড. ইউনুসকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সাথে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিল। উনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে উনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করার আহবান জানান বিএনপি মহাসচিব। উল্লেখ্য, শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে মানিলন্ডারিং করে টাকা সরিয়ে নিচ্ছেন নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস- এমন অভিযোগ এনে শ্রম আদালতে ১৮ শ্রমিকের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। সোমবার (২৮ আগস্ট) সকালে ১৮ শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এ মামলা দায়ের করেন। পরে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

কখনও পদের জন্য রাজনীতি করিনি: শেখ হাসিনা-দৈনিক সমকাল

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কখনও পদের জন্য রাজনীতি করিনি। রাজনীতি করেছি দলের জন্য। তিনি বলেন, স্কুলজীবন থেকে রাজনীতি করছি। তারপর কলেজ জীবন, ভার্সিটি সবখানেই রাজনীতি করেছি। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন। ব্রিকস সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।

ড. ইউনূসকে নিয়ে আন্তর্জাতিক বিবৃতিতে বিচলিত নয় সরকার’- দৈনিক কালেরকণ্ঠ

ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে আন্তর্জাতিক ব্যক্তিদের বিবৃতিতে সরকার বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গোটা বিষয়টি হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।  

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা হতাশাজনক যে, একজনকে সুরক্ষা দেওয়ার জন্য অব্যাহতভাবে চেষ্টা করা হচ্ছে। অতীতে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মর্যাদা শুধু যে তার গুণের কারণে হয়েছে সেটি নয়, এর পেছনে অনেক বিনিয়োগ আছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। বিচার বিভাগই সিদ্ধান্ত নেবে এবং বিচার চলবে। এটি নিয়ে বিচলিত বা চিন্তিত নই।’ ড. ইউনূস দেশের বিরুদ্ধে অর্থ ব্যয় করছেন দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি বা তার লোকজন বাংলাদেশের বিরুদ্ধে এখনও অর্থ ব্যয় করে যাচ্ছেন– এতে কোনো সন্দেহ নেই। বিচার বিভাগ স্বাধীন জানিয়ে তিনি বলেন, ‘এখানে (মামলায়) সরকারের প্রভাব অতীতে ছিলো না এবং আগামীতেও থাকবেও না। তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেষে চাঁদও কিনা হিন্দু রাষ্ট্র: সংবাদ প্রতিদি

আসন্ন লোকসভা ভোটে ইসরোর সফল চন্দ্রাভিযান ঘিরে হিন্দুত্বের রাজনীতি ক্রমশ প্রকট হচ্ছে। বিতর্কের সূত্রপাত ঘটে বিক্রম ল‌্যান্ডারের চন্দ্রপৃষ্ঠে ছোঁয়ার বিন্দুটির ‘শিবশক্তি’ নামকরণে। কিন্তু তা হল ‘ইন্টারন‌্যাশনাল অ‌্যাস্ট্রোনমিক‌্যাল ইউনিয়ন’-এর ছাড়পত্র ব্যতীত! অন্যদিকে, হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ‘শিবশক্তি পয়েন্ট’-কে চাঁদের রাজধানী ও চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি উঠেছে! লিখলেন সুতীর্থ চক্রবর্তী।

ভবিষ‌্যতে কোনও একসময় কি চাঁদে ‘শিবশক্তি পয়েন্ট’-টি ধর্মতলার মতো জনপ্রিয় হবে? হিন্দু মহাসভার নেতা ও স্বঘোষিত ধর্মগুরু চক্রপাণি অবশ‌্য দাবি করেছেন, নরেন্দ্র মোদি নামাঙ্কিত ‘শিবশক্তি পয়েন্ট’-টি হবে চঁাদের রাজধানী। ধর্মগুরুর আরও প্রস্তাব, ‘চঁাদকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে।’

লোকসভা ভোটে ইসরো-র সফল চন্দ্রাভিযানকে যে নরেন্দ্র মোদি হাতিয়ার করবেন, তা একটি শিশুর বোধগম‌্য হলেও, সেটি যে এভাবে হিন্দুত্ব প্রচারেরও অস্ত্র হয়ে উঠবে, সাধারণের ধারণায় ছিল না। বেঙ্গালুরুতে ‘ইসরো’-র দফতরে দঁাড়িয়ে বিক্রম ল‌্যান্ডারের চন্দ্রপৃষ্ঠে স্পর্শবিন্দুটির নামকরণ করতে গিয়ে মোদির ব‌্যাখ‌্যা ছিল– ‘শিব’ মানে শুভ এবং ‘শক্তি’ হল নারীশক্তির প্রতীক। ইসরোর প্রমীলা বাহিনীকে মোদি অালাদা করে স্বীকৃতিও দেন। কিন্তু ২৪ ঘণ্টার মধে‌্যই বিশ্ব হিন্দু পরিষদের নেতার বয়ানে স্পষ্ট হল, বিজ্ঞানের জয়যাত্রাকেও হিন্দুত্বের মোড়ক দেওয়ার চেষ্টা শুরু হয়ে গিয়েছে।

পুরুলিয়ায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, আট কোটি টাকার গয়না সহ নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা– আনন্দবাজার

পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি।

ক্রেতা সেজে দোকানে ঢুকে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে আট কোটি টাকার সোনার গয়না ও কয়েক লক্ষ টাকার নগদ নিয়ে পালায় দুষ্কৃতীরা। জানা গেছে, দোকান মালিক সৌরভ দাঁ আরেকটি বিপণীর ফ্রাঞ্চাইজি নিয়েছেন। মঙ্গলবার সন্ধেয় সেই দোকানের উদ্বোধন। সেই উপলক্ষে দোকানের অধিকাংশ কর্মচারী ব্যস্ত। যার ফলে অন্যান্য দিনের তুলনায় এদিন কম সংখ্যক কর্মচারী ছিলেন পুরুলিয়া শহরে নামপাড়া এলাকায় সোনার বিপণীটিতে। পুলিশের অনুমান এই সুযোগটাই নিয়েছিল দুষ্কৃতীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রথমে ক্রেতা সেজে দোকানে ঢুকে দুই দুষ্কৃতী সোনার গয়না দেখতে থাকে। পরে দলের আরও পাঁচজন সেখানে আসে। এরপর দোকানের দুই নিরাপত্তারক্ষীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ক্রেতাদের কাছ থেকে ও দোকান থেকে প্রায় আট কোটি টাকার সোনার গয়না লুট করে। দোকানের ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা নগদ নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। এই ঘটনায় দোকান সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়। পুলিশ প্রাথমিক তদন্তের পর সোনার বিপণীটি বন্ধ করে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানের কোনও কর্মচারী এই ঘটনায় যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি নওশাদের: পূবের কলম 

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তের দাবি তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনার তদন্তভার এনআইএ কে দেওয়া দরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত’। হাওড়ায় গিয়ে রাজ্যকে তোপ দেগে নওশাদ বলেন, ‘বোম নিয়ে রাজ্যে গবেষণা চলছে। বোমকে শিল্পে পরিণত করে দিয়েছে এই রাজ্য সরকার। অবিলম্বে এদের অ্যাওয়ার্ড দেওয়া দরকার’।

মঙ্গলবার সকালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাওড়ার বাঁকড়া নয়াবাজে। ওই শিবিরে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সেখানে বলেন, ‘পশ্চিমবঙ্গ দিবস হওয়া দরকার। কিন্তু যে ডেটটা বলা হচ্ছে তা নিয়ে আমি সহমত নই। সকলের সঙ্গে আলোচনা করে এটা করা উচিত। বিল পাস করিয়ে নিয়ে মানুষের উপর চাপিয়ে দেওয়া অনুচিত কাজ বলে আমি মনে করি’।#