নির্বাচন নিয়ে বিএনপির গণশুনানি গণতামাশা ছাড়া কিছুই নয়
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- দায়বদ্ধ সংবিধানের কাছে, দল-ব্যক্তির কাছে নয়: সিইসি-দৈনিক প্রথম আলো
- ২৪ ফেব্রুয়ারি গণশুনানির প্রধান বিচারক হবেন ড. কামাল-দৈনিক ইত্তেফাক
- নির্বাচন নিয়ে বিএনপির গণশুনানি গণতামাশা ছাড়া কিছুই নয় : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত
- সেন্টমার্টিনকে নিজেদের ভূখন্ড দাবি: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব-দৈনিক যুগান্তর
- কেউ আইনের উর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাত: মমতার পথে রাতভর ধর্না পুদুচেরির মুখ্যমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
- সুপ্রিম কোর্টের নির্দেশ অগণতান্ত্রিক: কেজরিওয়াল-দৈনিক আজকাল
- বিজেপিকে রুখতে ভোটের আগে জোট, বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
সেন্টমার্টিনকে নিজেদের ভূখন্ড দাবি: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব-দৈনিক যুগান্তর
রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল হক। তিনি জানান, মিয়ানমারের মানচিত্রে ফের বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অন্তর্গত দেখানো হয়েছে। আমরা মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকেছি, তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। দেখি তিনি কী জবাব দেন।
এর আগে গত বছরও মিয়ানমারের জনসংখ্যাবিষয়ক বিভাগের ওয়েবসাইটে সেন্টমার্টিনকে তাদের মানচিত্রে দেখানো হয়। সে সময়ও মিয়ানমারের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। মিয়ানমার তখন জানিয়েছিল, তারা দেশের মানচিত্র তৈরির কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে করিয়েছে। ওই প্রতিষ্ঠানটি মানচিত্র তৈরিতে ভুল করে সেন্টমার্টিনকে নিজেদের ভুখন্ড হিসেবে দেখিয়েছে। পরে অবশ্য সেটি তাদের মানচিত্র থেকে সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, মিয়ানমার মাঝে মাঝে উসকানি দেয়। তবে আমরা সেই উসকানিতে পা দিতে চাই না। আমরা সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ককে আরও উন্নীত করার চেষ্টা করে যাচ্ছি। প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশি দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে।
দায়বদ্ধ সংবিধানের কাছে, দল-ব্যক্তির কাছে নয়: সিইসি-দৈনিক প্রথম আলো
কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ; কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ওপর দায়বদ্ধ নন।
দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ অনুষ্ঠান হয়।
সিইসি বলেন, ‘সমন্বয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো দূরে থাকব। জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন। এখানে আছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটার, যাঁদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে। আপনারা এসব লোকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এঁরা আপনাদের প্রতি তাকিয়ে আছেন। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করবেন—এই প্রত্যাশায়।’
সিইসি বলেন, ‘মনে রাখতে হবে আপনাদের দক্ষতার ওপরে, পারদর্শিতার ওপরে, নিরপেক্ষতার ওপরে নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি, কখনো কারও প্রতি কোনো রকমের দুর্বলতা আপনাদের থাকবে না। কোনো পক্ষপাতিত্ব থাকবে না। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে।’
২৪ ফেব্রুয়ারি গণশুনানির প্রধান বিচারক হবেন ড. কামাল-দৈনিক ইত্তেফাক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানির কর্মসূচি পালন করবে তাতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় কামাল হোসেনকে প্রধান বিচারক করার প্রস্তাব করা হয়। বৈঠক শেষে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের একথা জানান। ড. কামাল হোসেন বলেন, গণশুনানি প্রধান বিচারক কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। বৈঠকের সার্বিক বিষয় নিয়ে আ স ম আব্দুর রব বলেন, আমরা আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করবো সেই বিষয়ে রবিবার প্রস্তুতি সভা রয়েছে। সভায় এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
এখনও গণশুনানির ভেন্যু চূড়ান্ত হয়নি জানিয়ে রব বলেন, জাতীয় প্রেস ক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ কয়েকটি জায়গা আমাদের বিবেচনায় রয়েছে। ড. কামাল হোসেন দলীয় ব্যক্তি তিনি কীভাবে বিচারক হবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দুনিয়ার সব জায়গায় দল রয়েছে। দলীয় নেতারা এসব বিষয়ে কথা বলবেন। পরে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে আ স ম আব্দুর রব বলেন, ভোট ডাকাতি ছাড়া আমরা সব দলকে গণশুনানিতে লিখিত আমন্ত্রণ জানাব।
নির্বাচন নিয়ে বিএনপির গণশুনানি গণতামাশা ছাড়া কিছুই নয় : ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির গণশুনানী গণতামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ‘বিএনপির গণশুনানির গণতামাশা, যার প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম উচ্চারিত হয়। তখন তা আর গণশুনানি থাকে না, সেটা গণতামাশা হয়।’ ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলে লাভ হবে না: হানিফ-দৈনিক মানবজমিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কিছু করতে পারেনি। বিরোধীদলে থেকেও মানুষ হত্যা করেছে। তারা এখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে। এসব বিতর্কিত কথাবার্তা বলে কোনো লাভ হবে না। অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির সামনে বিএনপির বলার মতো কোনো ইস্যু নেই উল্লেখ করে হানিফ বলেন, যে দলের শীর্ষ নেতারা আদালতের তরফ থেকে দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ও বিদেশে থাকেন। সেই দলের নেতাদের কথা বলার আর নৈতিক কোনো অধিকার থাকতে পারে না। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। ইস্যু এখন জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে আপনাদের যদি কোনো অসন্তুষ্টি থাকে তাহলে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।
কেউ আইনের উর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনার রেশ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনের উর্ধ্বে কেউ নয়। আইন আইনের মতো কাজ করবে। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি গঠন বা তদন্ত হয় না। তবে এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করেছে কি-না এমন প্রশ্নের করলে স্বরাষ্ট্রমন্ত্রী কোন উত্তর দেননি। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গরু জব্দ করা নিয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘষ ও বিজিবির গুলিতে তিনজন নিহত হন। আহত হন বিজিবি সদস্যসহ অন্তত ১৫ জন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাত: মমতার পথে রাতভর ধর্না পুদুচেরির মুখ্যমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্ঘাতে এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। প্রশাসনিক কাজে মোদী সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে রাতভর ধর্নায় বসলেন তিনি। কেন্দ্রশাসিত পুদুচেরিতে কংগ্রেস ও ডিএমকে-র জোট সরকার। বুধবার বিকেলে দুই দলের বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে লেফ্টেন্যান্ট গভর্নর কিরণ বেদীর বাসভবনের সামনে হাজির হন নারায়ণস্বামী। পাতলা চাদর গায়ে চাপিয়ে রাস্তায় শুয়ে রাত কাটান সকলে। আগামী ২১ ফেব্রুয়ারি নারায়ণস্বামীকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছিলেন কিরণ বেদী। বৈঠক না হওয়া পর্যন্ত ধর্না চলবে বলে জানিয়েছে পুদুচেরি সরকার।
গতকাল বিকেলে কালো রঙের খাটো কুর্তা এবং ধুতি পরে ধর্নায় বসেন নারায়ণস্বামী। নিজেই টুইটারে সেই ছবি আপলোড করেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘ইচ্ছাকৃতভাবে ৩৯টি সরকারি প্রকল্প আটকে রেখেছেন কিরণ বেদী। দরিদ্র মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার প্রস্তাবও ছিল তার মধ্যে। সই করেননি তাতেও। সব কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। নরেন্দ্র মোদীর নির্দেশই সরকারি কাজে বাধা সৃষ্টি করছেন কিরণ বেদী। প্রতিদিন কোনওনা কোনও সমস্যা তৈরি করছেন।’’
বিজেপিকে রুখতে ভোটের আগে জোট, বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত-দৈনিক সংবাদ প্রতিদিন
কেজরিওয়ালের ধরনা মঞ্চে প্রাথমিক রণকৌশল বুঝিয়েই দিয়েছিলেন তিনি৷ এবার তা চূড়ান্ত করতে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে স্ট্র্যাটেজি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ৮ নম্বর জনপথে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূল নেত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত বৈঠকে ঠিক হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ‘একের বদলে এক’ কৌশলেই লড়বে বিরোধীরা৷ এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, “ভোটের আগে জোট হবে। কমন মিনিমাম কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে
সুপ্রিম কোর্টের নির্দেশ অগণতান্ত্রিক: কেজরিওয়াল-দৈনিক আজকাল
কেন্দ্র–রাজ্য দড়ি টানাটানির খেলায় বড় ধাক্কা খেল দিল্লির আপ সরকার। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, দিল্লি সরকার নয়, দুর্নীতিপরায়ণ অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার আছে শুধু কেন্দ্রের হাতে। শীর্ষ আদালতের নির্দেশের পরই ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনে বললেন, ‘ সুপ্রিম কোর্টের এই নির্দেশ অগণতান্ত্রিক। দিল্লিবাসীর প্রতি অবিচার। যদি সরকার তার অফিসারদের বদলি না করতে পারে তাহলে সেই সরকার কীভাবে কাজ করবে। যে দলটার ৬৭টা আসন আছে তার কোনও অধিকার নেই, অথচ যে দলটা মাত্র তিনটি আসন পেয়েছে, তার হাতেই সব ক্ষমতা।’ সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে লড়তে আইনি উপায় অবলম্বন করতে চলেছেন তাঁরা বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন আপ সুপ্রিমো।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪