ফেব্রুয়ারি ০২, ২০১৯ ১৩:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ ফেব্রয়ারি শনিবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • বিএনপির পুনর্নির্বাচন দাবি বাচ্চাসুলভ আবদার : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • বিএনপি ‘ইজ ইউনাইটেড’: ফখরুল-দৈনিক প্রথম আলো
  • প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-বিএনপি বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ: কাদেররিজার্ভ চুরির মামলায়
  • বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি- দৈনিক যুগান্তর
  • ৫০০ সরকারি কর্মকর্তার থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি-দৈনিক মানবজমিন
  • এ পর্যন্ত কোথাও প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি : শিক্ষামন্ত্রী- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপিকে ধরাশায়ী করতে রণসজ্জায় সাজছেন দেশের এই তিন মহিলা-দৈনিক আজকাল
  • ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ফাঁদ, আমেরিকায় ধৃত ১২৯ ভারতীয় পড়ুয়া-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত....দৈনিক মানবজমিনসহ অনেক পত্রিকা এ খবর দিয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন?

২. ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সব পথ রয়েছে খোলা বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আর মাদুরো বলেছেন, ভেনিজুয়েলা হবে ভিয়েতনাম। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

বিএনপি ‘ইজ ইউনাইটেড’: ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা আজকে জাতির, সমস্যা বিএনপির নয়। আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। সব অধিকার চলে যাচ্ছে, গণতন্ত্র চলে যাচ্ছে। সবাই বলছে বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নেই, বিএনপি ইজ ইউনাইটেড।

আজ শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘সহিংসতা ও নারী: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন, ‘মরার আগে আমাদের মরে যাওয়া ঠিক নয়। কেন আমরা মরে যাওয়ার আগে মরে যাচ্ছি? কেন আমরা ভয়ে ভীত হয়ে, শঙ্কিত হয়ে ঘরে লুকিয়ে থাকার চেষ্টা করছি? ভয়ে লুকিয়ে থাকলে আমরা বাঁচব না। অনেকে মনে করেন, এখন বিএনপি–ঐক্যফ্রন্টকে ধরছে, আমরা বেঁচে যাব। বাঁচবেন না, এবার তো কেউ বাঁচল না।’

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই জানি, ১০ বছর ধরে বাংলাদেশে একটি দলের শাসন চলছে। তারা ছলে–বলে–কৌশলে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছে। গত নির্বাচনে দেখলাম অত্যন্ত সচেতনভাবে তাদের ক্ষমতায় নেওয়ার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। এর চেয়ে ভয়ংকর ব্যাপার আর কিছু হতে পারে না।’ তিনি আরও বলেন, আজকে সংসদ চলছে, এই সংসদ কার কথা বলবে? এই সংসদ কি নারীদের ওপর যে নির্যাতন হচ্ছে, সে বিষয়ে কথা বলবে? বলবে না। কারণ হচ্ছে তাদের লোকেরাই এই কাজগুলো করছে। তাদের এই সংসদ বসানোর নৈতিক কোনো বৈধতা নেই। কারণ, তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে গোটা জাতির সঙ্গে প্রতি একটি নিষ্ঠুর প্রহসন হয়েছে।

বিএনপি বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ: কাদের-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশ-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা তাদের নিজস্ব ব্যাপার।

নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুজন ছিলেন। একটি বড় দলের জন্য এটা কিছুই না। আশা করি উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।

বিএনপির পুনর্নির্বাচন দাবি বাচ্চাসুলভ আবদার : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপির পুনর্নির্বাচন দাবিকে বাচ্চাসুলভ আবদার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, কোনো ফুটবল ম্যাচে ১০ গোল খেয়ে হেরে যাওয়ার পর কেউ যদি আবার খেলার আবদার করে তা কেবল ছোট্ট শিশুদের কান্নাকাটি ছাড়া আর কিছুই নয়।

৫ বছর পর আবার নির্বাচনে প্রস্তুতি নেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর সরকার ৫ বছর সফলভাবেই দেশ পরিচালনা করেছে। ২০১৮ সালের নির্বাচনের পরও আগামী ৫ বছর সরকার দেশ পরিচালনা করবে। ৫ বছর পর আবার নির্বাচন হবে। ইতিবাচক রাজনীতি করার মাধ্যমে ৫ বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

রিজার্ভ চুরির মামলায় বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি-দৈনিক যুগান্তর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড)। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকটি। তিন বছর আগের ওই হ্যাকিংয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গচ্ছিত অর্থের মধ্যে ১০ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার রাত ৮টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় প্রধান আসামি করা হয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে (আরসিবিসি)। এছাড়াও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ফিলিপাইনের মানি এক্সচেঞ্জ হাউস, দুটি ক্যাসিনো এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আসামি করা হয়েছে।আসামির তালিকায় আরসিবিসি ব্যাংকসহ ৬টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির নাম আছে বলে জানা গেছে। এতে চুরি হওয়া অর্থসহ মামলা পরিচালনার সমুদয় ব্যয় এবং দোষীদের শাস্তি দাবি করা হয়েছে।

৫০০ সরকারি কর্মকর্তার থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি-দৈনিক মানবজমিন

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে দিয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ  থেকে ৩৫-৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গতকাল ওই চক্রের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।   আজ রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান।  মহিউদ্দিন ফারুকী বলেন, দুদক একটা আস্থার জায়গা তৈরি করেছে। এটিকে কেন্দ্র করে প্রতারণার সুযোগ নিয়েছে এই চক্রটি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের-দৈনিক সংবাদ প্রতিদিন

অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সাহায্য করছে না রাজ্য সরকার৷ আলিপুরদুয়ারের ফালাকাটার সভামঞ্চ থেকে এ ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজনাথ সিং৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর প্রয়োজন রয়েছে৷ সে জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্র৷ কিন্তু রাজ্য জমি দিতে অস্বীকার করে৷ ফলে কেন্দ্র চাইলেও, অনুপ্রবেশ রুখতে আগ্রহ নেই রাজ্য সরকারের৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ রাজনাথের সাফ কথা, “তৃণমূলের রাজ্যে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়৷” 

অনুপ্রবেশ ইস্যুতে এর আগেও বিজেপি নেতারা মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এই আক্রমণ নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ফাঁদ, আমেরিকায় ধৃত ১২৯ ভারতীয় পড়ুয়া-দৈনিক আনন্দবাজার

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ফাঁদে পা দিয়ে আমেরিকায় পড়তে গিয়ে গ্রেফতার হলেন ১২৯ জন ভারতীয় পড়ুয়া। অবৈধ ভাবে মার্কিন মুলুকে থাকার জন্যই তাঁদের গ্রেফতার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্তকারীরা। ধৃত পড়ুয়াদের মুক্ত করে দেশে ফেরত নিয়ে আসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে।

অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল। ২০১৭ সালের জুন থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত চালান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্তকারীরা।ভারতীয় পড়ুয়ারা গ্রেফতার হওয়ায় বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় পড়ুয়াদের মুক্তির বিষয়টি তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।

বিজেপিকে ধরাশায়ী করতে রণসজ্জায় সাজছেন দেশের এই তিন মহিলা-দৈনিক আজকাল

প্রিয়াঙ্কা গান্ধী-মমতা ব্যানার্জী ও মায়াবতী

সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই এখন এগিয়ে রয়েছে মহিলারা। পুরুষদের সঙ্গে টেক্কা দিতে পায়ে পা মিলিয়ে এখন সব জায়গাতেই দাপট দেখা যাচ্ছে তাঁদের। লোকসভা নির্বাচনেও বিজেপির কাছে ভয়ের কারণ হতে পারে দেশের এমনই তিন ক্ষমতাশালী মহিলা। যাঁরা ইতিমধ্যেই রাজনীতির জগতে নিজেদেরকে প্রমাণ করতে সফল হয়েছেন। মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই বিজেপি শিবিরে এই তিন মহিলাকে নিয়ে জল্পনা চলছে তুঙ্গে।

এই তিন মহিলার মধ্যে শীর্ষে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তারপরই নেহেরু–গান্ধী পরিবারের উত্তরাধিকারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বসপা প্রধান মায়াবতী রাজনীতিতে পাকা খেলোয়াড় হলেও, প্রিয়াঙ্কার সবে হাতেখড়ি হয়েছে রাজনীতিতে। যদিও স্বাধীনতার পর থেকে দেশ শাসকের ভূমিকায় যে দলকে দেখা গিয়েছিল, সেই কংগ্রেসরই প্রিয়াঙ্কা ময়দানে নামার পর একটু হলেও নড়েচড়ে বসেছে গেরুয়া শিবির। জানুয়ারিতেই উত্তরপ্রদেশে দলের সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন ইন্দিরা গান্ধীর নাতনি। অন্যদিকে মমতা ব্যানার্জী ও মায়াবতীও এনডিএ সরকারকে কেন্দ্র থেকে উচ্ছেদ করতে নিজেদের রণ–কৌশল তৈরি করছে। যার মধ্যে অন্যতম মহাগাঁটবন্ধন। যদিও বাংলার মুখ্যমন্ত্রী আদৌও এই জোটে আসবেন কিনা তা নিয়ে এই দুই নেত্রীর মধ্যে কোনও আলোচনা হয়নি।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২