একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
প্রিয় পাঠক ও শ্রোতাবন্ধুরা! সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামি বিপ্লবের ৪০ তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে সবার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
বাংলাদেশের পত্রিকা দিয়েই শুরু করা যাক:
দুধ-দইয়ে ভেজাল: অনুসন্ধান করে ব্যবস্থা নিতে নির্দেশ:
প্রথম আলো এই খবরে আরও লিখেছে: দুধে ভেজাল মেশানো মারাত্মক দুর্নীতি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুধ-দইয়ে অ্যান্টিবায়োটিক, অণুজীব, কীটনাশক ও সিসা পাওয়ার ঘটনা অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত।
গণমাধ্যমে এ সংক্রান্ত আসা খবর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হলে রুলসহ এ আদেশ দেন।
সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) এক গবেষণায় গাভির কাঁচা দুধে সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক ও নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান পাওয়া গেছে।
নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৪৬ কর্মকর্তা:
বাংলাদেশ প্রতিদিনের এই খবরটিতে আরও এসেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৪৬ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে উগ্রপন্থার জন্ম হতে পারে:
মানব জমিন বিস্তারিত খবরে লিখেছে: রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে রাখাইনে একটি ‘সেইফ জোন’ গড়ে তোলার নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রাজধানীতে দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। বলেন, রোহিঙ্গা ঢলের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে দেয়া বক্তৃতায় রাখাইনে সেইফ জোনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মিয়ানমারের সঙ্গে যে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেখানে এটি ছিল না। এবার নতুন করে তারা ওই সেইফ জোনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রস্তাবটি আমরা আবার দিচ্ছি এবং নতুনভাবে দিচ্ছি। মন্ত্রী সেইফ জোনের আগের প্রস্তাবের তুলনায় এবার সুনির্দিষ্টভাবে কিছু সংযোজনেরও প্রস্তাব করেন। বলেন, আমরা চাই রাখাইনে একটি ‘সেইফ জোন’ হবে, যেখানে ভারত, চীন ও আসিয়ানের দেশগুলো রোহিঙ্গাদের দেখাশোনা করবে। কারণ, ওই রাষ্ট্র এবং রাষ্ট্রগুলোর জোটের প্রতি মিয়ানমারের আস্থা আছে।
এবার হজ করার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার জন:
নয়াদিগন্ত আরও জানিয়েছে: এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে বেসরকারিভাবে যাবেন এক লাখ ২০ হাজার, বাকি সাত হাজার ১৯৮ জন যাবে সরকারিভাবে।
সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। একই সাথে জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৯-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রিয় পাঠক- শ্রোতা! এবার সংবাদ বিশ্লেষণে যাওয়া যাক। কথাবার্তার এ পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা থেকে জনাব সিরাজুল ইসলাম। জনাব সিরাজ! আপনি জানেন যে ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উদযাপন করা হচ্ছে আজ। এতে ইরানের অন্তত এক হাজার শহর ও ১০ হাজার গ্রাম থেকে শোভাযাত্রায় কোটি জনতা অংশ নিয়েছে। জনগণের এই অংশগ্রহণ আসলে কী বার্তা দিচ্ছে?
আচ্ছা, বিপ্লব বার্ষিকীতে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
এবারে কোলকাতার কয়েকটি বাংলা পত্রিকার গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি:
কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? অন্য একটা গোষ্ঠীর নাম বলুন তো! কৃষ্ণগঞ্জে দাঁড়িয়ে চ্যালেঞ্জ অভিষেকের
আনন্দবাজার পত্রিকা আরও লিখেছে, শুধু কৃষ্ণগঞ্জের বিধায়ক নন, সত্যজিৎ বিশ্বাস নদিয়া জেলা যুব তৃণমূলের সভাপতিও ছিলেন। সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার গেলেন খুন হয়ে যাওয়া জেলা সভাপতির বাড়ি। দেখা করলেন সত্যজিতের পরিবারের সঙ্গে। এ দিনই সত্যজিৎ খুনের ঘটনা নিয়ে প্রথম বার মিডিয়ার সামনে মুখ খুললেন তিনি। আরও জোর দিয়ে চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর মতুয়া সমাবেশের কয়েক দিনের মধ্যেই কৃষ্ণগঞ্জের মতুয়া সংগঠককে খুন হতে হল কেন? তুললেন সে রকম প্রশ্নও।
কৃষ্ণগঞ্জের বিধায়ক শনিবার সন্ধ্যায় খুন হওয়ার পর থেকেই তীব্র চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। বিজেপির চক্রান্তে এই খুন বলে তৃণমূল দাবি করছে, বিজেপি নেতা মুকুল রায়ের নামে এফআইআর-ও হয়ে গিয়েছে। আর বিজেপি বার বারই দাবি করছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হল সত্যজিৎকে।
হুগলির তালচিনান এলাকায় তৃণমূল নেতার দেহ উদ্ধার:
বর্তমান পত্রিকা এ বিষয়ে জানিয়েছে, হুগলি জেলার দাদপুর থানার তালচিনান এলাকায় তৃণমূল নেতার দেহ উদ্ধার।
পুলিস সূত্রে খবর মৃতের নাম রিতেশ রায়(৫২)। তাঁর বাড়ি কাঁথির মারিশদা এলাকায়। জানা গিয়েছে, মৃতের গলা, থুতনি সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। রিতেশবাবু পূর্ব মেদিনীপুর জেলার মাজদিয়া থানা এলাকার দুরমুঠ অঞ্চল তৃণমূলের সভাপতি। তৃণমূলের অভিযোগ, বিজেপি অপহরণ করে তাঁকে খুন করেছে। শনিবার সকালে হুগলির তালচিনানে রাস্তার পাশে রিতেশবাবুর মৃতদেহ উদ্ধার করে দাদপুর থানার পুলিস। মৃতের পরিবারের দাবি, গত সাত তারিখ বাড়ি থেকে কোলাঘাটে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। এরপর গত ৯ তারিখ দাদপুর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিস খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর নাম রিতেশ রায়। আজ সকালে ওই তৃণমূল নেতার পরিজনেরা চুঁচুড়া হাসপাতালের মর্গে এসে তাঁর মৃতদেহ শনাক্ত করে। হাসপাতালে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন