ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১২:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ৩৩ শতাংশ বাসের ফিটনেস সনদ অগ্রহণযোগ্য-দৈনিক প্রথম আলো
  • দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীকে আরও ভূমিকা রাখতে হবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  •  অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল বাংলাদেশের-দৈনিক নয়া দিগন্ত
  • হাজার কোটি টাকা লুট হচ্ছে আর দুদক ব্যস্ত শিক্ষকদের নিয়ে: হাইকোর্ট-দৈনিক যুগান্তর
  • জনশক্তি ব্যুরোতে অন্যরকম শপথ-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • চলছে জেরা, আর্থিক তছরুপের অভিযোগে আজও এনফোর্সমেন্ট অফিসে তলব রবার্ট বঢরাকে-দৈনিক আনন্দবাজার
  • মধ্যপ্রদেশে বিজেপির সভায় মাথা বাঁচাতে হেলমেট পরছেন সাংবাদিকরা-দৈনিক আজকাল
  • বাংলার হাল জরুরি অবস্থার চেয়েও খারাপ, তোপ শিবরাজের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর

দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীকে আরও ভূমিকা রাখতে হবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর কাজের প্রশংসা করে বলেন, সশস্ত্র বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌত্বের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতেও সশস্ত্র অবদান রাখছে। বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী বহির্বিশ্বেও দায়িত্ব পালন করছে। তারা সেখানে শুধু শান্তিরক্ষায়ই দায়িত্ব পালন করছে না, বরং সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে। এতে দেশের বাইরেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসিত হচ্ছে।

৩৩ শতাংশ বাসের ফিটনেস সনদ অগ্রহণযোগ্য-দৈনিক প্রথম আলো

বিআরটিএ

৩৩ শতাংশ বাসের ফিটনেস সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ৫৬ শতাংশের গতি নিয়ন্ত্রক সিল ঠিক নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ৩৯টি বাসের ওপর জরিপ করা হয়।  আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।  এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারে কমিটি গঠন করে বিআরটিএ। যানবাহনের ওপর জরিপ চালিয়ে তারা এই প্রতিবেদন প্রস্তুত করে। পরে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। বিআরটিএর পক্ষে প্রতিবেদনটি আদালতে দাখিল করেন আইনজীবী রফিকুল ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। জরিপের সীমাবদ্ধতা হিসেবে প্রতিবেদনে বলা হয়, কমিটি কর্তৃক পূর্বনির্ধারিত সময় ও স্থান অনুযায়ী সার্ভে করা হয়। ধারণা করা হয়—সার্ভের বিষয়টি কোনো না কোনোভাবে প্রকাশ হওয়ায় অনেক যানবাহন (সম্ভবত খারাপ) সংশ্লিষ্ট স্থান ও সময় এড়িয়ে চলেছে। 

প্রতিবেদনের সুপারিশে বলা হয়, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে, সড়কে শৃঙ্খলা আনতে আনফিট বা ত্রুটিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। সমস্যার ব্যাপকতা ও তার মাত্রা বোঝার জন্য যানবাহনের বিশেষ করে গণপরিবহনের ওপর বিজ্ঞানভিত্তিক সার্ভে পরিচালনা করা খুবই জরুরি। এ ক্ষেত্রে কোনো বিশেষায়িত গবেষণাধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে তা করা যেতে পারে।

জনশক্তি ব্যুরোতে অন্যরকম শপথ-দৈনিক মানবজমিন

জনশক্তি ব্যুরোর কর্মকর্তাদের শপথ

আমি শপথ করিতেছি যে, দুর্নীতি করিবো না...। এভাবেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা শপথ বাক্য পাঠ করেন। শপথ করেন বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা নিজেও। প্রতিষ্ঠানটিকে ‘দুর্নীতিমুক্ত’ ঘোষণা করতে আগে নিজেরাই দুর্নীতিমুক্ত হওয়ার শপথ নেন কর্মকর্তারা। পরে এ দপ্তরকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন ডিজি মো. সেলিম রেজা। গত ৪ঠা ফেব্রুয়ারী রাজধানীর কাকরাইলে দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ ঘোষণা দেয়া হয়। এ সময় বিএমইটি ছাড়াও অভিবাসন বিষয়ক সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমইটি মহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থাকতে শপথ করান।

হাজার কোটি টাকা লুট হচ্ছে আর দুদক ব্যস্ত শিক্ষকদের নিয়ে: হাইকোর্ট-দৈনিক যুগান্তর

হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক। বৃহস্পতিবার কোচিং সেন্টার নিয়ে শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের বেঞ্চ এ কথা বলেন। আদালত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে ছেড়ে দিয়ে স্কুলশিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক। যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা। দুদক দুর্নীতিবাজ রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তবেই দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল বাংলাদেশের-দৈনিক নয়া দিগন্ত

বর্ডার গার্ড অব বাংলাদেশ

রাখাইন রাজ্যের বৌদ্ধ ও উপজাতিদের প্রবেশ ঠেকাতে মিয়ানমারের সাথে সীমান্ত সিল করে দিয়েছে বাংলাদেশ। বৌদ্ধ জাতীয়তাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মিকে দমনে মিয়ানমার নিরাপত্তাবাহিনীর চালানো দমন-পীড়নের হাত থেকে বাঁচতে রাখাইনের অধিবাসীদের বাংলাদেশে আসা বন্ধ করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ পর্যন্ত অন্তত ৩৫টি পরিবার রুমা সীমান্ত দিয়ে বান্দরবানে ঢুকে পড়েছে। এ দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন রোহিঙ্গা সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সঙ্কট স্থিতিশীলতার জন্য একটি হুমকি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আর্থিক তছরুপে অভিযুক্ত রবার্ট বঢরার সমর্থনে মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আর্থিক তছরূপে অভিযুক্ত রবার্ট বঢরার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইডি দপ্তরে হাজিরা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী, তথা সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। প্রায় পাঁচ ঘন্টা ধরে তাঁকে জেরা করেন গোয়েন্দারা। বৃহস্পতিবারও ফের ইডি-র জেরার মুখে রবার্ট বঢরা। চলছে জেরা, আর্থিক তছরুপের অভিযোগে আজও এনফোর্সমেন্ট অফিসে তলব রবার্ট বঢরাকে বুধবার পাঁচ ঘন্টারও বেশি সময় ম্যারাথন জেরার পর আজ আবার দ্বিতীয় রাউন্ড। লন্ডনে বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে আজকেও জেরা করা হচ্ছে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরাকে।

বাংলার হাল জরুরি অবস্থার চেয়েও খারাপ, তোপ শিবরাজের-দৈনিক সংবাদ প্রতিদিন

বুধবারই খড়গপুরের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। বৃহস্পতিবার শহরের কালীঘাট মন্দিরে সস্ত্রীক পুজো দেওয়ার পর প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বললেন, ‘তৃণমূল বাংলায় হিংসা ছড়াচ্ছে। বাংলার মানুষ পরিবর্তন চায়।’ কালীঘাটে পুজো দেওয়ার পর বৃহস্পতিবার সকালে একথা বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বক্তব্য, ‘বিজেপি নেতাদের আটকানো হচ্ছে। হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের খুন করা হয়েছে। বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে হবে।’ এরপর রাজ্য বিজেপির সদর দপ্তরে এসে সাংবাদিক বৈঠক করেন শিবরাজ। সেখানেও রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, গত পঞ্চায়েত ভোটে বাংলায় একাধিক জায়গায় হিংসার ঘটনা হয়েছে। হিংসায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভোট পরবর্তী সময়েও হিংসার ঘটনায় বাধা পেয়েছে বোর্ড গঠনের কাজ। বহু জায়গার উদাহরণ তুলে তিনি বলেন, সদ্য মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। সেখানে একজনেরও প্রাণহানি হয়নি। বোঝাই যাচ্ছে, বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই। বাংলার মানুষ তাই পরিবর্তন চাইছেন।

মধ্যপ্রদেশে বিজেপির সভায় মাথা বাঁচাতে হেলমেট পরছেন সাংবাদিকরা-দৈনিক আজকাল

সভা করছেন বিজেপি নেতারা। আর সেই সভায় খবর করতে গিয়ে মাথায় হেলমেট পড়ে রয়েছেন সাংবাদিকরা। না ভুল করে নেই, ইচ্ছে করেই। গত শনিবার মধ্যপ্রদেশে বিজেপির সভায় খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সুমন পাণ্ডে নামে এক সাংবাদিক। তারপর থেকেই হামলার হাত থেকে বাঁচতে এই পন্থা অবলম্বন করেছেন অন্যান্য সাংবাদিকরা। তাঁদের দাবি, এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। ঘটনার প্রতীকী প্রতিবাদও করা হবে এবং যদি হামলা হয়ও সেক্ষেত্রে মাথা অন্তত সুরক্ষিত থাকবে। 

এর আগে রায়পুরে বিজেপির জেলা কমিটির সভায় খবর সংগ্রহে গিয়েছিলেন সুমন পাণ্ডে। কিন্তু ভিডিও করার সময় হঠাৎই তার উপর ঝাঁপিয়ে পড়েন বিজেপির কয়েকজন কর্মী। ঘটনায় মাথায় আঘাত পান সুমন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭