রমজানে বাজার পরিস্থিতি
দুর্ভিক্ষ ধেয়ে আসছে-বিএনপি, বাজার পরিস্থিতি পরিদর্শনে বাণিজ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ
রমজানের প্রথম দিন রাজধানির পাইকারি বাজার কাওরান বাজার মুল্য পরিস্থিতি পর্যবেক্ষণে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ‘উৎসবের সময় বিশ্বের সব দেশে জিনিসপত্রের দাম কমে। অথচ আমাদের এখানে দাম বাড়ানো হয়। আল্লাহ আমাদের মাফ করবেন না।’
এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বানিজ্যমন্ত্রীর সংগে ছিলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ‘বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে এসেছি। খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে। ঢাকায় বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ রংপুরে ১৫ টাকা কেজি। আমরা ভোররাতে ট্রাক বাজারে আসার সময় মনিটরিং বাড়াতে চাই। এতে দামের পার্থক্য বোঝা যাবে।’ চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোথাও যদি চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে আমার নম্বরটি নিন। কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে আমাকে জানান, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে: বিএনপি
ওদিকে, বিএনপি দাবী করেছে দেশে সরব দুর্ভিক্ষ চলছে। আরো ভয়ঙ্কর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ছুটছে।
তিনি দাবি করেন, বিনাভোটের প্রধানমন্ত্রী যখন আমোদ-ফুর্তিতে ব্যস্ত, তখন অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছেন মা; সেচের পানির না পেয়ে আত্মহত্যা করছেন কৃষক। এর আগে সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির আন্দোলন, অনশন করা শোভা পায় না। পত্রপত্রিকা ও রেকর্ড থেকে প্রমাণ দিয়ে বলতে পারি,তাদের শাসনামলে দেশে প্রতিবছর মঙ্গা হয়েছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন মানুষ না খেয়ে থেকেছে। অন্যদিকে গত ১৩ বছরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য এসব কথা বলেন।
রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রমের উদ্বোধন
এদিকে, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে শ ম রেজাউল করিম বলেন, ‘বাজারমূল্য স্থিতিশীল রাখা আমাদের লক্ষ্য। এ জন্য ১ থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ১০টি স্থানে আমাদের এই বিক্রয় কার্যক্রম চালু থাকবে। প্রয়োজন হলে আমরা বিক্রয় কার্যক্রম বৃদ্ধি করব। পণ্যে যাতে ভেজাল না থাকে, পণ্য যাতে মেয়াদোত্তীর্ণ না হয়, পণ্য যাতে অস্বাস্থ্যকর ও জীবাণুযুক্ত না হয়, সে জন্য পোলট্রি ও ডেইরি অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। শ ম রেজাউল করিম বলেন, ‘আমরা ছাড়া কেউ এত কম মূল্যে এসব পণ্য বিক্রির পদক্ষেপ নেয়নি।’##
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।