অক্টোবর ১২, ২০২০ ১৩:৩৩ Asia/Dhaka
  • কথাবার্তা: ধর্ষকদের শাস্তির দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভ

প্রিয় পাঠক/শ্রোতা! ১১ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সোনবাহিনী গঠনের কার্যক্রম গ্রহণ করেছি- প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই-ওবায়দুল কাদের-দৈনিক কালের কণ্ঠ
  • করোনাকালে পুনরুদ্ধারের পথে অর্থনীতি-প্রথম আলো
  • মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ঢাকায় রাখাইনদের মানববন্ধন-দৈনিক সমকালনিত্যপণ্যের দাম আকাশচুম্বি, নাভিশ্বাস ক্রেতাদের-মানবজমিন
  • দৈনিক যুগান্তরের শিরোনাম- নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটে জিম্মি

ভারতের শিরোনাম:

  • সরকার ফেলার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি,বেনজির অভিযোগ জগনমোহনের-আনন্দবাজার পত্রিকা
  • সহজেই মিটবে জমি বিবাদ! এবার আধারের ধাঁচে সম্পত্তি কার্ড, চালু করল মোদি সরকার-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

ধর্ষকদের শাস্তির দাবিতে আজও বিক্ষোভে শিক্ষার্থীরা-দৈনিক মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে,দেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ধর্ষকদের ফাঁসিসহ সাত দফা দাবিতে আজ রোববার সকাল থেকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। এদিকে দুপুরে মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীরা শাপলা চত্বরের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে।এদিকে রাজধানীর বাইরেও কয়েকটি জেলায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পটুয়াখালীর বাউফল প্রতিনিধি জানান, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় এখন থেকেই মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।-দৈনিক ইত্তেফাক ও মানবজমিনসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, তার সরকার একবিংশ শতাব্দীর ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে একটি সময়োপযোগী আধুনিক, প্রযুক্তিগতভাবে সুসজ্জিত এবং জ্ঞাননির্ভর বাহিনীতে রুপান্তর করতে কাজ করে যাচ্ছে। আজ সকালে প্রধানমন্ত্রী একথা বলেন।

মির্জা ফখরুলের বাসায় হামলা সরকারি পৃষ্ঠপোষকতায়: রিজভী –দৈনিক যুগান্তর

সরকারি পৃষ্ঠপোষকতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘গতকাল শনিবার বিকালে উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করে।’তিনি বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলতে চাই- মির্জা ফখরুলের বাসায় হামলার ঘটনার পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা রয়েছে।’

অর্থনীতির খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম-করোনাকাল-পুনরুদ্ধারের পথে অর্থনীতি। এ খবরে লেখা হয়েছে, সামষ্টিক অর্থনীতির বেশ কিছু সূচজ ভালো হচ্ছে। অবিশ্বাস্য অর্জন প্রবাসী আয়ে। রপ্তানি আদেশ পাচ্ছে পোশাক খাত। খুলেছ কলকারখান। উৎপাদনে গতি বেড়েছে।

এদিকে বিভিন্ন খাতের ব্যবসায় ক্রেতার আস্থা ফিরছে, পণ্য বিক্রিও বাড়ছে বলে দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে। এ খবরে লেখা হয়েছে, করোনাভাইরাস দেশের ব্যবসায় যে মন্দাভাব এনেছিল তা কেটে যাওয়ার পথে। দোকানে ক্রেতা বাড়ছে, বিক্রিও বাড়ছে। ফলে দুশ্চিন্তা কাটছে বড় করপোরেট থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীদের।

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ঢাকায় রাখাইনদের মানববন্ধন-দৈনিক সমকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আরাকানে জাতিগত রাখাইনদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর কৃর্তৃক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার প্রতিবাদে ঢাকায় মানবন্ধন করেছে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ।বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাসকারী রাখাইন সম্প্রদায়ের জনগণ এই মানববন্ধনে অংশ নেয়। সংগঠনটির আহবায়ক ক্যাঞিঙ শাহবাগে আজকের সমাবেশে বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী সুকৌশলে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রামে ঢুকে নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন ও গুলিবর্ষণসহ বসতবাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্বেও কোনো আইনের তোয়াক্কা না করে মানবতাবিরোধী হত্যাযজ্ঞ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে।

বিসিএসে উত্তীর্ণ হয়েও স্বপ্নভঙ্গ মেধাবীদের-৩২ থেকে ৩৯তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাননি ৫০৯ জন-দৈনিক ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, অসংখ্য মেধাবী তরুণ। গত ৩২তম বিসিএস থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত ৫০৯ জন মেধাবী তরুণের স্বপ্নভঙ্গ হয়েছে। শুধু নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণে আজ বিসিএস তাদের কাছে দুঃস্বপ্ন। অথচ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষার ধাপে উত্তীর্ণ হয়ে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইত্তেফাককে বলেন, নেতিবাচক প্রতিবেদনের জন্য কেউ কেউ বাদ পড়ছেন। তবে আগে যারা নিয়োগ পাননি তাদের প্রতিবেদনগুলো ভিন্ন ভিন্ন সংস্থা দিয়ে তদন্ত করছি। আশা করছি কারোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ না পাওয়া গেলে অবশ্যই নিয়োগ দেওয়া হবে

 ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সরকার ফেলার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি,বেনজির অভিযোগ জগনমোহনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রধান বিচারপতি এসএ বোবডের কাছে নালিশ জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তাঁর আরও অভিযোগ ‘প্রধান বিচারপতির দৌড়ে থাকা’ ওই বিচারপতি তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করছেন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কয়েক জন বিচারপতিও ওই ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ করেছেন জগন।

সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে এহেন অভিযোগ এর আগে শেষবার কবে শোনা গিয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। বস্তুত এমন নজিরবিহীন অভিযোগ তুলে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন জগনমোহন।

ঋণ করুন আর ঘি খান, শীর্ষ ব্যাঙ্কের এমনটা চাওয়ার কারণ কী-দৈনিক আনন্দবাজার

আর চিন্তা নেই। শীর্ষ ব্যাঙ্ক চাইছে আপনি ঋণ করুন, আর ঘি খান আপনার নতুন বাড়িতে বসে। এখন আর ব্যাঙ্ক আপনাকে বলবে না যে, আপনার বাড়ির দাম যখন এই তখন আপনাকে আমরা এর বেশি টাকা ধার দিতে পারব না! তবে যত টাকা ধার নেবেন তার উপর কিন্তু সুদের হার নির্ভর করবে। কারণ, আপনি যত টাকা ধার নেবেন ব্যাঙ্কের সেই টাকা ফেরত পাওয়ার ঝুঁকি ততই বাড়বে! আর ততই কিন্তু সুদ আর সেই কারণে আপনার ইএমআই চড়া হতে থাকবে।

ধর্ষণ নিয়ে দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম এরকম-প্রেমিকে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ জামশেদপুরে! অভিযুক্তের মধ্যে রয়েছে- নাবালকও।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।