প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য: ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i101230-প্রধানমন্ত্রীকে_নিয়ে_অশালীন_বক্তব্য_ক্ষমা_চাইলেন_বিএনপি_নেতা_আলাল
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি এই বক্তব্য প্রত্যাহারও করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২১ ০৯:৪১ Asia/Dhaka
  • সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
    সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি এই বক্তব্য প্রত্যাহারও করেছেন।

আজ (মঙ্গলবার) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমে আলালের বক্তব্যটি পাঠান। কিডনির জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আলাল।

গত ১ ডিসেম্বর এক ভিডিও সাক্ষাৎকারে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী, মানহানিকর অশ্লীল মন্তব্য করেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ ছাড়া তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন।এসব বিষয় নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগে বাধ্য হন।

মুরাদের বক্তব্য কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাঁকে শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলতে শোনা যায়। এ নিয়েও তীব্র সমালোচনা হয়। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘মুরাদ যা বলেছেন, তার চেয়ে ঘৃণ্য ও জঘন্য ভাষায় কথা বলেছেন আলাল। তবু বিএনপি তাঁকে সমর্থন করেছে। এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের (বিএনপির) পার্থক্য।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল বক্তব্য প্রদান করায় মোয়াজ্জেম হোসেন আলালকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে ধরে নেব, এটা বিএনপির দলীয় বক্তব্য। সেক্ষেত্রে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আশা করছি, বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।

এর আগে  আলালের ‘কটূক্তিপূর্ণ বক্তব্য’ ইন্টারনেট থেকে অপসারণের ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসিকে এ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দেশের কয়েকটি স্থানে আলালের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ।

এ অবস্থায় আজ আলালের বক্তব্যটি এল। আলাল নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবনসংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’

আলাল বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই।’

বিএনপি নেতা আলাল বলেন, ‘কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যাঁরা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাঁদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি। একই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক, আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।