খোলা আকাশের নিচে ৭ বছর: সরকারি নষ্ট সার যাচ্ছে কৃষকের কাছে
প্রিয় পাঠক/শ্রোতা! ১৫ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- সৌদির সাথে সামরিক চুক্তি: তীব্র ক্ষোভ প্রকাশ করে যা বললেন মেনন- দৈনিক নয়াদিগন্ত
- বিএনপি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছিল: প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো।
- জামায়াত থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ- দৈনিক সমকাল
- ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়- দৈনিক ইত্তেফাক
- আত্মসমর্পণে প্রস্তুত টেকনাফের ইয়াবা গডফাদারসহ ৯৮ ব্যবসায়ী- দৈনিক যুগান্তর
- খোলা আকাশের নিচে ৭ বছর: সরকারি নষ্ট সার যাচ্ছে কৃষকের কাছে- দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- জঙ্গিরা খুব বড় ভুল করে ফেলেছে, এর মূল্য তাদের দিতে হবে: নরেন্দ্র মোদি- দৈনিক আজকাল
- সরকার ও সেনার পাশেই রয়েছে বিরোধীরা, এটা শোকের সময়, বললেন রাহুল- দৈনিক আনন্দবাজার
- পরীক্ষা না প্রহসন? তৃতীয় দিনেও ফাঁস মাধ্যমিকের প্রশ্ন- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
সৌদির সাথে সামরিক চুক্তি : তীব্র ক্ষোভ প্রকাশ করে যা বললেন মেনন- দৈনিক নয়াদিগন্ত

সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক চুক্তিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক আখ্যায়িত করে এবং এই চুক্তির বিষয় সংসদে আলোচনা না করায় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির সিনিয়র সদস্য ফখরুল ইমাম। তারা বিষয়টির ব্যাপারে সংসদের ৩০০ বিধিতে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য স্পিকারে প্রতিও আহবান জানিয়েছেন।
গত রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তারা প্রসঙ্গটি উত্থাপন করে স্পিকারের রুলিংও চান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করছিলেন। তবে স্পিকার এ বিষয়ে কিছুই বলেননি।
রাশেদ খান মেনন তার বক্তব্যে বলেন, আমাদের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতিতে ২৫ বিধিতে যা বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসঙ্ঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধাÑ এসব নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এসব নীতির ভিত্তিতে রাষ্ট্র (ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবেন; (খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবেন; এবং (গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবেন।
বিএনপি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছিল: প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একেবারে শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জার্মানির মিউনিখে বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
হাসিনা বলেন, যদিও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা জানত, তাদের জনপ্রিয়তায় ধস নেমেছিল, নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা নেই, তাই তারা সব সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার প্রথম বিদেশ সফরে জার্মানি রয়েছেন। গত সাধারণ নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৮টি আসনে জিতেছে। সেই নির্বাচনের স্বীকৃতি সম্পর্কে কেউ প্রশ্ন তোলেনি।
শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের চেয়েও ভালো ফলাফলের আশা তারা (বিএনপি) কীভাবে করে? গত কয়েক বছরে, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি রাজনৈতিক আন্দোলনের নামে সারা দেশজুড়ে যে সব সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছিল, জনগণ তা ভুলে যায়নি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরেছিল। তারা নির্বাচনে জয়লাভের জন্য আন্তরিক ছিল না। তাই হেরেছে, এটাই বাস্তবতা।
জামায়াত থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ- দৈনিক সমকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুক্রবার তার ব্যক্তিগত সহকারী কাউসার হামিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্য থেকে শুক্রবার সকালে একটি চিঠিতে দলটির আমির মকবুল আহমদের কাছে এই পদত্যাগপত্র পাঠানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়াসহ চিঠিতে তিনি পদত্যাগের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে দেশত্যাগ করেন।
চিঠিতে তিনি ১৩টি পয়েন্ট লিখেছেন। এতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লিখেন, 'স্বাধীনতার ৪৭ বছর পর আজও দলের নেতৃবৃন্দ ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থানও ব্যাখ্যা করেনি। তাই অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে ভুল স্বীকার করে, জাতির কাছে নিজেদের সেই সময়কার নেতাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে পরিষ্কার অবস্থান নেয়া জরুরি হয়ে পড়েছে। আমি বিগত প্রায় দুই দশক নিরবিচ্ছিনড়বভাবে জামায়াতকে বোঝানোর চেষ্টা করেছি যে, ৭১-এ দলের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত এবং ওই সময়ে জামায়াতের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের কারণ উল্লেখ করে জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার তিন দশকের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।'
ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়- দৈনিক ইত্তেফাক

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্মরণকালের বৃহত্তম জুমার নামাজে লাখো মুসল্লি শামিল হন। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার জামাত শুরু হয়। বিশাল এই নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের।
ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুর, উত্তরাসহ আশপাশের এলাকার কয়েক লাখ মুসল্লি ইজতেমাস্থলে সমবেত হন। জুম্মার নাজাম আদায় করার জন্য সকাল থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
শ্রীপুর থেকে আসা মুসল্লি সোহরাব মিয়া জানান, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। রাস্তায় তেমন যানজটে পড়তে হয়নি।
জুম্মার নামাজ আদায় করার জন্য ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজম উল্লাহ খানসহ বিভিন্ন স্তরের নেতারা ইজতেমা মাঠে শরিক হন।
আত্মসমর্পণে প্রস্তুত টেকনাফের ইয়াবা গডফাদারসহ ৯৮ ব্যবসায়ী- দৈনিক যুগান্তর

আত্মসমর্পণে প্রস্তুত রয়েছে ৩২ ইয়াবা গডফাদারসহ ৯৮ শীর্ষ ব্যবসায়ী। শনিবার সকালে টেকনাফ পাইলট স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করবেন পুলিশের সেফহোমে থাকা এসব ইয়াবা ব্যবসায়ী। তবে এর মধ্যে টেকনাফ উপজেলা ছাড়া আর কোনো উপজেলার ইয়াবা ব্যবসায়ী নেই। এ ছাড়া ইয়াবা সাম্রাজ্যের ডন হিসেবে খ্যাত হাজী সাইফুলসহ অন্তত ২০ গডফাদাররা।
সর্বশেষ সেফহোমে প্রবেশ করেছেন সাবেক এমপি আবদুর রহমান বদির ভাই ইয়াবা ডন আবদু শুক্কুর।পুলিশের নির্ভযোগ্য সূত্রমতে, মরণনেশা ইয়াবা নির্মূলে বর্তমান সরকার কোমর বেঁধে মাঠে নামে। পাশাপাশি সরকারের ইয়াবা নির্মূলের নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার জেলা পুলিশ কঠোর ভূমিকা পালন করছে।
একপর্যায়ে ইয়াবা উদ্ধার অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির কথিত বন্দুকযুদ্ধে মারা যায় ৫১ ইয়াবা ব্যবসায়ী। এর মধ্যে ছিল ১০ গডফাদারও।
খোলা আকাশের নিচে ৭ বছর: সরকারি নষ্ট সার যাচ্ছে কৃষকের কাছে- দৈনিক মানবজমিন

দীর্ঘ সাত বছর ধরে গুদামের বাইরে খোলা আকাশের নিচে পড়ে থাকা সরকারি গুদামের সার কৌশলে কৃষকদের কাছে বিক্রি হচ্ছে। ফলে প্রতারণার শিকার হচ্ছেন কৃষক। বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবস্থিত বিসিআইসি’র রাসায়নিক সারের বাফার স্টক গুদাম থেকে নওগাঁ এবং বগুড়ার বিভিন্ন ডিলারদের কাছে সার দিয়ে থাকে। ২০১২ সাল থেকে ওই গুদামের দায়িত্বশীলদের অবহেলায় সাত বছর ধরে গুদামের বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে ১১ হাজার টন ইউরিয়া সার। কয়েক বছর আগেই সারগুলো জমাট বেঁধেছে। এ নিয়ে গত বছরের ৪ঠা এপ্রিল মানবজমিনে একটি সংবাদ ছাপা হয়েছিল। তৎকালীন সান্তাহার বাফার গুদাম ইনর্চাজ আব্দুল মালেকের অবহেলায় এই সারগুলো নষ্ট হয়েছে বলে স্থানীয় ডিলাররা অভিযোগ করেছেন। তিনি সারগুলো রক্ষায় কোনো কার্যকরী পদক্ষেপ নেননি।
নষ্ট হওয়া এই সারের দাম বর্তমান বাজার অনুযায়ী প্রায় ১৭ কোটি টাকা। গুদাম ইনচার্জ জানান, এই সারগুলো কুয়েত এবং চায়না থেকে আনা হয়েছে। গুদাম কর্তৃপক্ষ বৃহস্পতিবার ডিলারদের জোর করে এই নষ্ট সার দেয়ার প্রতিবাদে ৫ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন। পরে ডিলার এবং গুদাম কর্তৃপক্ষের সমঝোতায় দুপুরের পার সরবরাহ কার্যক্রম শুরু হয়।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
জঙ্গিরা খুব বড় ভুল করে ফেলেছে, এর মূল্য তাদের দিতে হবে: নরেন্দ্র মোদি- দৈনিক আজকাল

দিল্লিতে বন্দে মাতরম এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনে এসে জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় হওয়া জঙ্গি হামলা নিয়ে তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক। তাঁরা এই হামলার প্রতিশোধ নিক।
বৃহস্পতিবার যখন গোটা দেশ মেতে রয়েছে প্রেম দিবসে, ঠিক তখনই পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না করে পাকিস্তানকে সতর্ক করে জানান, পুলওয়ামার জঙ্গি হামলার পেছনে যারা রয়েছে তাদের ভারী মূল্য দিতে হবে। খুব বড় ভুল করে ফেলেছে তারা। মোদি বলেন, ‘জঙ্গিরা অনেক বড় ভুল করে ফেলেছে। এই হামলার জন্য তাদের ভারী মূল্য দিতে হবে। আমি দেশবাসীকে আশ্বাস দিচ্ছি যে এই হামলার পেছনে যারা দায়ি, তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।’ এদিনই মোদি সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সুরক্ষা বাহিনীর শীর্ষ অধিকর্তাদের বৈঠক হয়। নরেন্দ্র মোদি বলেন, ‘স্বাধীন ভারতে কাশ্মীরে এটাই সবচেয়ে বড় হামলা। দোষীদের ছাড়া হবে না। প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে কোনোভাবেই ছাড় পাবে না।একজোট হয়ে মোকাবিলা করতে হবে।’
প্রধানমন্ত্রী জানান, এই হামলার সমালোচিত জবাব দেবে ভারত। কেন্দ্র সরকার শহিদের স্বপ্নকে বিফল হতে দেবে না, তাঁদের স্বপ্ন পূরণ হবে। সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকরে পর অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ভারত সরকার পাকিস্তানকে একঘরে করতে সবধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্রকে কোনও ধরনের সহায়তা করা যাবে না। যারা এই হামলাকে সমর্থন করছে এবং যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের এর মূল্য দিতে হবে। নরেন্দ্র মোদি বলেন, ‘আমি জানি দেশবাসীর রক্ত ফুটছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি সকলকে অনুরোধ করব এই সময়টা খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল। আমি আমার সরকার এবং বিরোধীদের বলব এটা নিয়ে কোনও রাজনীতি নয়। দেশকে একজোট হয়ে লড়তে হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে যে এভাবে দেশে অস্থিরতার সৃষ্টি করবে, তবে এটা তাদের মনের ভুল। এটা কোনওদিনও হবে না।’
সরকার ও সেনার পাশেই রয়েছে বিরোধীরা, এটা শোকের সময়, বললেন রাহুল- দৈনিক আনন্দবাজার

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার বিরোধীরা কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর পাশে রয়েছে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা করা হলেও, তা কোনও ভাবেই সফল হবে না। জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খুলে এ ভাবেই সরকার এবং সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিলের কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে গাড়িবোমা হামলা চালায় পাক মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলায় নিহত হন ৪৪ জন জওয়ান। জঙ্গি হামলার সমালোচনা করে কঠোর পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সেই হামলা প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সভাপতি। ওই ঘটনাকে ভারতের আত্মার উপর হামলা বলে উল্লেখ করে রাহুল বলেন, ‘‘দোষীকে খুঁজে বের করতে হবে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা সফল হবে না।’’
রাহুলের কথায়, ‘‘এখন শোক প্রকাশ করার সময়। এটা দুঃখের সময়। আমরা পুরো শক্তি দিয়ে নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি।’’ পাশাপাশি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আভাস দিয়ে রাহুল বলেন, ‘‘দোষীদের বুঝিয়ে দিতে হবে ভারত কিছু ভোলে না।’’
পরীক্ষা না প্রহসন? তৃতীয় দিনেও ফাঁস মাধ্যমিকের প্রশ্ন- দৈনিক সংবাদ প্রতিদিন

‘পরীক্ষা না প্রহসন?’ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা তুলে দিল এই বিতর্কই। একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মহলের বহুচর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাই – ‘এটা কি পরীক্ষা হচ্ছে না প্রহসন?’ মঙ্গলবার পরীক্ষার প্রথম দিন থেকে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষার প্রশ্ন পরপর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসে গিয়েছিল পরীক্ষার ঠিক আধ ঘণ্টার মাথায়। আজ, শুক্রবার ইতিহাসের প্রশ্নও ঠিক একই সময়ে চলে এল সামনে। ফলে এবছরের মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিই বড়সড় সমালোচনার মুখে। তীব্র সমালোচনা শুরু হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ববোধ নিয়ে।
মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। ঠিক সাড়ে ১২টা অর্থাৎ পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যে দেখা গেল, প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিকেল ৩টেয় পরীক্ষা শেষের কিছুক্ষণ পর পর্ষদের তরফে প্রাথমিক তদন্তের পর স্বীকার করা হয় যে, বাংলার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করলেও পরীক্ষা বাতিল ঘোষণা করেনি পর্ষদ। দ্বিতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যে বেরিয়ে এল দ্বিতীয় ভাষা ইংরাজি গোটা প্রশ্নপত্রটিই।পরীক্ষার শেষে দেখা গেল, হুবহু মিলে গিয়েছে প্রশ্ন। অর্থাৎ ওই প্রশ্নেই পরীক্ষা দিয়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। পরপর দু দিন এমন ঘটনায় কিছুটা নড়েচড়ে বসে পর্ষদ।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবহারে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। কিন্তু বজ্র আঁটুনি ফসকা গেরো হয়েই যে থেকে গিয়েছে, তার প্রমাণ মিলল শুক্রবার ইতিহাস পরীক্ষায়। এদিনও ঠিক সাড়ে ১২টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। যাতে দেখা যাচ্ছে, একজন কেউ প্রশ্নপত্রটি ধরে রয়েছেন, ছবি তুলেছেন আরেকজন। ব্যস, এরপরই শিক্ষামহলের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ থাকে। নিজেদের মধ্যে এনিয়ে কৌতুকও শুরু করেন। কেউ কেউ প্রশ্ন তুলতে থাকেন – ‘এটা কি পরীক্ষা হচ্ছে না প্রহসন?’
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫