খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে সরকার তামাশা করছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ফেনীর সেই মাদ্রাসাছাত্রীর অবস্থা সংকটাপন্ন-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে সরকার তামাশা করছে: দৈনিক কালের কণ্ঠ
- সম্পদের তথ্য গোপনের মামলা স্থগিতে মওদুদের আবেদন খারিজ-দৈনিক যুগান্তর
- ফায়ার ম্যান সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক-দৈনিক ইত্তেফাক
- ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের ৭ দিনের রিমান্ড-দৈনিক মানবজমিন
- আমরা তো খারাপ পরিবেশবাদী : সৈয়দ আবুল মকসুদ: দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- গাঁধীর হত্যাকারীদের থেকে দেশপ্রেম শিখব না, মোদী-বিজেপিকে আক্রমণ মমতার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- অবশেষে ইস্তাহার প্রকশ করল বিজেপি, ইস্যু সেই রামমন্দির-দৈনিক সংবাদ প্রতিদিন
- দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক গুজব ছড়াচ্ছে পাকিস্তান, হামলার আশঙ্কা নিয়ে মন্তব্য ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (২৩ মার্চ)
১. নির্বাচনী দ্বন্দ্বের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বৃদ্ধের গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার খবর দিয়েছে দৈনিক প্রথম আলো। খবরটিকে আপনি কীভাবে দেখছেন?
২. ইরাক থেকে মার্কিন সেনা দ্রুত বের করে দেয়ার জন্য ইরাকের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার এই আহ্বানের মূল কারণ কী?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
ফেনীর সেই মাদ্রাসাছাত্রীর অবস্থা সংকটাপন্ন-দৈনিক প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ফেনীর সোনাগাজীর নির্যাতনের শিকার সেই মাদ্রাসাছাত্রীর (১৮) অবস্থা খুবই সংকটাপন্ন। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজ সোমবার প্রথম আলোকে এ কথা জানান। অধ্যাপক আবুল কালাম বলেছেন, ‘মেয়েটির অবস্থা ভালো না। তাঁর ফুসফুস ঠিকভাবে কাজ করছে না। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে।’গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে মেয়েটিকে ছাদে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের অনুগত কয়েকজন শিক্ষার্থী। গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ছাত্রীটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই দিনই গুরুতর আহত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে সরকার তামাশা করছে: দৈনিক কালের কণ্ঠ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাহেবের বক্তব্য বিপরীতধর্মী। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই অবৈধ প্রধানমন্ত্রী চাচ্ছেন দেশনেত্রীকে হয় দুনিয়া থেকে না হয় রাজনীতি থেকে সরিয়ে দিতে। গত কয়েকদিন ধরে সরকারদলীয় লোকদের মিডিয়া এবং মন্ত্রী ও তাদের নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে বেগম খালেদা জিয়ার প্যারোল নিয়ে তাদের ঘুম হারাম হয়ে গেছে।
তিনি বলেন, দেশনেত্রীকে সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছরের বেশি সময় বন্দি করে রাখা হয়েছে। জামিন পাওয়া তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। যে মিথ্যা মামলায় দেশনেত্রীকে জোর করে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় অন্যান্য ব্যক্তিরা সবাই জামিনে রয়েছেন। আদালতের ওপর প্রভাব খাটিয়ে শুধু দেশনেত্রীকে জামিন দেওয়া হচ্ছে না।
সম্পদের তথ্য গোপনের মামলা স্থগিতে মওদুদের আবেদন খারিজ-দৈনিক যুগান্তর
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। ফলে নিম্ন (বিচারিক) আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আজ ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। প্রসঙ্গত জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় গেল বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ফায়ার ম্যান সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক-দৈনিক ইত্তেফাক
ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আজ সকালে তিনি মারা যান।
ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের ৭ দিনের রিমান্ড-দৈনিক মানবজমিন-দৈনিক মানবজমিন
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ডের আবেদন ওপর এ আদেশ দেন।
এর আগে, গত ১১ই মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আসামিদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত।
আমরা তো খারাপ পরিবেশবাদী : সৈয়দ আবুল মকসুদ: দৈনিক নয়াদিগন্ত
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, পরিবেশ রক্ষার কথা বললেই সরকার মনে করে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। তিনি যশোর-বেনাপোল সড়ক মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করে অবিলম্বে এখানে রাস্তার পাশের শতবর্ষী গাছ রক্ষায় সরকারের কাছে বিনীত অনুরোধ জানান। আবুল মকসুদ বলেন, আমরা তো খারাপ পরিবেশবাদী। তাই উচ্চ পর্যায়ে পরিবেশবাদীদের পরামর্শ নিয়ে যশোর-বেনাপোল সড়কের গাছগুলো রক্ষা করুন। তিনি বলেন, যশোর-বেনাপোল সড়কের গাছ রেখেই উন্নয়ন সম্ভব।
আজ সোমবার বাপা ও যশোর-বেনাপোল সড়ক উন্নয়ন ও গাছ রক্ষা সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘যশোর-বেনাপোল সড়ক উন্নয়ন ও গাছ সংরক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও হাইকোর্টের রায় বাস্তবায়নের’ দাবিতে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপা যশোর জেলা শাখা ও আহ্বায়ক যশোর-বেনাপোল সড়ক উন্নয়ন ও গাছ রক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক মনি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
গাঁধীর হত্যাকারীদের থেকে দেশপ্রেম শিখব না, মোদী-বিজেপিকে আক্রমণ মমতার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
তাঁর কাছ থেকে জবাব চাওয়া সাজে না বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মমতা।
গতকাল কোচবিহারের রাসমেলার মাঠে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সেখানে পাল্টা সভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী। তাঁর হয়ে এ দিন প্রচারে যান মমতা। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। সাধারণ মানুষকে সভায় আসতে বাধা দেওয়া হয়েছিল বলে গতকাল অভিযোগ তুলেছিলেন মোদী। জবাবে এ দিন তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, রাজ্য সরকারই মোদীকে সভা করার জায়গা করে দিয়েছিল। তা সত্ত্বেও মিথ্যা অভিযোগ তুলছেন নরেন্দ্র মোদী। ‘অকৃতজ্ঞে’র মতো কথা বলছেন।
অবশেষে ইস্তাহার প্রকশ করল বিজেপি, ইস্যু সেই রামমন্দির-দৈনিক সংবাদ প্রতিদিন কংগ্রেসকে টেক্কা দেওয়ার সমস্ত রাস্তা খোলা রেখে ২০১৯ লোকসভা নির্বাচনে দলীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ রাহুল গান্ধীদের মতোই কৃষকবান্ধব ইমেজ ফিরে পেতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হল ইস্তেহারে৷ সোমবার দিল্লিতে বিজেপির ইস্তাহার প্রকাশ করে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিলেন, ২০২২-এর মধ্যে ৭৫টি ‘সংকল্প' পূরণ করবেন৷
২০২২এ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি৷ সেকথা মাথায় রেখেই ৭৫টি প্রতিশ্রুতি ধরা হল ইস্তেহারে৷ সবচেয়ে নজর কাড়ল কৃষকদের প্রতি একগাদা প্রতিশ্রুতি৷ সুদ ছাড়া কৃষিঋণ, কৃষক সম্মান নিধি-সহ একাধিক সুবিধা প্রদান করা হবে বলে ইস্তেহারে উল্লেখ রয়েছে৷ এমনকী কৃষকদের জন্য আলাদা মন্ত্রক খোলার কথাও বলা হয়েছে৷ ২০১৪-র মতো এবারও বিজেপির নির্বাচনী ইস্তাহারে ফের রাম মন্দির তৈরির কথা বলা হয়েছে৷
দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক গুজব ছড়াচ্ছে পাকিস্তান, হামলার আশঙ্কা নিয়ে মন্তব্য ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিন
দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক চিন্তা করছে পাকিস্তান। ভারতের হামলা সম্পর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে এই বার্তাই দেওয়া হল ভারতের তরফে। পাশাপাশি এই ধরনের মন্তব্য করে তিনি এশিয়ার এই অঞ্চলে যুদ্ধকালীন উত্তেজনা তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করা হয়। সম্প্রতি মুলতানে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারত সামরিক আক্রমণ চালাতে পারে বলে দাবি করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাম মেহমুদ কুরেশি। তিনি বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি যে ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে পাকিস্তানে হামলা ছক কষছে ভারত। বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যও জানে। তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার। পাকিস্তানের বিদেশমন্ত্রীর বক্তব্যকে গুজব ছড়ানোর চেষ্টা বলেও অভিযোগ করেন। তাঁর কথায়, “এই অঞ্চলে যুদ্ধকালীন উত্তেজনা তৈরি করার জন্য দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক মন্তব্য করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।#
পার্সটুডে/বাবুল আখতার/৮