দ্রুত অভিযান চালানোয় বড় নাশকতা থেকে রক্ষা: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৬ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের সভাপতির লাশ উদ্ধার-ইত্তেফাক
এক বছর ধরে নিখোঁজ আহত ‘জঙ্গি’ হাসান-প্রথম আলো
তথ্যমন্ত্রীর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট-যুগান্তর
কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, নিহত ৯-মানবজমিন
ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
দিল্লিতে জোট–জল্পনা, নীতীশের সঙ্গে বসছেন মমতা-আজকাল
কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত ৪ জঙ্গি, পাকড়াও ১-আনন্দবাজার
গুলশান হামলার ১০ চক্রী পালিয়ে পশ্চিমবঙ্গ, অসমে-বর্তমান
চোর অপবাদে ৩৫ দিন হাজতবাস দুধের শিশুর -সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। আজকের জাতীয় ও অনলাইন দৈনিকগুলোতে কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান সম্পর্কিত খবরই বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে।
প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবর
ল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, নিহত ৯
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার ৫তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের সবাই নিহত হয় বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে গোলাগুলির পর কল্যানপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। ভোর ৫ টা ৫১ মিনিট থেকে ৬ টা ৫১ মিনিট পর্যন্ত এক ঘন্টাব্যাপী চলে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।
দ্রুত অভিযান চালানোয় বড় নাশকতা থেকে রক্ষা: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিরা বড় ধরনের নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দাদের দ্রুত অভিযান চালানোর কারণে তারা বড় কোনো নাশকতামূলক কাজ করতে পারেনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অভিযানে নয়জন নিহত হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে। যেভাবেই হোক এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা ও প্রতিরোধ করতে হবে।তিনি বলেন, কারা, কোথায়, কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করে তা খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদ দমনে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
কল্যাণপুরের ঘটনা নিয়ে যুগান্তরের কয়েকটি খবর এরকম যে, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পরিচালিত 'অপারেশন স্টর্ম-২৬' অভিযানে নিহতরা সবাই জঙ্গি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদাজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অভিযানকে সফল বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগাম তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। আস্তানায় থাকা জঙ্গিরা দু-একদিনের মধ্যে বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। আস্তানায় পুলিশ পৌঁছলে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়। অভিযান সফল হয়েছে।
কল্যাণপুরের ঘটনা ইতিহাসের সফল অভিযান বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আইজিপি বলেছেন গুলশানের মতো হামলার টার্গেটে কল্যাণপুর জঙ্গিরা জড়ো হয়।
তথ্যমন্ত্রীর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট-যুগান্তর
টিআর ও কাবিখা প্রকল্প নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন। অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ জানান, আজকে এ রিট দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, রোববার ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এক সম্মেলনের টিআর-কাবিখার অর্থ আত্মসাত নিয়ে এমপিরাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তার মতে, টিআর-কাবিখা'র অর্ধেকই যায় সংসদ সদস্যদের পকেটে।
এ বিষয়ে সোমবারে মন্ত্রিসভায় এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, 'টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।'
মানবজমিনের খবর: নিখোঁজ ব্যবসায়ী খালেদের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার
রাজধানীর ধানমন্ডি থেকে নিখোঁজ ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মো. খালেদ হাসানের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মো. বাশার মানবজমিনকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচর বরাবর বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী খালেদ হাসানের লাশ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এর আগে শনিবার রাতে ধানমন্ডির বাসা থেকে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
সংযতমূলক মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের-মানবজমিন
মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে স্থিতিশীল রাখতে এবং সরকার ঘোষিত জিডিপি অর্জনে মুদ্রানীতির মূল্য লক্ষ্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সাংবাদিকদের এ তথ্য জানান। চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) ঘোষিত এই মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ।
রিজার্ভ চুরিতে কেন্দ্রীয় ব্যাংকের ৭ কর্মকর্তাসহ ভারতীয় প্রতিষ্ঠান-যুগান্তর
চাঞ্চল্যকর রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ৭ কর্মকর্তাসহ তিন প্রতিষ্ঠান জড়িত। সরকার গঠিত তদন্ত কমিটি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ ধরনের তথ্যপ্রমাণ পেয়েছে।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ঊর্ধ্বতন ২ কর্মকর্তা সরাসরি জড়িত। তারা জেনেশুনেই সহায়তা করেছেন। তাদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি দণ্ডবিধিতে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হলেও গত দেড় মাসে তা বাস্তবায়িত হয়নি।
তবে এ কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।সূত্র জানায়, ভারতীয় একটি প্রতিষ্ঠান প্রথম থেকেই এ ঘটনায় জড়িত বলে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ওয়ার্ল্ড ইনফরমেটিকস নামের প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত ৪ জঙ্গি, পাকড়াও ১-আনন্দবাজার
সেনা-জঙ্গি সংঘর্ষে কাশ্মীরে মারা গেল চার জঙ্গি। সেনা সূত্রে খবর, মঙ্গলবার সকালে কুপওয়ারা জেলায় এক জন জঙ্গিকে পাক়ড়াও করা হয়েছে।
এ দিন সকাল থেকেই কুপওয়ারা জেলার নওগাঁওয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। কুপওয়ারায় অভিযান শুরু করেন সেনা জওয়ানরা। জঙ্গিদের সঙ্গে তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় চার জঙ্গি। সেনার হাতে ধরা পড়ে এক জন।
বাবরি–বিতর্কিত পুরাতত্ত্ব–কর্তাকে মোদির পুরস্কার!-আজকাল
আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার (এ এস আই) বিতর্কিত প্রাক্তন আধিকারিক বি আর মানিকে ন্যাশনাল মিউজিয়ামের প্রধান হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। অযোধ্যার বিতর্কিত জমিতে আগে মন্দির ছিল কি না তা জানতে আদালতের নির্দেশে খোঁড়াখুঁড়ি করেছিল এ এস আই। ২০০৩ সালে মানির নেতৃত্বাধীন এ এস আই দল রিপোর্ট জমা দেয়। তাতে বলা হয়েছিল, দশম শতাব্দীতে সেখানে মন্দির ছিল। পাওয়া গেছে তার ভগ্নাবশেষ। এরপরই এলাহাবাদ হাইকোর্ট মানিকে খোঁড়াখুঁড়ির দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬