কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে চিকিৎসককে ওএসডি : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে চিকিৎসককে ওএসডি : প্রধানমন্ত্রী ‘-দৈনিক ইত্তেফাক
- কমছে রিজার্ভ বাড়ছে ডলার সঙ্কট-দৈনিক নয়া দিগন্ত
- স্কুলে হঠাৎ দুদক চেয়ারম্যান-৮ শিক্ষকের মধ্যে ৭ জনই অনুপস্থিত-দৈনিক প্রথম আলো
- কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা বিষয়ে রায় ৭ ফেব্রুয়ারি-দৈনিক যুগান্তর
- ত্রুটিপূর্ণ প্রক্রিয়া পোশাকখাতে অসন্তোষের কারণ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভারতরত্ন-কে অসম্মানের অভিযোগ, জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর বিজেপি-র-দৈনিক আনন্দবাজারলটারির পুরস্কারের টোপে ফাঁকা অ্যাকাউন্ট! কলকাতায় সক্রিয় পাক প্রতারণা চক্র-দৈনিক সংবাদ প্রতিদিন
‘গো ব্যাক মোদি’ গর্জে উঠল তামিলনাড়ু-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে চিকিৎসককে ওএসডি : প্রধানমন্ত্রী ‘-দৈনিক ইত্তেফাক
কর্মক্ষেত্রে চিকিৎসক উপস্থিত না থাকলে সঙ্গে সঙ্গে তাকে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করুন। চিকিৎসকদের ইন্টার্নশিপ এখন থেকে দুই বছর করতে হবে। এর মধ্যে এক বছর অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারি করতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে বড় হাসপাতাল নির্মাণ করতে হবে। যাতে রাজধানীতে রোগীর চাপ কম পড়ে। শুধু ওষুধ খাওয়ানো নার্সদের কাজ নয়, রোগীকে প্রকৃত সেবা দিতে হবে। সঠিক দায়িত্ব পালন না করলে নার্সদেরকেও সঙ্গে সঙ্গে অব্যহতি দিন। রোগীর সেবা করাই ডাক্তার ও নার্সদের মূল কাজ। এটি করতে না পারলে এই পেশায় থাকার দরকার নেই।’
স্কুলে হঠাৎ দুদক চেয়ারম্যান- ৮ শিক্ষকের মধ্যে ৭ জনই অনুপস্থিত-দৈনিক প্রথম আলো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ রোববার হঠাৎ করেই চট্টগ্রামের তিনটি বিদ্যালয় পরিদর্শনে যান। একটি বিদ্যালয়ে গিয়ে তিনি সেখানকার আট শিক্ষকের সাতজনকেই কর্মস্থলে পাননি। আরেক বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষক। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেকোনো মূল্যে শিক্ষাঙ্গনে শিক্ষা নিশ্চিত করা হবে।
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৪২ কর্মচারী নিয়োগ। এ খবরে লেখা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১৪২ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষক-কর্মকর্তাদের আত্মীয়স্বজনের পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতারাও রয়েছেন। এমনকি নানা অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, অস্ত্রধারী এবং মামলার আসামিও নিয়োগ পেয়েছেন। অস্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলকে বেছে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা বিষয়ে রায় ৭ ফেব্রুয়ারি-দৈনিক যুগান্তর
কোচিং বাণিজ্যে বন্ধের নীতিমালাসহ শিক্ষকদের নিয়ে করা রিটের রুলের ওপর রায় ঘোষণার জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার এ বিষয়ে করা কয়েকটি পৃথক রিটের ওপর শুনানির পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না-সেজন্য কারণ দর্শাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই নোটিশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বিষয়ে শিক্ষকেরা হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।
কমছে রিজার্ভ বাড়ছে ডলার সঙ্কট-দৈনিক নয়া দিগন্ত
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত বছরের ২৩ জানুয়ারি ছিল ৩ হাজার ২৪১ কোটি ডলার। এক বছরের ব্যবধানে গত ২৩ জানুয়ারি তা কমে নেমেছে ৩ হাজার ১০৬ কোটিতে। এক বছরে কমেছে ১৩৫ কোটি ডলার, যা শতকরা হিসাবে প্রায় সাড়ে ৪ ভাগ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রচলিত জ্বালানি তেল আমদানির সাথে নতুন করে যুক্ত হয়েছে এলএনজি। একই সাথে পিডিবির বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি, রাসায়নিক সার আমদানি ব্যাপক হারে বেড়ে গেছে। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ছে। কিন্তু চাহিদার চেয়ে ডলারের সরবরাহ বাড়েনি। ফলে বাজারে ডলারের ঘাটতি বেড়ে যাচ্ছে। এ ঘাটতি মেটাতে রিজার্ভ থেকে সরবরাহ করা হচ্ছে। এতে কমে যাচ্ছে রিজার্ভ। চাহিদার চেয়ে সরবরাহ না বাড়লে বা চাহিদার লাগাম টেনে ধরতে না পারলে সঙ্কট তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, গত বছরের শুরু থেকেই ডলারের সঙ্কট দেখা দেয়।
ত্রুটিপূর্ণ প্রক্রিয়া পোশাকখাতে অসন্তোষের কারণ-দৈনিক মানবজমিন
তৈরি পোশাক শ্রমিকদের মধ্যে মজুরি নিয়ে অসন্তোষের প্রধান অন্তরায় মজুরি কাঠামোর ত্রুটিপূর্ণ প্রক্রিয়া বলে জানিয়েছে ‘সেন্টার ফর ডায়ালগ পলিসি (সিপিডি)’। ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি এলাকার তৈরিপোশাক শ্রমিক ও মালিকদের ওপর করা পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া শ্রমিকদের কাছে বেতন বৃদ্ধির তথ্য ঠিকভাবে পৌঁছানোয় ঘাটতি রয়েছে বলেও সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে। সিপিডির গবেষণা পর্যালোচনায় বলা হয়, সমপ্রতি নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পর সেখানে কিছু অসঙ্গতি নিয়েই শুরু হয় শ্রমিকদের মধ্যে অসন্তোষ। যদিও সরকারের উদ্যোগে কয়েকটি মজুরি কাঠামোর গ্রেডে সংশোধন ও সংস্কার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মেয়াদোত্তীর্ণ ওষুধে লেভেল লাগিয়ে মেয়াদ বৃদ্ধি-দৈনিক ইত্তেফাক
বিদেশ থেকে আসা মেয়াদোত্তীর্ণ ওষুধে সয়লাব হয়ে গেছে দেশের ওষুধের বাজার। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিদেশ থেকে আমদানি করে মেয়াদ নিজেরাই বাড়িয়ে লেভেল বসিয়ে দেয় এক শ্রেণির ব্যবসায়ী।
তারপর প্যাকেটর গায়ে নিজেদের ইচ্ছামতো মূল্য বসিয়ে দেয় তারা। ওষুধের প্যাকেটের গায়ে লাগানো নকল লেভেল আসল ভেবে কেনেন ক্রেতারা। স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সতর্কবার্তাতেও অসাধু ব্যবসায়ীদের এই অবৈধ বাণিজ্য বন্ধ হচ্ছে না। কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন রোগীরা। মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে অনেক রোগী অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এসব ওষুধ ব্যবহারে আরোগ্য লাভের পরিবর্তে নতুন করে স্বাস্থ্যগত জটিলতায় পড়ছেন অনেকে।বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। এসব ওষুধ জীবন রক্ষার পরিবর্তে জীবন কেড়ে নিচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘গো ব্যাক মোদি’ গর্জে উঠল তামিলনাড়ু-দৈনিক আজকাল
মাদুরাইতে এইমসের শিলান্যাসের জন্য রবিবার উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে টুইটারে যেভাবে ‘গো ব্যাক মোদি’ ট্রেন্ড শুরু হল তা বিজেপি এবং নরেন্দ্র মোদিকে চাপে ফেলল বলেই মনে করা হচ্ছে। সাইক্লোন গাজার দাপটে তামিলনাড়ুর এই জেলাটিতে ৩ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। সেই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা থেকে যে ক্ষোভ তৈরি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই টুইটার উষ্মা। বেশিরভাগ টুইটেই প্রয়াত দক্ষিণী নেতা ইভিআর পেরিয়ারের একটি কার্টুন বলছে ‘গো ব্যাক মোদি’। যে কার্টুনটির চারপাশ জুড়ে রয়েছে তামিলনাড়ুর মানচিত্র। গেরুয়া জ্যাকেট পরা নরেন্দ্র মোদি চপার থেকে নামিয়ে দেওয়া মইয়ের দিকে দৌড়চ্ছেন প্রাণপণে। কার্টুনটির মূল বক্তব্য একটাই। মাদুরাই তথা গোটা তামিলনাড়ুর গর্জনে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু টুইটারেই নয়। ফেসবুক জুড়েও শুরু হয়েছে এই প্রধানমন্ত্রী বিরোধী ক্যাম্পেন।
ভারতরত্ন-কে অসম্মানের অভিযোগ, জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর বিজেপি-র-দৈনিক আনন্দবাজার
অসম বিধানসভায় বিজেপি-র ক্ষমতায় আসার পিছনে অন্যতম ইন্ধন ছিল তাঁর গান। এ বার সেই গায়ক জুবিন গর্গের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল রাজ্য বিজেপি। অভিযোগ, দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন-এর বিরুদ্ধে অপমানজনক উক্তি করেছেন জুবিন। যদিও জুবিনের এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতরত্ন এবং পদ্ম-সম্মান প্রাপকদের নাম ঘোষণা করার পর শুক্রবার রাত থেকেই জুবিনের একটি গান ভাইরাল হয়। হোয়াট্সঅ্যাপে ঘুরতে থাকে তাঁর নতুন গান ‘পলিটিক্স না করিবো বন্ধু’। অভিযোগ, তাতে অসংদীয় শব্দ ব্যবহার করেছেন গায়ক। এর পর শনিবার সকালে জুবিনের বিরুদ্ধে অসমের হোজাই জেলার লঙ্কা থানায় এফআইআর করেন রাজ্য বিজেপি-র কিষান মোর্চার সহ-সভাপতি সত্যরঞ্জন বরা।
লটারির পুরস্কারের টোপে ফাঁকা অ্যাকাউন্ট! কলকাতায় সক্রিয় পাক প্রতারণা চক্র-দৈনিক সংবাদ প্রতিদিন
লটারির পুরস্কারের নাম করে চল্লিশ জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে মোটা অঙ্কের টাকা৷ ঘটনার তদন্তে নেমে সিআইডির হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, পাকিস্তান থেকে এই চক্র চালাচ্ছে এক দল প্রতারক৷ হাওলার মাধ্যমে কলকাতা থেকে হাত বদলে সেই টাকা পৌঁছে যাচ্ছে তাদের কাছে৷ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছেন সিআইডি৷ ধৃতরা হল রাজেশ ঘোষ ও বিধান কীর্তনিয়া৷গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে বসে দীর্ঘদিন ধরে কলকাতা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে প্রতারণা চালাত ওই চক্রটি৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭