'সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক'
https://parstoday.ir/bn/news/bangladesh-i100238-'সীমান্তে_হত্যা_বাংলাদেশের_জন্য_দুঃখজনক_ও_ভারতের_জন্য_লজ্জাজনক'
‘ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে লোক মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।’
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ২০, ২০২১ ১৯:০১ Asia/Dhaka
  • 'সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক'

‘ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে লোক মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।’

আজ শনিবার দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন মন্তব্য করেন।

এ সময় রোহিঙ্গা সংকট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশ এক বাক্যে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সে‌ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে। ইতিমধ্যে রেজল্যুশনও পাস হয়েছে। আমরা যেটা এত দিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম। আমরা বিশ্বাস করি, এতে রোহিঙ্গাদের দেশে ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে। এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও তারা কথা রাখেনি।’

ড. মোমেন বলেন, ‘আশা করা যায় আগামীতে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নিবে। কারণ মিয়ানমার কখনো বলে নাই যে, তারা তাদের নাগরিকদের ফেরত নিবে না।’

তিনি বলেন, ‘তারা আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে যে তারা তাদের লোকদের নিয়ে যাবে এবং তারা যাতে স্বেচ্ছায় যায় সেজন্য পরিবেশ সৃষ্টি করবে। আমরা আশা করি আগামীতে তারা তাদের কথা রাখবে।’

রোহিঙ্গাদের ফিরে যাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘একবার যাওয়া শুরু হলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ১৯৯২ সালের দিকে ২ লাখ ৫৩ হাজার আসে ছিল, যখন যাওয়া শুরু হয় তখন অল্প কিছু দিনের মধ্যে ২ লাখ ৩৬ হাজার চলে গেল। যখন শুরু হয় যাওয়ার তখন বেশ ভালো যাওয়া হয়। তাই আমরা আশায় আছি একবার যাওয়া শুরু হলে আস্তে আস্তে যাবে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।