ঢাকায় কাশ্মীর সংহতি দিবসের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i103392-ঢাকায়_কাশ্মীর_সংহতি_দিবসের_সমাবেশ_পুলিশের_বাধায়_পণ্ড
কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের সমর্থনে এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের দাবিতে আজ পালিত হচ্ছে কাশ্মীর সংহতি দিবস।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১৩:৩৮ Asia/Dhaka

কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের সমর্থনে এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের দাবিতে আজ পালিত হচ্ছে কাশ্মীর সংহতি দিবস।

বর্তমানে কাশ্মীরের জনগণ তাদের সাংবিধানিক বিশেষ অধিকার সম্বলিত ৩৭০ ধারা থেকে বঞ্চিত হয়ে ভারত সরকার দ্বারা বৈষম্য ও নির্যাতনের শিকার। এ কারণে  কাশ্মীরের জনগণ তাদের অধিকার ফিরে পাবার প্রশ্নে আরো বেশি করে বিশ্ববাসীর সমর্থন আহ্বান করে আসছে।

এ উপলক্ষে আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত একটি সংহতি সমাবেশ পুলিশ ভণ্ডুল করে দিয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন নাগরিক পরিষদের নেতারা।

কাশ্মীর সংহতি দিবসে তাদের দাবির কথা উল্লেখ করে আধিপত্য প্রতিরোধ আন্দোলন- এর সদস্য সচিব মুহাম্মদ শামসুদ্দিন রেডিও তেহরানকে বলেন, কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এবং কাশ্মীরিদের মতামতের ভিত্তিতে সমস্যার সমাধান হতে হবে। জাতিসংঘ প্রস্তাবিত গণভোট অনুষ্টান না হওয়া পর্যন্ত কাশ্মীরীদের জন্য সংবিধানের ৩৭০ ধারা পুনর্বহাল রাখতে হবে এবং সেখান থেকে ভারতের সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।

আধিপত্য প্রতিরোধ আন্দোলনের এ নেতা আর দাবি করেছেন, কাশ্মীরে ব্যাপকহারে মানবাধিকার লংঘনের দায়ে ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বে কালোতালিকভুক্ত করতে হবে।

কাশ্মীরের নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার হবার জন্য বাংলাদেশের সরকার এবং  জনগণসহ বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকাত আমিন।

কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে অবস্থানরত কাশ্মীরিরা, এক মিনিটের নিরবতা, সমাবেশ, মানববন্ধন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।