ডিসেম্বর ০৩, ২০১৮ ১২:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সিইসিসহ চার কমিশনার নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ-দৈনিক প্রথম আলো
  • সরকারের নির্দেশেই জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল : রিজভী-দৈনিক ইত্তেফাক
  • প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই না: মাহবুব তালুকদার-দৈনিক যুগান্তর
  • তারুণ্যের ইশতেহার নিয়ে বিএনপি অফিসে কোটা আন্দোলনকারী নেতারা-দৈনিক মানবজমিন
  • ইসিতে সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়-দৈনিক নয়া দিগন্ত
  • আওয়ামী লীগ একতরফা নির্বাচন চায় না : কাদের-দৈনিক কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • কারও কথায় নিজের দেশ ছাড়ব না, যোগীর হুঁশিয়ারির পালটা দিলেন ওয়াইসি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কেজি প্রতি দেড় টাকারও কম! ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রির ১০৬৪ টাকা মোদীকে পাঠিয়ে প্রতিবাদ চাষির-দৈনিক আনন্দবাজার
  • ‌বকেয়া বেতনের দাবিতে অসুস্থ বলে ছুটিতে চালকরা, ১৪ উড়ান বাতিল জেটের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সিইসিসহ চার কমিশনার নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ-দৈনিক প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার নিয়োগের বৈধতা নিয়ে করা রিট উত্থাপিত হয়নি বলে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। এর আগে গত ২৫ নভেম্বর সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন না করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার হোসেন ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই না: মাহবুব তালুকদার-দৈনিক যুগান্তর

নির্বাচনী দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তার উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনানুগ প্রক্রিয়ায় দৃঢ় থাকতে হবে। আইন প্রয়োগ ঠিকভাবে না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আর প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই না।

আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে দুই হাজার ২৬ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করে মাহবুব তালুকদার বলেন, দেশে বিভিন্ন সময়ে নানা প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কখনও সেনাসমর্থিত সরকারের অধীন কিংবা কখনও দলীয় সরকারের অধীনে। তবে এবারের ভোট যেই প্রক্রিয়াই হোক না কেন-নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত ও প্রশ্নবিদ্ধ করতে দেবে না কমিশন

ইসিতে সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়-দৈনিক নয়া দিগন্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। প্রার্থিতা বৈধতা চেয়ে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সেসব সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড় জমেছে দিনের আলো প্রকাশিত হতেই। তবে ভিআইপি ব্যক্তিরা ছাড়া কেউই কমিশনের কাছে যেতে পারছেন না সরাসরি। তাদেরকে রিসিপশনে আবেদন রেখে যেতে হচ্ছে।

এবারের নির্বাচনে অংশ নিতে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দেন। ২ ডিসেম্বর বাছাইতে বাতিল হয়েছে ৭৮৬ জনের মনোনয়ন। সকলের অভিযোগ সামান্য ও নগণ্য ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যেখানে আরপিওতে বলা হয়েছে সামান্য ভুল গ্রহণযোগ্য। সিইসিও একই নির্দেশনা দিয়েছেন। কিন্তু তারপরও রিটার্নিং অফিসারদের এ ধরনের আচরণ ও ভূমিকা রহস্যজনক বলে সংক্ষুব্ধরা জানান।

সরকারের নির্দেশেই জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল : রিজভী-দৈনিক ইত্তেফাক

সরকারের নির্দেশেই রিটার্নিং কর্মকর্তারা বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের জনপ্রিয় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসংখ্য মনোনয়ন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। টার্গেট করে ৫০ জনের মতো দলের হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক এমপিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগ একতরফা নির্বাচন চায় না: কাদের-দৈনিক কালের কণ্ঠ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা হোক-আওয়ামী লীগ কোনো অবস্থাতেই সেটি চায় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা চেষ্টা করব লেভেল প্লেয়িং ফিল্ড (সমতল ক্রীড়াভূমি) যেন নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফা ভোট আমরা করতে চাই না। আজ সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তারুণ্যের ইশতেহার নিয়ে বিএনপি অফিসে কোটা আন্দোলনকারী নেতারা-দৈনিক মানবজমিন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘তারুণ্যের ইশতেহার’ নামে একটি প্রস্তাবনা নিয়ে বিএনপির অফিসে গেছেন  বহুল আলোচিত কোটা আন্দোলনের নেতাদের একটি প্রতিনিধি দল। আজ সোমবার দুপুরে আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এ প্রতিনিধি দল। ১৮ সদস্যদের  প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন কোটা আন্দোলনকারীর নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান।

নির্বাচনের আগে হঠাৎ কেন সরানো হলো রুহুল আমিন হাওলাদারকে?-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক ব্যস্ততার মধ্যেই রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে এই পদে সরকারের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে নিয়োগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

অনেকটা হঠাৎ করেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ দলটিতে পরিবর্তন আনা হয়েছে এবং আলোচনাও শুরু হয়েছে যে ঠিক কী কারণে সরানো হলো মিস্টার হাওলাদারকে?

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কেজি প্রতি দেড় টাকারও কম! ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রির ১০৬৪ টাকা মোদীকে পাঠিয়ে প্রতিবাদ চাষির-দৈনিক আনন্দবাজার

তিনি অভিনব প্রযুক্তির সাহায্যে কার্যত কৃষি বিপ্লব ঘটিয়েছেন। নিজের উদ্ভাবনীর গল্প শুনিয়েছেন খোদ বারাক ওবামাকে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও মহারাষ্ট্রের সেই চাষির সাফল্যের কাহিনী শুনে তারিফ করেছেন। ফের শিরোনামে মহারাষ্ট্রের নাসিকের সেই চাষি সঞ্জয় শাঠে।

এবার অবশ্য সাফল্যের গল্প নয়। বরং মহারাষ্ট্রের চাষিদের ভয়ঙ্কর এক দুর্দশার ছবি তুলে ধরে। এ বছর সাড়ে সাত কুইন্টাল পেঁয়াজ কেজি প্রতি দেড় টাকারও কম দরে বিক্রি করে পেয়েছেন মাত্র ১০৬৪ টাকা। সেই টাকা পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। আট বছর আগে যে মোদী সরকার তাঁকে বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করিয়ে সাফল্যের গল্প শুনিয়েছিল, তারই প্রধানমন্ত্রীকে ফসল বিক্রির টাকা পাঠিয়ে অভিনব প্রতিবাদ করলেন সঞ্জয় শাঠে।

কারও কথায় নিজের দেশ ছাড়ব না, যোগীর হুঁশিয়ারির পালটা দিলেন ওয়াইসি-দৈনিক সংবাদ প্রতিদিন

তেলেঙ্গানা নির্বাচনের আগে কোমর বেঁধে ভোটপ্রচারে নেমেছেন যোগী আদিত্যনাথ৷ একটু দেরিতে প্রচার শুরু হলেও, বলা যেতে পারে তিনিই এবার এই নির্বাচনের স্টার ক্যাম্পেনার৷ এবার তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে একটা বোঝাপড়ায় এসেছে চন্দ্রবাবু নায়ড়ুর টিডিপি। ফলে বেশ খানিকটা চাপেই রয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে তেলেঙ্গানায় দাঁড়িয়ে আসাউদ্দিন ওয়েইসিকে কড়া বার্তা যোগীর৷ যদিও পালটা একহাত নিতে ছাড়েননি ওয়েইসি৷

আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ৷ ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভা৷ ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে মাত্র ৯টি আসন পেয়েছিল বিজেপি। এবার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তা সফল হয়নি। ফলে কিছুটা চাপেই রয়েছে গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতেই জোরকদমে তেলেঙ্গানায় ভোটপ্রচারে নেমেছে বিজেপি৷

‌বকেয়া বেতনের দাবিতে অসুস্থ বলে ছুটিতে চালকরা, ১৪ উড়ান বাতিল জেটের-দৈনিক আজকাল

বিমানচালকদের বিক্ষোভের মুখে সমস্যায় পড়ল জেট এয়ারওয়েজ। বকেয়া বেতনের দাবিতে রবিবার অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান বেশ কয়েকজন বিমানচালক। তার ফলে বিমান সংস্থাকে রবিবার মোট ১৪টি উড়ান বাতিল করতে হয়। সূত্রের খবর, কয়েকজন বিমানচালক কোম্পানির চেয়ারম্যান নরেশ গোয়েলকে চিঠি লিখে জানিয়ে দেন তাঁরা এভাবে আর কাজ করতে পারছেন না। 

উল্লেখ, দীর্ঘ দিন ধরেই আর্থিক লোকসানে চলছে জেট এয়ারওয়েজ। এবং তার ফলে কোম্পানির শীর্ষ আধিকারিক, বিমানচালক, ইঞ্জিনিয়ারদের বেতন দিতে গত অগাস্ট থেকেই সমস্যা হচ্ছে কোম্পানির। সেপ্টেম্বরে সব কর্মীদেরই আংশিক বেতন দিয়েছে জেট। তারপর সেপ্টেম্বরের বাকি বেতন এবং অক্টোবর, নভেম্বরের বেতন এখনও পাননি কোনও কর্মীই। এমনকি কোম্পানির সহস্রাধিক বিমানচালককে নিয়ে গঠিত ন্যাশনাল এভিয়েটর্স গিল্ড বা এনএজি বকেয়া বেতনের বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষের কাছে ঠিকভাবে তুলে ধরছে না বলেও অভিযোগ কর্মীদের। তার প্রতিবাদেই বিমানচালকদের এই বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩