জানুয়ারি ২৯, ২০১৯ ১১:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • বাংলাদেশে দুর্নীতি বেড়েছে: টিআই-দৈনিক ইত্তেফাক
  • মুখে মুখে বিরোধী হবে শরিকেরা?- দৈনিক প্রথম আলোঅভিমানী বিএনপি চায়ের দাওয়াতে না গেলেও সংসদে যাবে:
  • নাসিম- দৈনিক যুগান্তর
  • এক বছরেই পাচার ৫০ হাজার কোটি টাকা-দৈনিক মানবজমিন
  • পরকীয়া : অ্যাডভোকেট রথীশ হত্যা মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভার্চুয়াল জগতে ‘ঠান্ডা লড়াই’ চিন-আমেরিকার, পিছিয়ে নেই ভারতও  -দৈনিক সংবাদ প্রতিদিন
  • নাসিরুদ্দিন শাহ, আমির খানকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ আরএসএস নেতার-দৈনিক আজকাল
  • মনোহর পর্রীকরের সঙ্গে ‘ঝটিকা’ বৈঠক, গোয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ালেন রাহুল-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩, দক্ষিণ এশিয়ায় ২য়। আপনার মন্তব্য কী?

২. ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। কতটা যৌক্তিক এ পদক্ষেপ?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি’র বার্ষিক প্রতিবেদন এক বছরেই পাচার ৫০ হাজার কোটি টাকা-দৈনিক মানবজমিন

গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটি

বাংলাদেশ থেকে প্রায় ৫৯০ কোটি ডলার পাচার হয়েছে ২০১৫ সালে। টাকার অঙ্কে যা প্রায় ৫০ হাজার কোটি টাকা। এর আগে ২০০৬ থেকে এক দশকে পাচারের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৯৫৬ কোটি টাকা। আমদানি-রপ্তানির সময়ে পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এই অর্থের বড় অংশ পাচার করা হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) এর বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিশ্বজুড়ে অর্থপাচার নিয়ে প্রায় এক দশক ধরে প্রতিবেদন প্রকাশ করছে জিএফআই। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ১৪৮ উন্নয়নশীল দেশের টাকা পাচারের চিত্র। ২০১৫ সালে মোট আন্তর্জাতিক বাণিজ্যের তুলনায় পাচার হওয়া অর্থের পরিমাণ প্রায় ১৫ ভাগ।

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে: টিআই-দৈনিক ইত্তেফাক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এর ধারণা সূচকে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এর ধারণা সূচকে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। জার্মানভিত্তিক সংস্থাটির করা সূচকে ২০১৮ সালে ১৮০টি দেশের মধ্যে উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৯তম। যা গত বছর ছিল ১৪৩তম। অর্থাৎ এই তালিকায় বাংলাদেশের ছয় ধাপ অবনতি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত টিআই এর প্রতিবেদনে শুধু অবস্থান নয়, স্কোরেও বাংলাদেশের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় বাংলাদেশের পয়েন্ট ২ কমেছে। ২০১৮ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে ০ থেকে ১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬। যা গত বছরে ছিল ২৮।

বিপরীত দিক থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। যা গত বছরে ছিল ১৭তম। অর্থাৎ এই তালিকায়ও বাংলাদেশের চার ধাপ অবনতি হয়েছে। ২০১২ ও ২০১৫ সালে একই অবস্থান ছিল বাংলাদেশের। সমান ২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও উগান্ডা। দুর্নীতির সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে রয়েছে শুধু আফগানিস্তান। ১৬ স্কোর পেয়ে দেশটির অবস্থান উর্ধ্বক্রম অনুযায়ী ১৭২তম স্থানে।

অভিমানী বিএনপি চায়ের দাওয়াতে না গেলেও সংসদে যাবে: নাসিম-দৈনিক যুগান্তর

Image Caption

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা শপথ নিয়ে সংসদে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, অভিমান করে বিএনপি হয়তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের দাওয়াতে যাবে না, তবে আশি তাদের সংসদে আসার বিষয়ে আশাবাদী। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ‘ভুল রাজনীতির’ সমালোচনা করে ১৪ দলের এই মুখপাত্র বলেন, নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্যে অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) পার্লামেন্টে গিয়ে ব্যর্থতার কথা বলেন।বিএনপি অভিমান করে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি পার্লামেন্টে না যাওয়ার সিদ্ধান্তে কতদিন থাকবে জানি না। তারা অভিমান করে হয়তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের দাওয়াতে যাবেন না, তবে পার্লামেন্ট যাবেন।

ফরিদগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩০, ২০০ রাউন্ড বুলেট বর্ষণ-দৈনিক মনিবজমিন

ফরিদগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষ

ফরিদগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা পরিষদ এলাকা ও সামনের যান চলাচলের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ অন্তত দুইশ’ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। আজ সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মুখে মুখে বিরোধী হবে শরিকেরা?-দৈনিক প্রথম আলো

সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের অবস্থান কী হবে, তা এখনো পরিষ্কার নয়। প্রকৃত বিরোধী দল হওয়ার সুযোগ দেখছে না শরিকেরা। আবার জাতীয় পার্টির সঙ্গে বসে বিরোধী দলের ভূমিকায়ও যেতে চায় না তারা। এই অবস্থায় কেবল বক্তৃতায় বা মুখে মুখে বিরোধী দলের ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে সংসদে ভোটাভুটির বিষয় আসলে কী করবে, সেটা এখনো নিশ্চিত নন জোটের নেতারা। দলীয় জোটের শরিক দলের শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতার সঙ্গে কথা বলে তাঁদের এই ভাবনা সম্পর্কে জানা গেছে।

৪৬ জনের মধ্যে ৬ চিকিৎসকসহ ৩০ জনই অনুপস্থিত!- প্রথম আলো

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অনুপস্থিতির চিত্র

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সোমবার একই সময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অপর পাঁচ চিকিৎসকসহ ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আকস্মিক পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান। এই হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৬।

পরকীয়া : অ্যাডভোকেট রথীশ হত্যা মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

রংপুরে চাঞ্চল্যকর অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় বেঁচে থাকা একমাত্র আসামি স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।ঘটনার মাত্র ১০ মাসের মাথায় আজ মঙ্গলবার দুপুর ১টায় রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামি দীপার পরকীয়া প্রেমিক কামরুল ইসলাম রংপুর কারগারে ১০ নভেম্বর রহস্যজনকভাবে মারা যান এবং রথিশের সহকারী মিলন মোহন্ত গত বছর ১৪ এপ্রিল মারা যান হাসপাতালে। নিহত বাবু সোনা জাপানি নাগরিক হোসিও কোনি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকার পক্ষের প্রধান কৌসুলী, রংপুর বিশেষ জজ আদালতের বিশেষ পিপি এবং জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

এদিকে, আজ সকাল ৯টা ৩৪ মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয় দীপা সরকারকে।আদালত সূত্র জানিয়েছেন, গত বছরে ২৯ মার্চ রাত ১০টার দিকে রংপুর মহানগরীর তাজহাট বাবু পাড়ায় অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিককে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা ভৌমিক এবং তার প্রেমিক কামরুল ইসলাম ও তার সহযোগী মিলন মোহন্ত। এরপর রথীশের বিছানায় দীপা ও কামরুল রাত কাটায়। তারা পরের দিন ৩০ মার্চ সকাল ১১টার মধ্যে দিনের আলোতে বাড়ির আলমারিতে লাশ ভর্তি করে বাইরে বের করে গুমের উদ্দেশ্যে মাটি খুঁড়ে পুঁতে রাখে। এ ঘটনায় রথীশের ছোট ভাই সুশান্ত ভৌমিক একটি হত্যা মামলা করেন।

এদিকে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে জঙ্গি, দেবোত্তর সম্পত্তিসহ বিভিন্ন ইস্যুতে বাবু সোনা নিখোঁজের নাটক সাজিয়ে বিভিন্ন প্রপাগাণ্ডা চালায় দীপা ভৌমিক ও প্রেমিক কামরুল ইসলাম। পাঁচ দিন পর ৩ এপ্রিল দীপা ভৌমিককে র‌্যাব তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাবু সোনাকে হত্যার কথা স্বীকার করেন। এক পর্যায়ে তার দেখিয়ে দেয়া নগরীর তাজহাট মোল্লাপাড়ার পরিত্যক্ত বাড়ির দরজা জানালাবিহীন রুমের মাটির নিচে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে।

২৬ মার্চ কামরুল ও দীপা নিজ স্কুলের দুই শিক্ষার্থী রোকন ও সবুজকে দিয়ে কামরুলের বড় ভাই খাদেমুল ইসলামের পরিত্যক্ত বাড়ির দরজা জানালাবিহীন ঘরের মেঝে খুঁড়ে গর্ত করে রেখেছিল।এ ঘটনায় বাবু সোনার ছোটভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক থানায় হত্যা মামলা করেন। এই মামলায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় স্ত্রী দীপা ভৌমিক ও কামরুল ইসলাম। মামলার আসামী রথিশের সহকারী মিলন মোহন্ত গত বছর ১৪ এপ্রিল হাসপাতালে এবং প্রধান আসামি স্ত্রীর পরকীয়া প্রেমিক কামরুল ইসলাম রংপুর কারগারে ১০ নভেম্বর রহস্যজনকভাবে মারা যায়। এই মামলায় ২১ অক্টোবর চার্জ গঠন করে আদালত। পরবর্তীতে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণের পর যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক আজকে রায়ের তারিখ ঘোষণা করেন। রংপুরে অতি পরিচিত মুখ খুন হওয়া অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার একমাত্র পুত্র ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করছেন। একমাত্র মেয়ে রংপুর সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভার্চুয়াল জগতে ‘ঠান্ডা লড়াই’ চিন-আমেরিকার, পিছিয়ে নেই ভারতও-দৈনিক সংবাদ প্রতিদিন

ভার্চুয়াল জগতে ‘ঠান্ডা লড়াই’ চিন-আমেরিকার, পিছিয়ে নেই ভারতও

প্রথম বিশ্বযুদ্ধের ‘ট্রেঞ্চ ওয়ার’ থেকে নাৎসি জার্মানির ‘মেকানাইজড ওয়ার’। যুগের সঙ্গে তাল মিলিয়ে পালটেছে রণনীতি। রাইফেল হাতে সম্মুখ সমর থেকে ঠান্ডাঘরে বসে বোতাম টিপে মিসাইল হামলা। প্রযুক্তির দ্রুত উন্নতিতে আরও শক্তিশালী হয়েছে যুদ্ধাস্ত্র। এই পরিবর্তিত পরিস্থিতিতে তৈরি হয়েছে ‘ভার্চুয়াল ওয়ার’ বা সাইবার যুদ্ধের আশঙ্কা। ফলে এবার আর মাটিতে নয়, যুদ্ধ হতে পারে ইন্টারনেটের দুনিয়ায়। তাই দুনিয়ার ইন্টারনেট ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করা নিয়ে ‘ঠান্ডা লড়াই’ শুরু হয়েছে চিন ও আমেরিকার মধ্যে। তবে পিছিয়ে নেই ভারতও। এবার ‘সাইবার এজেন্সি’ গঠন করতে চলেছে ভারতীয় সেনা।

জানা গিয়েছে, নেট দুনিয়ায় চিনকে হারাতে মিত্র দেশগুলির উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। একদিকে ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে ওয়াশিংটনে, অন্যদিকে সতর্ক করা হচ্ছে পোল্যান্ডকে। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়েছে, চিনা সংস্থা হুয়াওয়েকে ফাইভ জি ইন্টারনেট পরিকাঠামো বাস্তবায়নের বরাত দিলে পোল্যান্ডে মার্কিন সেনার স্থায়ী ঘাঁটি স্থাপনের প্রকল্প ধাক্কা খাবে। ওই চিনা সংস্থার বিষয়ে জার্মানিকেও আশঙ্কার কথা জানিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ ‘ইউএস স্ক্র্যাম্বলস টু আউটরান চায়না ইন নিউ আর্মস রেস’ নামে একটি প্রবন্ধ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ফাইভ জি প্রযুক্তির ইন্টারনেট পরিষেবার শক্তি হচ্ছে গতি। এই উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা গড়ে উঠলে ব্যাপক হারে বাড়বে ভার্চুয়াল রিয়েলিটি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। সমস্যা হচ্ছে, ফাইভ জি ইন্টারনেট ব্যবস্থায় যে সফটওয়্যার ব্যবহার করা হবে, তার যে কোনও রকম পরিবর্তন করা সম্ভব হবে ব্যবহারকারীর অজ্ঞাতেই। ফলে যার হাতে ইন্টারনেটে ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে তার পক্ষে বিপুল পরিমাণ তথ্য পরিবর্তন ও নকল করার সুযোগ খুলে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ফাইভ জি ইন্টারনেট ব্যবস্থার নিয়ন্ত্রণ যার হাতে যাবে সে আগামী একশো বছর দুনিয়ার নেতৃত্বে থাকবে। ফলে হুয়াওয়েকে ব্যবহার করে যে কোনও ধরনের কারচুপি করতে পারবে বেজিং। 

এদিকে নেট দুনিয়ার এই লড়াইয়ে নিরাপত্তা বজায় রাখতে প্রস্তুতি নিচ্ছে ভারতও। তাই শত্রুর থেকে এক কদম এগিয়ে থাকতে এবার ‘সাইবার এজেন্সি’ গঠন করতে চলেছে ভারতীয় সেনা। এমনটাই জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এম এম নারাভান। সাইবার হামলা ঠেকাতে ও পালটা মার দিতে প্রস্তুতি নিচ্ছে ভারত।

নাসিরুদ্দিন শাহ, আমির খানকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ আরএসএস নেতার-দৈনিক আজকাল

Image Caption

 

অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং আমির খান আসলে বিশ্বাসঘাতক। তাঁরা ভাল অভিনেতা হতে পারেন তবে তাঁরা সম্মান পাওয়ার যোগ্য নন। এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। আরএসএস নেতার দাবি নাসিরুদ্দিন শাহ এবং আমির খান আসলে মির্জাফর এবং জয়চন্দের মতো। সোমবার আলিগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই দুই বলিউড অভিনেতাকে আক্রমণ করেন আরএসএস নেতা। যদিও এই প্রথম নয় এর আগেও একাধিক সঙ্ঘ নেতা নাসিরুদ্দিন শাহের সমালোচনা করেছেন। কারণ, গত মাসে নাসিরুদ্দিন শাহ একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, নিজের সন্তানদের এই দেশে রাখতে দুশ্চিন্তা হয়।

এতটাই অসহিষ্ণুতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই দেশে এখন পুলিস কর্মীর প্রাণের থেকে গরু অনেক বেশি গুরুত্ব পায়। অভিনেতা এই মন্তব্যের পরে গেরুয়া শিবির থেকে একের পর এক আক্রমণ শুরু হয়। এমনকী বলিউডের কিছু মোদিপন্থী অভিনেতাও নাসিরুদ্দিন শাহকে আক্রমণ করেন।  বুলন্দশহরে গোরক্ষকদের হাতে পুলিস কর্মীর মৃত্যুর ঘটনা নিয়েই উদ্বেগ প্রকাশ করে নাসিরুদ্দিন শাহ এই মন্তব্যটি করেছিলেন। সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশের বিজেপি প্রধান মহেন্দ্র নাথ পাণ্ডে তাঁকে আক্রমণ করে  পাকিস্তানের চর বলেছিলেন। 

মনোহর পর্রীকরের সঙ্গে ‘ঝটিকা’ বৈঠক, গোয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ালেন রাহুল-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধী ও মনোহর পার্রিকর

গত কালই রাফাল চুক্তিতে মনোহর পর্রীকরের ভূমিকা নিয়ে তদন্ত শুরু না হওয়ার কেন্দ্রকে তীব্র সমালোচনায় বিঁধেছিলেন রাহুল গাঁধী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অবশ্য গোয়ায় মনোহর পর্রীকরের অফিসে গিয়ে ‘ঝটিকা’ বৈঠক সারলেন তিনি। এই ‘হঠাৎ’ সাক্ষাতের কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, এই সাক্ষাৎ ‘ব্যক্তিগত’। যদিও রাফাল নিয়ে বিজেপি এবং মনোহর পর্রীকরের বিরুদ্ধে গতকাল সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যঙ্গ-কটাক্ষ-সমালোচনা-দাবির পরই এই ‘বৈঠক’ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

রাফাল চুক্তি নিয়ে রাহুলের সাম্প্রতিকতম অস্ত্র একটি অডিয়ো টেপ। বিষয়টি নিয়ে সোমবারই ফের নতুন করে আক্রমণ শানান রাহুল গাঁধী। টুইট করে তিনি জানান, ‘৩০ দিন হয়ে গেল, রাফাল সংক্রান্ত অডিয়ো টেপ ফাঁস হয়েছে। এখনও কোনও এফআইআর নেই, কোনও তদন্তও শুরু করা হয়নি। গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও কোনও তদন্ত শুরু হয়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬