মার্চ ১২, ২০১৯ ১৩:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ক্যাম্পাসে ঢুকেই হামলার শিকার ডাকসুর নব-নির্বাচিত ভিপি-দৈনিক যুগান্তর
  • উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের বিক্ষোভ-দৈনিক প্রথম আলো
  • সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ-এটিও দৈনিক প্রথম আলোর শিরোনাম
  • টিএসসিতে নুরুলের উপর হামলা, ছাত্রদলের ধাওয়ায় পালালো ছাত্রলীগ-দৈনিক ইত্তেফাক
  • মনোযোগ ভিন্নখাতে নিতেই নুরকে ভিপি বানানো হয়েছে: ছাত্রদল-বাংলাদেশ প্রতিদিন
  • রিজার্ভ চুরি : বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসির মানহানি মামলা-দৈনিক নয়া দিগন্ত
  • ডাকসু নির্বাচন: নুর সহ ৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে দিতে চেয়েছিলেন গাঁধীজি! ব্লগে দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার
  • ভোটে দাঁড়ানো তো দূর, লোকসভার আগে প্রিয়াঙ্কার একক জনসভা করা নিয়েও সংশয়!-দৈনিক সংবাদ প্রতিদিন
  • গান্ধীজি চেয়েছিলেন কংগ্রেস ভেঙে যাক!‌ ব্লগে দাবি করলেন প্রধানমন্ত্রী-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুর

আজকের জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালের প্রধান ও বেশিরভাগ ডাকসু নির্বাচন নিয়ে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এরকম  ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদে পুনর্নির্বাচন দাবি করছি: নুর

খবরটিতে লেখা হয়েছে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া সব পদে পুননির্বাচন দাবি করছি। তিনি বলেন, আর যারা কোটা আন্দোলনে ছাত্রীদের যৌন হয়রানিসহ বিশৃঙ্খলায় অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। তিনি বলেন, ভিপি হিসেবে ছাত্র সমাজকে নিয়ে আন্দোলন করব। তিনি বলেন, নির্বাচন নিয়ে নাটক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই, ছাত্রদের অধিকার নিয়ে খেলবেন না।

এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, ছাত্রদলের অভিযোগ-মনোযোগ ভিন্নখাতে নিতেই নুরকে ভিপি বানানো হয়েছে।

ছাত্রদল

প্রথম আলোসহ প্রায় দৈনিকের অনলাইন সংস্করণের খবরে ডাকসু নির্বাচন নিয়ে লেখা হয়েছে, ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে। প্রথম আলোর আরও খবর এরকম-ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে নুরুল হককে মেনে নিতে চায় না ছাত্রলীগ। নুরুল ভিপি হওয়ার প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান করছে। তারা সেখানে বিক্ষোভ করছে। এদিকে, ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে এবং পুনরায় নির্বাচনের দাবিতে আজ বিক্ষোভ মিছিল বের করেছেন বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। দৈনিক যুগান্তর লিখেছে, ডাকসুর ফল প্রত্যাখ্যান করে পুনঃভোটের দাবি জানিয়েছে ছাত্রলীগ। একই দাবি জানিয়েছে বামজোট।

ডাকসু নির্বাচন পরবর্তীতে নবনির্বাচিত ভিপির ওপর হামলা

ডাকসু ‘প্রহসনের নির্বাচনেই' জিতল ছাত্রলীগ! দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান হোসেন তার কলামের শিরোনাম করেছেন এমনটি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস তার অভিমতে লিখেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আশার প্রদীপ নিভে গেল। তিনি লিখেছেন, ২০১৮–এর জাতীয় সংসদ নির্বাচন ও সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ডাকসু নির্বাচন নিয়ে একটি আশা টিমটিম করে জ্বলছিল। ওই দুই নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থা নিয়ে মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেই আশার প্রদীপ এবার নিভে গেল কি না, সেই প্রশ্নের জন্ম হলো। ডাকসুর এই নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক কি না এবং এর মধ্য দিয়ে আমরা একটি দীর্ঘমেয়াদি সংকটে পড়ে গেলাম কি না, সেই আশঙ্কাও দেখা দিল।

সন্ত্রাসবাদী সংগঠনের আশ্রয় বাংলাদেশের মাটিতে হবে না: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি ‘শূন্য সহনশীলতা’র নীতি পোষণ করে এবং কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে কখনই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না।সোমবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শখ হাসিনা

তিনি বলেন, ‘বিগত এক দশকে উভয় দেশের মধ্যে বিভিন্ন প্রথাগত খাত যেমন নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুত্, জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু ও পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, জনযোগাযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য প্রভৃতি খাতে সহযোগিতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে।’

দৈনিক যুগান্তরে পুলিশ সম্পর্কিত দুটি খবর ছাপা হয়েছে প্রথম খবরটির শিরোনাম এরকম যে, অবৈধভাবে সম্পদ অর্জন: পুলিশ সার্জেন্টের ৭ বছরের কারাদণ্ড। বিস্তারিত খবরে লেখা হয়েছে, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মঙ্গলবার সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি রমনা থানায় এ মামলাটি করে দুদক। অন্য খবরটির শিরোনাম-এরকম সন্দেহভাজন মাদকাসক্ত পুলিশের ডোপ টেস্টের নির্দেশ আইজিপির। এ খবরে লেখা হয়েছে, সন্দেহভাজন মাদকাসক্ত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশলাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজার্ভ চুরি : বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসির মানহানি মামলা-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসিকে দায়ী করায় ‘অশুভ আক্রমণের’ অভিযোগ এনে মানহানির এ মামলা করে ব্যাংকটি। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে এ কথা জানা গেছে।  কোম্পানির সুনাম ও ভাবমূর্তির ওপর আক্রমণ চালানোয় ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করে মামলা করেছে আরসিবিসি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে দিতে চেয়েছিলেন গাঁধীজি! ব্লগে দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার

Image Caption

মঙ্গলবার মোদির গড় গুজরাটে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। আর্থিক সঙ্কট, কৃষি–সমস্যা, কর্মসংস্থানের অভাব, জাতীয় সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে মোদিকে কোণঠাসা করার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং–সহ কংগ্রেসের শীর্ষস্তরের নেতা–নেত্রীরা রয়েছেন বৈঠকে। আর সেদিনই জাতির জনক মহাত্মা গান্ধীকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধীজির ইতিহাস প্রসিদ্ধ ডান্ডি অভিযানকে স্মরণ করে মঙ্গলবার ব্লগ  লেখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, গান্ধীজির দেখানো পথের উল্টো দিকে চলাই কংগ্রেসের কাজ। ডান্ডি অভিযান কীভাবে হবে তার শুরু থেকে শেষ জানতেন বল্লভভাই। কংগ্রেসের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ব্লগে লেখেন, একাধিক লেখায় মহাত্মা বলেছেন, তিনি বৈষম্যের বিপক্ষে, সাম্যের পক্ষে। কিন্তু কংগ্রেস সমাজে বিভাজন সৃষ্টি করতে দ্বিধা করেনি। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জাতি দাঙ্গা বা দলিতদের ওপর সর্বাধিক আক্রমণ নেমে এসেছে কংগ্রেসের শাসনকালেই। এছাড়া তাঁর দাবি, গান্ধীর দেখানো পথ আর কংগ্রেসের সংস্কৃতি এক নয়। আর তাই গান্ধীজি চেয়েছিলেন, কংগ্রেস ভেঙে যাক। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর গান্ধীজির মনোভাব আরও স্পষ্ট হয়।

খুন করে স্বামীর লাশের পাশেই রাত কাটালেন স্ত্রী!-দৈনিক আনন্দবাজার

স্বামীকে খুন করে মরদেহের সঙ্গে রাত কাটালেন স্ত্রী আদিতি

গলায় শাড়ি পেঁচিয়ে প্রাক্তন স্বামীকে ভাড়াবাড়িতে খুন করে মরদেহের সঙ্গে রাত কাটালেন স্ত্রী অদিতি ! ভোরের আলো ফুটতেই চুপচাপ দরজা খুলে তিনি সোজা চলে গেলেন নিজের বাড়িতে। এরপর গোসল, খাওয়া-দাওয়া সেরে নিজের কর্মক্ষেত্র এয়ারপোর্টে চলে গেলেন। সারা দিন সেখানে কাজও করলেন। একবারও কেউ টের পেলেন না যে, কয়েক ঘণ্টা আগেই তিনি নিজের স্বামীকে খুন করে এসেছেন! উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ৫২ বছরের প্রৌঢ় প্রতুল চক্রবর্তীর খুনের রহস্যের কিনারা করতে গিয়ে এই তথ্য দিয়েছে পুলিশ। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পদস্থ কর্মী অদিতিকে গ্রেফতারের পর জেরা শুরু করে পুলিশ। পর্যন্ত রাতভর জেরায় খুনের কথা স্বীকার করেন অদিতি।

রাহুলের ধর্মের প্রমাণ চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী-দৈনিক আজকাল

পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর তাঁদের নিশানা করে চলেছে বিজেপি। এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হিন্দু হওয়া নিয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ে। তিনি বলেন, ‘গোটা পৃথিবী ভারতের স্ট্রাইকের কথা মেনে নিয়েছে। অথচ বিরোধীরা তা নিয়েই প্রশ্ন তুলছে। একজন মুসলমান বাবা এবং খৃষ্টান মায়ের সন্তান কী করে হিন্দু হলেন, তার কোনও প্রমাণ আছে?’ এই প্রথম নয় কেন্দ্রীয় মন্ত্রী আগেও এমন মন্তব্য করেছেন। গত বছরও বিতর্ক হয়েছিল তাঁর মন্তব্য ঘিরে।

ভোটে দাঁড়ানো তো দূর, লোকসভার আগে প্রিয়াঙ্কার একক জনসভা করা নিয়েও সংশয়!-দৈনিক সংবাদ প্রতিদিন

রাহুল-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর লোকসভায় লড়া নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছিল। অনেকে বলছিলেন, মায়ের কেন্দ্র রায়বরেলি থেকে লড়বেন কংগ্রেসের সদ্য নিযুক্ত সাধারণ সম্পাদক। আবার কেউ কেউ বলছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী করা হতে পারে ইন্দিরা গান্ধীর নাতনিকে। জওহরলাল নেহেরুর কেন্দ্র এলাহাবাদ থেকেও তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা ছড়ায়। কিন্তু কংগ্রেস সূত্রের যা খবর, তাতে এই সব জল্পনাতে ছেদ পড়তে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রচারিত খবর অনুযায়ী ভোটে দাঁড়ানো তো দূরের কথা, লোকসভার আগে সম্ভবত কোনও জনসভাও করবেন না প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২