আগামীতে ফাইটার জেট চালাবে নারীরা: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- রোহিঙ্গাদের জন্য ১৪০০ কোটি টাকা দিল বিশ্বব্যাংক-দৈনিক যুগান্তর
- আগামীতে ফাইটার জেট চালাবে নারীরা: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ওবায়দুল কাদের কথা বলতে পারছেন-দৈনিক প্রথম আলো
- ইভিএম নয়, দরকার গণতান্ত্রিক মানসিকতা: রিজভী-দৈনিক ইত্তেফাক
- ‘খালেদাকে সানগ্লাস পরা দেখে অসুস্থ মনে হয় না’-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- নয়া পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবিরোধী নয়া পদক্ষেপও জরুরি, ইমরানকে খোঁচা ভারতের-দৈনিক আনন্দবাজার
- ভোট ঘোষণার ৪৮ ঘণ্টায় ‘সরবেন’ মোদী- বললেন মমতা-দৈনিক আনন্দবাজার
- চুরি যায়নি রাফালের নথি’, ড্যামেজ কন্ট্রোল অ্যাটর্নি জেনারেলের-দৈনিক সংবাদ প্রতিদিন
- নীরব মোদিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, দাবি বিদেশমন্ত্রক-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গতকাল বলেছেন, ভোটের আগে রাতে ব্যালট বাক্স ভরা ঠেকাতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বক্তব্যের পর বিরোধীরা বলছেন, সাম্প্রতিক নির্বাচনে যে অনিয়ম হয়েছে তা ইসির নির্দেশেই হয়েছে। আপনি কী বলবেন?
২. পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মুহাম্মাদ খান বলেছেন, তার দেশ কখনো ইসরাইলকে স্বীকৃতি দেবে না। এর কারণ হিসেবে তিনি ইসরাইলকে পাকিস্তানের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছেন। পাক মন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে আপনার অভিমত কী?
ইভিএম নয়, দরকার গণতান্ত্রিক মানসিকতা: রিজভী-দৈনিক ইত্তেফাক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, সিইসির বক্তব্য প্রমাণ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যালট বাক্স আগেই ভরা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া দস্যুতারই নামান্তর। আর সেই আচরণ করেছেন সিইসি।মিডনাইট নির্বাচনের আসল সত্য এখন সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে ইভিএম নয়, গণতান্ত্রিক মানসিকতা দরকার। শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, থলের বিড়ালকে আর বেশিদিন আটকে রাখতে পারলেন না প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আসলে সত্যকে ঢেকে রাখলেও তাতে লাভ হয় না। সত্য কুহেলিকার আচ্ছাদন ভেদ করে বের হবেই।
ইভিএম নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ইভিএম চালু হলে নাকি ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির ঝুঁকি কমবে-এমন কথা বলেছেন সিইসি। জনগণের হাজার কোটি টাকা ব্যয়ে কমিশনে ইভিএম মেশিন প্রকল্প অপরিহার্যতা প্রতিপাদন করার জন্যই কি সিইসি ২৯ ডিসেম্বর রাতে ব্যালট বাক্স পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন?
সিইসির সমালোচনা করে তিনি আরও বলেন, মিডনাইট নির্বাচনের হোতা আপনি। আদর্শগত শূন্যতার কারণে আপনি এতবড় অন্যায়টি করেছেন জনগণের বিরুদ্ধে। এটি অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার নীতি বাস্তবায়ন করতেই আপনি মহাভোট কেলেঙ্কারির মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনীতিকে অন্ধকারাচ্ছন্ন করলেন। আপনার এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকলো জাতির কাছে।
আগামীতে ফাইটার জেট চালাবে নারীরা: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মেয়েরা এখন সব জায়গায় এগিয়ে গেছে। চাকরি-বাকরি, খেলাধুলা সব ক্ষেত্রে তারা যোগ্যতার প্রমাণ দিয়েছে। আগামীতে নারীরা বিমান বাহিনীতে ফাইটার জেট চালাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা নারীদের এগিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার পর সংবিধানে মেয়েদের জন্য সংরক্ষিত নারী আসন দেন। তিনি মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। তিনি বলেন, আগে জুডিশিয়াল সার্ভিসে কোনো নারীর চাকরির সুযোগ ছিল না। বঙ্গবন্ধু এই আইন বাতিল করে দিয়েছেন। ওই সময় নাজমুন আরা ছিলেন জেলা জজ। আমরা ক্ষমতায় এসে তাকে হাইকোর্টে নিয়ে আসি। শেখ হাসিনা বলেন, এখন অনেক ধর্মীয় নেতা নারী শিক্ষার বিরোধিতা করেন। আমি তাদের বলতে চাই বিবি খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনিই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। কোনো পুরুষ তখন সাহস করেননি। প্রধানমন্ত্রী আরও বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীতে এখন অনেক নারী কাজ করেন। এমনিতে নারী পাইলট আছেন। আগামীতে বিমান বাহিনীতে ফাইটার জেট চালাবেন তারা। তিনি বলেন, সেনাবাহিনীতে একসময় মেয়েদের জায়গা ছিল না। ৯৬’ সালে আমি এসে সব চালু করে দেই। এছাড়া আমি প্রথম কয়েকজন নারীকে সচিবের পদমর্যাদা দেই। জেলা ডিসি, এসপির পদে মেয়েদের বাধা ছিল। এরপর আমি যাকে প্রথম নারী এসপি করে মুন্সীগঞ্জে আনলাম। তিনি দায়িত্ব নিয়েই ডাকাত ধরে ফেললেন। তার এ কাজের সঙ্গে আমিও জয়ী হয়ে গেলাম। মেয়েরা খেলাধূলায়ও অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গাদের জন্য ১৪০০ কোটি টাকা দিল বিশ্বব্যাংক-দৈনিক যুগান্তর
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার অনুদান অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন দেয়া হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘ইমারজেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটানো হবে। বিশ্ব ব্যাংকের এই অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এই প্রকল্পটির মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়ন কাজ করা হবে। এগুলোর মধ্যে রয়েছে-সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভেতরে এবং রাস্তায় রাস্তায় সড়কবাতি স্থাপন। এছাড়াও পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এই প্রকল্পটির উদ্দেশ্য।
ভোট নিয়ে বিতর্ক-তাহলে কি আগের রাতে ব্যালট বাক্স ভরে যায়-দৈনিক প্রথম আলো
• ভোট নিয়ে বিতর্ক
• সিইসির বক্তব্য নিয়ে নানা মহলে আলোচনা
• সমালোচকেরা বলছেন, সিইসির বক্তব্যে স্বীকারোক্তি রয়েছে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে ভোটের আগের রাতে ব্যালট বাক্সে ভরে রাখার কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তাঁর এই বক্তব্যের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ নতুন করে আলোচনায় উঠে এল।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সিইসি ওই মন্তব্য করেন। তার আগে গত বুধবার উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছিলেন, ‘আমি পরিষ্কারভাবে জানাতে চাই, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরা কিংবা ভোটের দিন, ভোটের পর গণনার সময় কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।’
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট ও ইসলামী আন্দোলন ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করে আসছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক জাসদের (আম্বিয়া) পক্ষ থেকে বলা হয়, প্রশাসনের একশ্রেণির অত্যুৎসাহী অংশ ভোটের আগের রাতেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখাসহ নানা অনিয়ম সংঘটিত করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণাতেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার বিষয়টি উঠে আসে।
এই পরিস্থিতিতে সিইসি ও একজন নির্বাচন কমিশনারের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও বিশ্লেষকেরা বলছেন—সিইসি তাঁর এই বক্তব্যের মাধ্যমে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন।
‘খালেদাকে সানগ্লাস পরা দেখে অসুস্থ মনে হয় না’-দৈনিক মানবজমিন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত প্রাঙ্গনে সানগ্লাস পরা দেখলে অসুস্থ বলে মনে করেন না তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটর কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ। হাছান মাহমুদ বলেন, এটা তার নতুন কোনও রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
চুরি যায়নি রাফালের নথি’, ড্যামেজ কন্ট্রোল অ্যাটর্নি জেনারেলের-দৈনিক সংবাদ প্রতিদিন
দু’দিন আগেই রাফালে যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত নথি প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে ছিলেন অ্যাটর্নি জেনারেল। এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। শাসক বিজেপিকে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তীব্র আক্রমণ করতে থাকে কংগ্রেস-সহ প্রায় সব বিরোধী দলই। যারা একটা ফাইল সামলাতে পারে না তারা দেশ কী করে চালাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী এই ঘটনার জন্য সরাসরি মোদিকে দায়ী করে কটাক্ষ করেন। বলেন, এই সরকারের নতুন ট্যাগলাইন হল উধাও হয়ে গিয়েছে। মোদি ও বিজেপির সমালোচনা করে মন্তব্য করেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এবং এনসিপি নেতা শরদ পাওয়ারও।
কিন্তু, ৪৮ ঘণ্টা যেতেই তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে জানালেন, আসলে তিনি আদালতে বলতে চেয়েছিলেন যে মামলাকারীরা আসল নথিপত্রের জেরক্স জমা দিয়েছে।
তিনি আরও বলেন, “আমাকে বলা হয় যে বিরোধী দলগুলি দাবি করছে সুপ্রিম কোর্টে যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছিল, সেই সংক্রান্ত নথিপত্র চুরি হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ ভুল কথা। রাফাল নথি চুরি হয়ে গিয়েছে বলে যে বিবৃতি প্রকাশ পেয়েছে, তা পুরোপুরি ভুল।” যশবন্ত সিনহা, অরুণ শৌরি এবং প্রশান্ত ভূষণ যে আবেদন করেছিলেন, তাতে তিনটি নথি ছিল। যা আসল নথির জেরক্স বলেই দাবি করেন অ্যাটর্নি জেনারেল।
খুলল ইমরানের মুখোশ, পাকিস্তানে সক্রিয় ২২টি জঙ্গি শিবির-সংবাদ প্রতিদিন
সন্ত্রাসবাদ নিয়ে ফের প্রকাশ্যে পাকিস্তানের দ্বিচারিতা। মুখে শান্তির বুলি আওড়ালেও পাক মাটিতেই অবাধে চলছে জেহাদিদের প্রশিক্ষণ। এই মুহূর্তে অন্তত ২২টি জঙ্গি শিবির সক্রিয় পকিস্তানে। এর মধ্যে নয়টি শিবির চালাচ্ছে জইশ-ই-মহম্মদ।এমনটাই জানিয়েছেন ভারতের এক শীর্ষ আধিকারিক। বৃহস্পতিবার পাকিস্তানে একটি জনসভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দেশের মাটিতে কোনও জঙ্গি সংগঠনকে সন্ত্রাস চালাতে দেওয়া হবে না। যদিও নয়াদিল্লির দাবি, এখনও পাকিস্তানে রয়েছে ২২টি জঙ্গি ঘাঁটি। এর মধ্যে ন’টিই জইশ-ই-মহম্মদের। নয়া পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবিরোধী নয়া পদক্ষেপও জরুরি, ইমরানকে খোঁচা ভারতের-দৈনিক আনন্দবাজার সংঘাত এড়ানো গিয়েছে যদিও। তবে পুলওয়ামা নিয়ে টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে ফের কড়া বার্তা ভারতের।
নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর সে দেশে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। তাঁর সেই নির্বাচনী স্লোগান তুলে ধরেই পাকিস্তানকে খোঁচা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া পাকিস্তান গড়তে হলে, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধেও নয়া পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে। পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। সেখানে ইমরান খানের নির্বাচনী স্লোগান তুলে ধরে তিনি বলেন, ‘‘নয়া চিন্তা-ভাবনাকে আশ্রয় করে নয়া পাকিস্তান গড়ে উঠছে বলে দাবি ওদের। তাই যদি হয়, তাহলে দেশের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও নতুন করে পদক্ষেপ করতে হবে তাদের।’’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন