একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- তৃতীয় শক্তির ষড়যন্ত্র খতিয়ে দেখার তাগিদ সিইসির-দৈনিক প্রথম আলো
- উন্নয়নের ধারা অব্যাহত রাখায় আওয়ামী লীগের লক্ষ্য : শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
- ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন স্থগিত হাইকোর্টে-দৈনিক যুগান্তর
- একক বেঞ্চের উপর খালেদার আইনজীবির অনাস্থা, রিটের শুনানি হয়নি-দৈনিক মানবজমিন
- ১৪ ডিসেম্বর থেকে গ্রেফতারি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল, ভাঙচুর আইসিইউতেও!-দৈনিক সংবাদ প্রতিদিন
- পাঁচ রাজ্যে ভোটের ধাক্কা সামলাতে শেষমেশ ভরসা খয়রাতি!-দৈনিক আনন্দবাজার
- খুব দ্রুতই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে: রাহুল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
তৃতীয় শক্তির ষড়যন্ত্র খতিয়ে দেখার তাগিদ সিইসির-দৈনিক প্রথম আলো
নির্বাচন নিয়ে তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সিইসি ভোটের ভাগ্য যাতে মাস্তান-সন্ত্রাসীদের হাতে চলে না যায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখায় আওয়ামী লীগের লক্ষ্য : শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখায় আওয়ামী লীগের লক্ষ্য। আপনারা যদি আর এক বার সেবা করার সুযোগ দেন তাহলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো। আজ দুপুরে ফরিদপুরের কোমরপাড়ের পথসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, মাদকের হাত থেকে ছেলে-মেয়েদের বাঁচাতে হবে। যুব সমাজ যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য শিক্ষক ও আলেমদের ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা বলেন, `দেশে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে।
দৈনিকটির অন্য একটি খবরে জরিপের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৬৮ থেকে ২২০টি আসন পাবে আওয়ামী লীগ ।সিইসি কে এম নুরুল হুদা বলেন, পেছনের একটা ঘটনার রেশ টানা প্রয়োজন। সেটি হলো ২০১৪ সালের নির্বাচন। সেই নির্বাচনের অবস্থা ভুলে গেলে চলবে না। তখন ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার আলোকে এবারের নির্বাচন প্রস্তুতির রূপরেখা ও কৌশল অবলম্বন করা প্রয়োজন। তিনি আরও বলেন, ‘তখন মাঠে সব বাহিনী ছিল। সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ছিল। তবুও আমরা কী দেখেছিলাম! পুলিশ সদস্য, প্রিসাইডিং কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও শত শত মানুষ নিহত হয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সেটার কী পরিপ্রেক্ষিত ছিল, আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারিনি; সে প্রসঙ্গে আলোচনা করার সুযোগ ও প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এটি ভুলে গেলে চলবে না।’
একক বেঞ্চের উপর খালেদার আইনজীবির অনাস্থা, রিটের শুনানি হয়নি-দৈনিক মানবজমিন
প্রার্থীতা ফেরত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনে হাইকোর্টের একক বেঞ্চের উপর অনাস্থা জানিয়েছেন তার আইনজীবি। এর প্রেক্ষিতে রিট আবেদনটি নথিসহ প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। প্রধান বিচারপতি আরেকটি বেঞ্চ নির্ধারনের পর আগামি সোম অথবা মঙ্গলবার এ রিটের উপর শুনানি হতে পারে। আজ বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে এ রিট আবেদনের শুনানি শুরুতেই খালেদা জিয়ার আইনজীবি এজে মোহাম্মদ আলী তাদের অনাস্থার কথা জানান।
ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন স্থগিত হাইকোর্টে-দৈনিক যুগান্তর
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
একই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরীর করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।আদালতে করা রিট আবেদনে ইয়াহহিয়া চৌধুরী বলেন, আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেয়ার তিন বছর পর সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান থাকলেও তাহসিনা রুশদীর লুনা ৬ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন।
১৪ ডিসেম্বর থেকে গ্রেফতারি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি-দৈনিক নয়া দিগন্ত
আগামী ১৪ ডিসেম্বর থেকে নির্বাচনে গ্রেফতারি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশিদারিত্বমূলক নির্বাচনের জন্য আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের প্রতি এ দাবি জানান।
আজ সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা এতে লিখিত বক্তব্য পাঠ করেন। তারা বলেন, দেশের প্রতিটি আসনে সেনা বাহিনী মোতায়েন ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
খুব দ্রুতই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে: রাহুল-দৈনিক আজকাল
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান তিনরাজ্যে বিজেপিকে হারিয়ে সরকার গড়ার পথে কংগ্রেস। ইতিমধ্যে সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কে হবেন এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী? সেটা এখনও ঘোষণা করা হয়নি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বাছবেন? সেটা নিয়েই এখন ধন্দে রাহুল। বুধবার রাজস্থানে এর জেরে বিক্ষোভও দেখা দিয়েছে। তবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আশাবাদী যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন রাহুল।
শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল, ভাঙচুর আইসিইউতেও!-দৈনিক সংবাদ প্রতিদিন
চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। রাতভর দফায় দফায় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এ ভাঙচুর চালালেন মৃতের পরিবারের লোকেরা। ভাঙচুর চলল শিশু বিভাগের আইসিইউতেও। আতঙ্কে অন্য রোগী ও তাদের পরিবারের লোকেরা। হাসপাতালে মোতায়েন প্রচুর পুলিশকর্মী।
বছর চারেকের সানা সাজ্জাদের বাড়িতে পার্ক সার্কাসেই। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার রাতে আচমকাই জ্বর আসে সানার। বমিও করছিল সে। তড়িঘড়ি সানাকে নিয়ে আসা হয় ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ হাসপাতালে। পরিবারের লোকেদের অভিযোগ, হাসপাতালে প্রায় ঘণ্টা দেড়েক কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল শিশুটিকে।
পাঁচ রাজ্যে ভোটের ধাক্কা সামলাতে শেষমেশ ভরসা খয়রাতি!-দৈনিক আনন্দবাজার
মঙ্গলবার পাঁচ রাজ্যে স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির। ছ’মাসের মধ্যেই লোকসভা ভোট। সেই ভোটে জেতার লক্ষ্যে এ বার কী স্বপ্ন দেখাবেন নরেন্দ্র মোদী?
২০১৪-র লোকসভা ভোটের আগে মোদীর প্রতিশ্রুতি ছিল, কালো টাকা ফিরিয়ে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। কথা রাখতে পারেননি। সেই ক্ষতে মলম দিতে এ বার কি তবে মাসপয়লায় সবার অ্যাকাউন্টে টাকা দেওয়ার আশ্বাস দেবেন তিনি? হিন্দি বলয়ে বিজেপির বিজয়রথের চাকা বসে যাওয়ার পরের দিন এটাই মূল জল্পনা রাজধানী শহরে।
অনেকেরই বক্তব্য, হাত গুটিয়ে বসে থাকার মানুষ মোদী নন। ঝুলি থেকে স্বপ্নের জাদুকরের মতো নতুন কোনও প্রতিশ্রুতি ঠিকই বার করে আনবেন তিনি। সেই জাদুকাঠি হতে পারে ‘সকলের জন্য ন্যূনতম আয়’ বা ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’। দু’বছর আগে যে ভাবনার কথা এ দেশে প্রথম বলেছিলেন তৎকালীন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন। এই প্রকল্পে নীতিগত ভাবে প্রত্যেককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হলেও দারিদ্রসীমার নীচে বসবাসকারী এবং বেকারদের জন্য তা চালু করা যায় কি না, সে ব্যাপারে চর্চা হয়েছিল। অনেকের ধারণা, লোকসভা ভোটের দিকে তাকিয়ে আগামী ১ ফেব্রুয়ারির বাজেটে এই ঘোষণা করে দিতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সুব্রহ্মণ্যন তো আজ বলেই দিয়েছেন, ‘‘এই ভোটের ফল, তার সঙ্গে গত দু’বছরে কৃষিতে সঙ্কট মাথায় রেখে আমার দৃঢ় ধারণা, লোকসভা ভোটের আগে সব দলের ইস্তাহারেই কোনও না কোনও ভাবে এই প্রতিশ্রুতি থাকবে।’’
এর সঙ্গে চাষিদের অসন্তোষ রুখতে কৃষিঋণ মকুব করা যায় কি না, সেই হিসেব-নিকেশও শুরু হয়েছে। পাশাপাশি ‘আয়ুষ্মান ভারত’-এর মতো স্বাস্থ্য বিমায় আরও বেশি অর্থ ঢালার ইঙ্গিত দিয়ে মোদী ঘোষণা করেছেন, ২০২৫-এর মধ্যে জনস্বাস্থ্যে সরকারি খরচ জিডিপি-র ২.৫%-এ পৌঁছবে। যা এখন ১.১৫%।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন