ফার্সি ভাষায় 'অব' آب মানে পানি (৬৩তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে ইরানের রাজধানী তেহরানের উত্তর প্রান্তে অবস্থিত একটি বিনোদন কেন্দ্রের সাথে পরিচয় করিয়ে দেবো। এই বিনোদন কেন্দ্রটির নাম দারবান্দ।
দারবান্দ আসলে তেহরানের উত্তরে অবস্থিত একটি গ্রামের নাম। তবে তেহরান শহরের বিস্তৃতি'র সাথে সাথে এই গ্রামটি এখন তেহরান শহরের ভেতরে চলে এসেছে। দারবান্দে অনেক উঁচু পাহাড় রয়েছে এবং এসব পাহাড়ের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে। এখানে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টগুলোর আঙ্গিনায় দর্শনার্থীদের জন্য ছোট ছোট অনেক চৌকি পাতানো রয়েছে। এখানে ঘুরতে আসা লোকজন এসব চৌকিতে বসেন এবং রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এখানে বসে আহার করেন। বিশ্রাম করার জন্যও বিভিন্ন গাছের নীচে পাতানো এসব চৌকি বেশ উপযোগী। হামিদ আজ তার কয়েকজন বন্ধুর সাথে দারবান্দে গিয়েছিল। সেখান থেকে ফিরে সে মোহাম্মাদকে দারবান্দ ভ্রমনের গল্প শোনায়। হামিদের গল্প শোনার আগে চলুন আজকের কথোপকথনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
تو می آیی - از کجا - بالا - بالاتر - تفریحگاه - خوب - دیدنی - آنجا - هست - آره - محله - پارک - او ندارد ـ قشنگ - مناظر قشنگ ـ با صفا - وسط - پس - دو طرف - رستوران - زیاد - تو می نشینی - تو می خوری - تو لذت می بری - چند ساعت - چای - هوا - هوای خوب - خنک - صدا - آب - صدای آب - لذت بخش - من می روم - خوب است من بروم - تو می روی - بالای کوه - پیاده - پائین - تو می آیی - کوهنورد - تعطیل - تابستان - شبهای تابستان - شلوغ - عده - عده ای - مردم - صبح - ورزش - آنها می روند .
তুমি আসবে। কোথা থেকে। ওপরে। আরো ওপরে। বিনোদন কেন্দ্র। ভালো। দর্শনীয়। ওখানে। আছে। হ্যাঁ। মহল্লা বা এলাকা। পার্ক। তার নেই। সুন্দর। সুন্দর দৃশ্যাবলী। অতি সুন্দর। মধ্যে। সুতরাং বা তাহলে। দুই পাশে। রেস্টুরেন্ট। অনেক। তুমি বসবে। তুমি খাবে। তুমি উপভোগ করবে। কয়েক ঘন্টা। চা। বাতাস। সুন্দর আবহাওয়া। ঠাণ্ডা। শব্দ। পানি। পানির শব্দ। আনন্দদায়ক বা মনোরম। আমি যাবো। আমি গেলে ভালো হয়। তুমি যাবে। পাহাড়ের ওপরে। পায়ে হেটে। নীচে। তুমি আসবে। পর্বতারোহী। ছুটি। গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের রাত। ভীড়। কিছু। কয়েক জন। মানুষ বা জনগণ। সকাল। খেলাধুলা। তারা যাবে।
পাঠক! এবারে চলুন দেখা যাক মোহাম্মাদ ও হামিদের মধ্যে কী কথা হলো তা শোনা যাক।
محمد - سلام حمید ، از کجا می آیی ؟حمید - از دربند .محمد - دربند کجاست ؟حمید - در شمال تهران . بالاتر از میدان تجریش یک تفریحگاه خوب و دیدنی است .محمد - آنجا دربند است ؟ حمید - آره ، دربند اسم یکی از محله های شمال تهران است .محمد - آنجا پارک دارد ؟حمید - نه ، پارک ندارد . مناظر قشنگ و با صفا و یک رودخانه که از وسط کوهها می گذرد. محمد - پس خیلی زیبا است .حمید - بله ، دو طرف رودخانه رستورانهای زیادی هست . می توانی چند ساعت آنجا بنشینی ، چای بخوری و از هوای خوب و خنک لذت ببری .محمد - صدای آب رودخانه هم لذت بخش است . خوب است من هم یک روز به آنجا بروم .کوهنوردها هم به آنجا می روند ؟ حمید - بله ، کوهنوردها هم به آنجا می روند . ایام تعطیل بویژه شبهای تابستان آنجا خیلی شلوغ است. عده ای از مردم ، صبحها برای ورزش به آنجا می روند.
মোহাম্মাদ : সালাম হামিদ। কোথা থেকে আসছো? হামিদ : দারবান্দ থেকে।মোহাম্মাদ : দারবান্দ কোথায়? হামিদ : তেহরানের উত্তরে। তাজরিশ স্কয়ারের একটু ওপরে এটি একটি ভালো বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থান। মোহাম্মাদ : ওটি কি দারবান্দ?হামিদ : হ্যাঁ, তেহরানের উত্তর প্রান্তের একটি এলাকার নাম দারবান্দ।মোহাম্মাদ : ওখানে কি পার্ক আছে?হামিদ : না পার্ক নেই। সুন্দর নৈশর্গিক দৃশ্য ও পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি নদী রয়েছে।মোহাম্মাদ : তাহলে তো জায়গাটি খুবই সুন্দর।হামিদ : হ্যাঁ, নদীর দুই ধারে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। কয়েক ঘন্টার জন্য ওখানে বসতে পারো এবং চা খেতে খেতে ওখানকার মনোরম আবহাওয়া উপভোগ করতে পারো। মোহাম্মাদ : নদীর পানির শব্দও নিশ্চয়ই উপভোগ্য?! ওখানে একদিন গেলেই তো ভালো হয়। পর্বতারোহীরাও কী সেখানে আসেন?হামিদ : হ্যাঁ। পর্বতারোহীরাও সেখানে যান। ছুটির দিনগুলোতে, বিশেষ করে গ্রীষ্মের রাতগুলোতে যায়গাটিতে ভীষণ ভীড় থাকে। অনেকে সকাল বেলা ব্যায়াম করতেও ওখানে যান।
এরপর হামিদ মোহাম্মাদকে তাদের আজকের বিনোদনের কথা জানায় এবং বলে, খুব ভোরে সে বন্ধুদের সাথে সেখানে গিয়েছিল। তারা প্রায় দুই ঘন্টা পাহাড়ে হাটাহাটি করেছে। সূর্য পুরোপুরি উঠে যাওয়ার পরও আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। চলার পথে তারা একটি রেস্টুরেন্টে নাস্তা খায়। ঐ মনোরম আবহাওয়ায় গরম রুটি, পনির, চা ও খোরমা ছিল এক কথায় চমৎকার। ওখানকার রেস্টুরেন্টগুলো শহুরে রেস্টুরেন্টের মত নয়। ওগুলোতে রয়েছে বড় বাগান এবং বাগানের ভেতরে অনেকগুলো চৌকি পাশাপাশি সাজানো। চৌকিগুলোতে হেলান দিয়ে বসার ব্যবস্থা রয়েছে। শহর থেকে অনেকে এক সপ্তার ক্লান্তি দুর করার জন্য পরিবার পরিজন নিয়ে ওখানে কিছু সময় কাটাতে যায়। ইরান সফরে এলে আপনাদেরকেও দারবান্দ যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ফার্সি ভাষা শিক্ষার আজকের আসর থেকে বিদায় চাইছি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/৩১