মাঠে প্রতিযোগিতা কমিশন: তেলের দাম কমবে কিনা ব্রাজিল বলতে পারবে-বাণিজ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i105198-মাঠে_প্রতিযোগিতা_কমিশন_তেলের_দাম_কমবে_কিনা_ব্রাজিল_বলতে_পারবে_বাণিজ্যমন্ত্রী
ভোজ্যতেলের বাজার মুল্য নিয়ে কারসাজি খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। অনুসন্ধান কাজ পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি কমিশনে প্রতিবেদন জমা দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৪, ২০২২ ১৪:০০ Asia/Dhaka
  • ভোজ্য তেলের দাম নিয়ে কারসাজি
    ভোজ্য তেলের দাম নিয়ে কারসাজি

ভোজ্যতেলের বাজার মুল্য নিয়ে কারসাজি খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। অনুসন্ধান কাজ পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি কমিশনে প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাজার প্রতিযোগিতাকে উৎসাহ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বিচারিক সংস্থা। বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিযোগিতা আইন পাসের মাধ্যমে ২০১২ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।

আজ সোমবার (১৪ মার্চ) প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো.মফিজুল ইসলাম গণমাধ্যমকে জানান,  আমদানিকারক থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীদের তথ্য নেওয়া হবে। মূলত ভোজ্যতেলের দাম বৃদ্ধির নেপথ্যে কারা জড়িত তাদের বিষয়ে তদন্ত কমিটি তথ্য সংগ্রহ করবে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী

এদিকে, আজ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রয়োজনের বেশি ভোজ্য তেল না কিনতে সবার প্রতি অনুরোধ করেন। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যার পাঁচ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। রমজানের জন্য সবাই একসঙ্গে কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না।

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে। তা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। এখন দামটা কেমন হবে সেটি কথা হতে পরে। অনেকে পণ্য মজুদ করে রাখছে, যা বড় সমস্যা। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দেওয়ার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য। কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করবেই। তেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কিনা ব্রাজিল বলতে পারবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৪