নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে সংলাপে অংশ নেবে ঐক্যফ্রন্ট: ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা:১৪ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- এবার নীরব বিক্ষোভে শ্রমিকরা, বেরিয়ে গেলেন কাজ ফেলে-দৈনিক ইত্তেফাক
- জামায়াত ছাড়ার চাপকে ‘পাত্তা’ দিচ্ছে না বিএনপি-দৈনিক প্রথম আলো
- নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে সংলাপে অংশ নেবে ঐক্যফ্রন্ট-দৈনিক যুগান্তর
- শ্রমিক বিক্ষোভে থমথমে আশুলিয়া-দৈনিক মানবজমিন
- ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ‘জুমলাবাজ’ সঙ্ঘ! জেল থেকেই কটাক্ষ লালুর, ‘হোয়াইট ওয়াশ’ হবে বিজেপি, তোপ তেজস্বীর-দৈনিক আনন্দবাজার
- পতনের মুখে কর্ণাটকের জোট সরকার! ‘নিখোঁজ’ ৫ বিধায়ক- দৈনিক সংবাদ প্রতিদিন
- বিজেপিকে দেওয়া ভোট ফেরত চাইলেন জুবিন, ফেসবুকে আর্জি গায়কের- দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. পুনঃনির্বাচনের এজেন্ডা ছাড়া সংলাপে যাবে না ঐক্যফ্রন্ট- একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোঝাই যাচ্ছে তারা সংলাপে আগ্রহী নয়। কারণ কী?
২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হবে। কুর্দি ইস্যুতে কী তুরস্ক-আমেরিকা দ্বন্দ্বের আশংকা রয়েছে বলে মনে করেন?
বিশ্লেষণের বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর
দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জনসমূহ সমুন্নত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর প্রথম কর্মদিবস কাটান। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা, যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।’
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’
শেখ হাসিনা বলেন, টেন্ডার ছিনতাইয়ের ঘটনা দেশে বারংবার ঘটেছে। ‘কিন্তু আমরা দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। প্রযুক্তির বদৌলতে এই সাফল্য এসেছে এবং এটা ডিজিটাল বাংলাদেশের একটা ভালো ফল।’
জামায়াত ছাড়ার চাপকে ‘পাত্তা’ দিচ্ছে না বিএনপি-দৈনিক প্রথম আলো
জোট গঠন হওয়ার শুরুতে জামায়াতে ইসলামী প্রসঙ্গটি বেশ আলোচিত হয়েছিল। নির্বাচনের পরে এসে সেই প্রসঙ্গ আবারও আলোচিত। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এবার সরাসরিই বললেন, জামায়াতের সঙ্গে ধানের শীষে নির্বাচন করাটা ভুল ছিল। জোটের অন্য নেতারাও বলছেন, জোটের স্বার্থেই বিএনপিকে জামায়াত ছাড়তে হবে। তবে শরিক দলগুলোর এই চাপ বিএনপি তেমন পাত্তা দিচ্ছে না।
গত বছরের জুন-জুলাইয়ে বিএনপি সরকার বিরোধী জোট গড়ে তুলতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যায়। সব দলগুলোর মধ্যেই নানান- হিসাব নিকাশের মধ্যে অন্যতম আলোচিত বিষয় ছিল- জামায়াত থাকবে কিনা। গণমাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকেরা তখন বলে এসেছেন বিএনপি জামায়াত ছেড়ে এলে জাতীয় ঐক্য হবে। অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। তখন ঐক্যফ্রন্ট থেকে বারবার বলা হয়েছে তাদের সঙ্গে জামায়াত নেই।
কিন্তু পরে দেখা গেল জামায়াত ইসলামী ও জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে একসঙ্গে নির্বাচন করেছে। ঐক্যফ্রন্ট নেতারাও তখন ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন। জোট গঠনের আগে থেকে এখন পর্যন্ত জামায়াতকে না রাখতে ঐক্যফ্রন্টের বিএনপি ছাড়া অন্য শরিকদের চাওয়াকে তেমন পাত্তা দিচ্ছে না বিএনপি। জামায়াতকে ছাড়ার ব্যাপারে বিএনপি দলটির মধ্যে কোনো আলোচনাও নেই।
জানতে চাইলে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘ড. কামাল হোসেন তাঁর দলের কথা বলেছেন। আমরা এখনো এ ব্যাপারে কিছু আলোচনা করিনি। শরিকেরা কী চান না চান, সেটা এখনো আলোচনাই হয়নি।’
এবার নীরব বিক্ষোভে শ্রমিকরা, বেরিয়ে গেলেন কাজ ফেলে-দৈনিক ইত্তেফাক
বেতন বাড়ানোর ঘোষণাও অসন্তোষ কমেনি পোশাক শ্রমিকদের। এবার নীরব বিক্ষোভ শুরু করেছেন আশুলিয়া অঞ্চলের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। আজ সোমবার কারখানায় এসেও কাজে যোগ না দিয়ে বের হয়ে গেছেন তারা। তবে অন্যান্য দিনের মতো এদিন তারা সড়ক অবরোধ বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মজুরি কাঠামোর ছয়টি গ্রেড সংশোধন করে বেতন বাড়ানোর ঘোষণার পর আজ সকালে কারাখানায় স্বাভাবিকভাবেই যোগ দিয়েছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তারা বের হয়ে যান। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, এনভয় গ্রুপ, হামিম গ্রুপ ও শারমিন গ্রুপসহ ২০/২৫টি কারখানার শ্রমিকরা কাজ ফেলে চলে গেছেন। জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অন্তত আটটি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়ে আসছিল ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা। পরে এর প্রেক্ষাপটে মালিক-শ্রমিক ও প্রশসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটি রোববার বৈঠক করে ছয়টি গ্রেড সংশোধন করে বেতন বাড়ানোর ঘোষণা দেয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘জুমলাবাজ’ সঙ্ঘ! জেল থেকেই কটাক্ষ লালুর, ‘হোয়াইট ওয়াশ’ হবে বিজেপি, তোপ তেজস্বীর-দৈনিক আনন্দবাজার
জেল থেকেই বিজেপি ও সঙ্ঘ পরিবারকে তোপ দাগলেন লালু প্রসাদ যাদব। সেই সঙ্গে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের বিরোধী জোটকে। ‘‘বিজেপি ‘জুমলাবাজ’। ওদের ফাঁদে পা দেবেন না, নিষেধ করুন সন্তানদেরও’’, সাবধানবাণী আরজেডি সুপ্রিমোর। লালু যখন সোশ্যাল মিডিয়ায় সরব, তখনই উত্তরপ্রদেশে গিয়ে মায়াবতীর সঙ্গে দেখা করে জোটকে স্বাগত জানিয়ে এলেন লালুপ্রসাদের ছেলে তেজস্বী। বিএসপি সুপ্রিমোর সঙ্গে বৈঠক করে তেজস্বীর তোপ, ‘হোয়াইট ওয়াশ’ হবে বিজেপি।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেল খাটছেন লালুপ্রসাদ যাদব। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে রাঁচির একটি হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকেই রবিবার নিজের টুইটার হ্যান্ডলে তোপ দেগেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু। লিখেছেন, নির্বাচন এগিয়ে আসছে। ঘৃণার রাজনীতি যাঁরা করেন, তাঁর এই সময় আপনকে এবং আপনার সন্তানকে মিথ্যে গল্প শুনিয়ে জীবন বলিদানের টোপ দেবে। গুজব ছড়াবে।’’
বিজেপিকে দেওয়া ভোট ফেরত চাইলেন জুবিন, ফেসবুকে আর্জি গায়কের-দৈনিক আজকাল
বিজেপিকে দেওয়া ভোট ‘ফিরিয়ে দেওয়ার’ দাবি করলেন অসমের গায়ক জুবিন গর্গ। দু’বছর আগে এ রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে গান গেয়েছিলেন তিনি। প্রচারের কাজে তাঁর কণ্ঠকে ব্যবহার করেছিল বিজেপি। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে বিজেপির ওপর বেজায় চটেছেন এই গায়ক। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে এ বিষয়ে চিঠিও লিখেছেন তিনি।
এরপর ফেসবুকে গায়ক লেখেন, ‘প্রিয় সর্বানন্দ সোনওয়ালদা, আমি পাঁচ দিন আগে আপনাকে একটা চিঠি লিখেছিলাম। কিন্তু আপনি বোধহয় ব্যস্ততার কারণে উত্তর দেওয়ার সময় পাননি। আমার কন্ঠ ব্যবহার করে আপনারা যে ভোট পেয়েছেন তা কি আমি ফেরত পেতে পারি ? পারিশ্রমিক ফিরিয়ে দিতে আপত্তি নেই আমার।’ দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘লোকসভায় বিল পাস হয়ে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী তাতে আপত্তি করতে পারতেন। তারপর যা হত সেটা পরে দেখা যেত। আমি এখনও মাথা ঠান্ডা রাখতে চাই। আগামী এক সপ্তাহ অসমের বাইরে থাকব। ফিরে আসার আগে মুখ্যমন্ত্রী যদি কোনও ব্যবস্থা করেন তাহলে ভাল হয়। সেটা না হলে আমি নিজের মতো করে বিক্ষোভ দেখাব। কী করবো সেটা আমি নিজেই এখনও জানি না।’
পতনের মুখে কর্ণাটকের জোট সরকার! ‘নিখোঁজ’ ৫ বিধায়ক-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভার আগেই কর্ণাটক সরকারের পতন হবে? এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বাধীন সরকারের উপর এখন ঘোর সংকট। বিজেপির ‘অপারেশন লোটাস’ চিন্তা বাড়াচ্ছে কংগ্রেসের। রবিবার কর্ণাটক কংগ্রেসের প্রভাবশালী নেতা ডি কে শিবকুমার স্বীকার করেছিলেন তাঁর দলের তিন বিধায়ককে মুম্বইয়ে আটকে রেখেছে বিজেপি। তাদের নিজের দলে ভাঙিয়ে নিয়ে গিয়ে জেডিএস-কংগ্রেস সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। শিবকুমারের দাবি, বিষয়টি মুখ্যমন্ত্রী কুমারস্বামী, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কর্ণাটক কংগ্রেসের সভাপতি দীনেশ গুণ্ডু রাও-ও জানেন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন