ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১৩:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘মর্গে শুধু লাশ আর লাশ-দৈনিক যুগান্তর
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- চকবাজার অগ্নিকাণ্ড: নির্ঘুম রাত কাটালেন প্রধানমন্ত্রী
  • চকবাজারে আগুনের পর কর্তৃপক্ষ যা বললেন...-দৈনিক প্রথম আলো
  • ১৫ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা-দৈনিক ইত্তেফাক
  • চেনা যাচ্ছে না প্রিয়জনের লাশ, অনেকেই পুড়ে কয়লা-দৈনিক নয়া দিগন্ত
  • চকবাজার ট্রাজেডি-এ পর্যন্ত ৭৮ লাশ উদ্ধার -দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • দেশ কাঁদছিল, আর মোদী শুটিং করছিলেন’! পুলওয়ামা নিয়ে তোপ কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার
  • উপত্যকায় ফের জৈশ জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা, জারি সতর্কতা-দৈনিক আজকাল
  • রাফায়েল রায় পুনর্বিবেচনার আরজি মানল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

আজকের বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে- মর্মান্তিক চক বাজার ট্রাজেডির খবর। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবরটিও ছাপা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সম্পর্কে লেখা হয়েছে, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, মন্ত্রীপরিষদের সদস্যরা। 

চক বাজার ট্রাজেডির খবরে দৈনিক মানবজমিনের খবরের শিরোনাম-চকবাজার ট্রাজেডি-এ পর্যন্ত ৭৮ লাশ উদ্ধার

ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন

খবরটিতে লেখা হয়েছে, পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। রাত তিনটায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে ভবনগুলো থেকে ধোয়া উড়ছিল। আগুন পুরো নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে নিহতদের লাশ বের করে এনেছেন। সকাল আটটা পর্যন্ত ৬৯ জনের লাশ পাওয়া গেছে। আগুনে মৃতদেহগুলো ঝলসে গেছে। গত রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত। 

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মৃতের সংখ্যা নিয়ে ইত্তেফাক লিখেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। মানবজমিনের আরেকটি শিরোনাম এরকম যে, স্বজনদের কান্নায় ভারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাতাস। দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম-চেনা যাচ্ছে না প্রিয়জনের লাশ, অনেকেই পুড়ে কয়লা।

চকবাজারের অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ঘুম রাত

আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, ভাষা দিবসের শহীদদের স্মরণে শোক ও ফুলেল শুভেচ্ছা জানাতে যখন প্রস্তুত নিচ্ছিল দেশবাসী তখনই চকবাজরের ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতে আগুনের ভয়াবহতার কথা শোনা মাত্রই চিন্তিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজ উদ্যোগে খোঁজখবর নেয়া শুরু করেন। ঘটনাস্থলের পরিস্থিতির খবরাখবর ও উদ্ধার অভিযান পরোক্ষভাবে তদারকি করতে থাকেন তিনি। এসময় তাকে খুব চিন্তিত ও বিমর্ষ দেখা যায়। সারারাত এভাবেই নির্ঘুম কাটালেন প্রধানমন্ত্রী।

দৈনিক ইত্তেফাকসহ অন্যান্য দৈনিকের খবরে লেখা হয়েছে, ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন। 

আর দৈনিক প্রথম আলোর শিরোনাম-চকবাজারে আগুনের পর কর্তৃপক্ষ যা বললেন...

চকবাজারে আগুনে পুড়ে মারা যাওয়াদের স্বজনদের আহাজারি

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে পুড়ে মারা যাওয়াদের মধ্যে যারা শ্রমিক তাদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আহতদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে নির্দেশ দিয়েছেন। পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গোডাউন সরানো দরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে তাঁরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এখন তাঁরা জোর পদক্ষেপ নেবেন। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আজকের এই ঘটনায় তাঁরা আবারও শিক্ষা পেয়েছেন। 

সরকারের ব্যর্থতায় অকারণে মানুষ জীবন হারাচ্ছে : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হলো সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থা।’ ‘রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার সৎ ইচ্ছা তাদের নেই। তারা চায় যেকোনো ভাবে ক্ষমতায় টিকে থাকতে।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বিশ্ব মিডিয়ায় ঢাকার আগুন নিয়ে সমালোচনার ঝড়-দৈনিক ইত্তেফাক

ইত্তেফাকের প্রতিবেদনটিতে লেখা হয়েছে, বিবিসি-আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, চক বজারের ওই এলাকায় আগুন লাগার ঘটনা নতুন নয়, ২০১০ সালেও আগুন লেগে নিমতলীতে ১২৪ জন মানুষের মৃত্যু হয়েছে। সেবার গঠিত তদন্ত কমিটি কেমিক্যাল কারখানা সরাতে বললেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপই নেয়া হয়নি। মূল খবরে বিবিসির প্রতিবেদক বলেন, ‘বাংলাদেশে বড় ভবনে আগুন লাগার ঘটনা সাধারণ ব্যাপার। কর্তৃপক্ষের শিথিল নিয়ন্ত্রণ ও ত্রুটিপূর্ণ অবস্থাই এর কারণ।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দেশ কাঁদছিল, আর মোদী শুটিং করছিলেন’! পুলওয়ামা নিয়ে তোপ কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার

‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন’। এই প্রবাদবাক্য ধরে রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আক্রমণের নজির কম নেই। এ বার সেই অভিযোগেই বিদ্ধ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘‘পুলওয়ামায় জঙ্গি হানার পর সারা দেশ যখন সিআরপিএফ জওয়ানদের মৃত্যুতে কাঁদছে, প্রধানমন্ত্রী তখন শুটিং করছিলেন’’— প্রমাণ সহ এই অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। রীতিমতো তোপ দেগে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার প্রশ্ন, ‘‘সারা বিশ্বে এ রকম প্রধানমন্ত্রী আর কোনও দেশে আছেন?’’ 

উপত্যকায় ফের জৈশ জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা, জারি সতর্কতা-দৈনিক আজকাল

এক বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর হামলা চালিয়েছিল জৈশ–ই–মহম্মদের জঙ্গিরা। নিহত হয়েছিলেন ৪২ জন জওয়ান। এই বৃহস্পতিবার আবারও জঙ্গি হামলার সতর্কতা জারি করা হল উপত্যকায়। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার মতো ফের জম্মু–কাশ্মীরে হামলার ছক কষছে জৈশ জঙ্গিরা। এ বিষয়ে কাশ্মীরের তিন পুলিস–প্রশাসনকে সতর্ক করেছে গোয়েন্দারা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, মমতার দাবিকেই স্বীকৃতি, কাশ্মীর থেকে সিএপিএফ জওয়ানদের এয়ারলিফ্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

রাফায়েল রায় পুনর্বিবেচনার আরজি মানল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন

রাফায়েল রায় কি পালটাবে? অন্তত সেই সম্ভাবনাটা তৈরি হল। রাফায়েল নিয়ে কেন্দ্রকে কার্যত ক্লিনচিট দিয়েছিল সর্বোচ্চ আদালত, কিন্তু এবার সেই রায় পুনর্বিবেচনার আরজি মেনে নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, মামলাটি পুনরায় শোনার জন্য নতুন বিচারপতিদের বেঞ্চ তৈরি করা হবে। গত ১৪ ডিসেম্বর রাফায়েল রায়ে বড়সড় স্বস্তি পেয়েছিল কেন্দ্র। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, চুক্তিতে কোনও অনিয়ম বা কোনওরকম স্বজনপোষণ হয়নি। কিন্তু মামলাকারী প্রশান্ত ভূষণ, যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি দাবি করেন, অসত্য তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে ভুলপথে চালনা করেছে কেন্দ্র। তাছাড়া সুপ্রিম কোর্টের সেই রায়ের পর নতুন একাধিক ঘটনা ঘটে গিয়েছে। তাই তাঁরা মামলাটি পুনর্বিবেচনার আরজি জানান শীর্ষ আদালতে। আদালত সেই আরজি শুনতে রাজি হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১