মার্চ ১১, ২০১৯ ১৪:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • হলে হলে ভোট জালিয়াতি: তোপের মুখে প্রধান রিটার্নিং কর্মকর্তা-দৈনিক যুগান্তর
  • ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে তাড়া-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনা-মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ প্রকল্প উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
  • হাঁটাচলা করছেন ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত
  • ডাকসু নির্বাচন-ভিসি বললেন, ভোট সুষ্ঠু হয়েছে-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ভোটে হিংসা রুখতে কড়া কমিশন, গোটা রাজ্যে ৬০ হাজার অভিযুক্ত এখনও অধরা-দৈনিক আনন্দবাজার
  • মোদি নন, প্রধানমন্ত্রী পদে রাহুলকেই পছন্দ মুসলিম ও তফসিলিদের-দৈনিক সংবাদ প্রতিদিনবড় সাফল্য ভারতের,পুলওয়ামা হামলার চক্রীকে নিকেশ করল সেনা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

ছাত্রলীগ ছাড়া বাকিদের ডাকসু নির্বাচন বর্জন-দৈনিক প্রথম আলো/ইত্তেফাক/যুগান্তর

ডাকসু ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রর্থীরা

প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে লেখা হয়েছে, অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। অনিয়মের অভিযোগের পাশাপাশি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা। এর মধ্যে কয়েকটি সংগঠন আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, ভিপি প্রার্থী নুরের ওপর ছাত্রলীগের নারী কর্মীদের হামলা। আর সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, ভিসি বলেছেন আমি খুব আনন্দিত অনুভব করছি।

 অনিয়ম হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে  প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মাহফুজুর রহমান

ডাকসু নির্বাচন নিয়ে দৈনিক মানবজমিনের কয়েকটি খবর তুলে ধরছি। ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়ম হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মাহফুজুর রহমান। নির্বাচন নিয়ে-ভিসি অধ্যাপক ড.  মো. আখতারুজ্জামান বললেন, ভোট সুষ্ঠু হয়েছে।  রোকেয়া হলে ব্যালটবাক্স নিয়ে লুকোচুরি ভোটগ্রহণ বন্ধ। কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রোভোস্ট শবনব জাহানকে অপসারণ করা হয়েছে।  সিলামারা বস্তা ভর্তি ব্যালট পেপার পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

ডাকসু ভোটে অনিয়মের অভিযোগ ক্ষুব্ধ রোকেয়া হলের ছাত্রীরা

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ তার ফেসবুক টাইমলাইনে বলেছেন, গত রাতে উপাচার্য এবং তার পাইক-পেয়াদারা সুবিধার উচ্ছিষ্টের লোভে কিংবা মানসিক দাসত্বের বাধ্যবাধকতায় যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা আজ দিবালোকে উন্মোচন করে দিয়েছে, ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনীর সামনে তারা দাঁড়িয়েছে। দৈনিক একটি খবর বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবর- উত্তাল ঢাকা বিশ্বিবদ্যালয়, ভিসির বাসভবন ঘিরে শিক্ষার্থীরা  বিক্ষোভ করেছে। আর ছাত্রলীগ সমর্থিত জিএস প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

শেখ হাসিনা-মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ প্রকল্প উদ্বোধন-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি) ১১০০ বাস ও ট্রাক সরবরাহসহ বাংলাদেশে মোট চারটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেছেন।  দুই প্রধানমন্ত্রী সোমবার বাংলাদেশ সময় বেলা একটা ১০ মিনিটে নিজ নিজ রাজধানী থেকে প্রকল্পগুলো উদ্বোধন করেন। বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ মিয়া জানান, তারা ভারত থেকে প্রাপ্ত ঋণে কেনা ৬০০ বাস ও ৫০০ ট্রাক বিআরটিসিকে সরবরাহ উদ্বোধন করবেন। বাসগুলোর মধ্যে ৩০০টি ডবল ডেকার, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস। ট্রাকগুলোর মধ্যে রয়েছে ৩৫০টি ১৬ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতা সম্পন্ন ও ১৫০টি ১০ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতা সম্পন্ন ট্রাক

হাঁটাচলা করছেন ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত

ওবায়দুল কাদের সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় তাকে আগামীকাল সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

 এদিকে, ‘অসুস্থ খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি’ দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, কারাগারে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতির কথা জানিয়ে তাকে হাসপাতালে ভর্তির মাধ্যমে নতুন করে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি তুলেছে বিএনপি। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভোটে হিংসা রুখতে কড়া কমিশন, গোটা রাজ্যে ৬০ হাজার অভিযুক্ত এখনও অধরা-দৈনিক

পশ্চিমবঙ্গে এই প্রথম সাত দফায় লোকসভা নির্বাচন। ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। বিধানসভা, পঞ্চায়েত এবং গত লোকসভা ভোটের সময় রক্তাক্ত হয়েছে রাজ্য। বহু মানুষ রাজনৈতিক হিংসার বলি হয়েছেন বলেও অভিযোগ। প্রতিটি দফায় যাতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা যায়, সে কারণেই কমিশন সাত দফায় নির্বাচনের পক্ষে বলে মত রাজনৈতিক মহলের। তবে এত দফায় ভোট কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। আর বিজেপির দাবি, বাংলায় ৭ দফায় ভোটগ্রহণ রাজ্য সরকারের জন্য ‘অপমান।

মোদি নন, প্রধানমন্ত্রী পদে রাহুলকেই পছন্দ মুসলিম ও তফসিলিদের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

নরেন্দ্র মোদি নন, প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীকেই বেশি পছন্দ করছেন মুসলিম ও তফসিলি জাতিভুক্ত মানুষরা৷ জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ’ সমীক্ষা বলছে, এই বিশেষ অংশের ভোটাররা চাইছেন, এবারের নির্বাচনে কেন্দ্র ক্ষমতায় আসুক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন সরকার৷ ঠাকুমা ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর মতোই দিল্লির কুরসিতে বসুন রাহুল গান্ধী৷ আগামী পাঁচ বছরের জন্য তিনি দেশ চালান৷

সমীক্ষা মতে, তফসিলি সম্প্রদায়ভুক্ত ৪৪ শতাংশ মানুষ আগামী প্রধানমন্ত্রীর পদে রাহুল গান্ধীকে দেখতে চাইছেন৷ তুলনায় এই সম্প্রদায়েরই ৪১ শতাংশ মানুষ আরও একবার দেশের প্রধানমন্ত্রীর কুরসিতে বসাতে চাইছেন নরেন্দ্র মোদিকে৷ গত জানুয়ারিতেও হয়েছিল এই সমীক্ষা৷

বড় সাফল্য ভারতের,পুলওয়ামা হামলার চক্রীকে নিকেশ করল সেনা-দৈনিক আজকার

ভারতীয় সেনর সাফল্য

রোববার মধ্যরাত পর্যন্ত জম্মু–কাশ্মীরের ত্রালে চলেছে সেনা জঙ্গি সংঘর্ষ। তাতে যে তিন জৈশ–ই–মহম্মদ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী তার মধ্যে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী রয়েছে বলে দাবি বাহিনীর। মুদসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই নামে ওই জৈশ জঙ্গি এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবেই পরিচিত ছিলেন। 

রোববার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ত্রালের পিঙলিশ এলাকায় নাকাতল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী। তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। তিন জঙ্গিকে নিকেশ করতে প্রায় মধ্যরাত গড়িয়ে যায়। সোমবার ভোর রাতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বুঝতে পারে সেনা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১